ফুডপ্যান্ডার ‘গ্র্যান্ড ইফতার টেকঅ্যাওয়ে ফেস্ট’

বনানীতে ভোজনরসিকদের জন্য মাসব্যাপী ঐতিহ্যবাহী ইফতার আয়োজন

ক্রেতাদের আনাগোনায় জমে উঠেছে বনানীর ডিএনসিসি ফুড কোর্টে আয়োজিত ফুডপ্যান্ডার ‘গ্র্যান্ড ইফতার টেকঅ্যাওয়ে ফেস্ট’ প্রাঙ্গণ।
ছবি: বিজ্ঞপ্তি

ব্যতিক্রমী ইফতার আয়োজনের জন্য কয়েক বছর ধরে জনপ্রিয় হয়ে উঠেছে রাজধানীর বনানী। বনানী-গুলশানসংলগ্ন এলাকার মানুষেরা ইফতার আয়োজনকে আড়ম্বর করতে এখানে ছুটে আসেন বিভিন্ন রেস্তোরাঁর নামীদামি সব খাবারের খোঁজে। খাবার ও নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহকারী অনলাইন প্ল্যাটফর্ম ফুডপ্যান্ডার ‘গ্র্যান্ড ইফতার টেকঅ্যাওয়ে ফেস্ট’ নামের উৎসব এবার বনানীর ইফতার আয়োজনে যোগ করেছে ভিন্ন মাত্রা।

প্রতিষ্ঠানটি ইফতারের জন্য ঢাকায় পরিচিত হয়ে ওঠা হালিম, জিলাপি বা কাবাবের মতো বিখ্যাত সব খাবারের সমাহার নিয়ে এসেছে এক ছাদের নিচে। ভোজনরসিকদের রসনাতৃপ্তি মেটাতে এ উৎসবে যুক্ত হয়েছে ঢাকার ঐতিহ্যবাহী ও বিখ্যাত সব রেস্তোরাঁ।

ব্যস্ত সময় পার করছেন এক বিক্রয়কর্মী

বনানীর ডিএনসিসি ফুড কোর্টে ফুডপ্যান্ডা আয়োজিত এ উৎসবে অংশগ্রহণকারী রেস্তোরাঁগুলো থেকে ইফতারের জন্য ভেন্যু থেকে নিজেদের পছন্দের খাবার পিকআপ করা কিংবা বাসায় বসে ডেলিভারি নেওয়ার সুযোগ পাচ্ছেন ক্রেতারা। ইফতারের আয়োজনটি চলছে প্রতিদিন বেলা দুইটা থেকে রাত নয়টা পর্যন্ত। একই সময়ে ফুডপান্ডা অ্যাপেও সচল থাকে এ আয়োজনের সুইমলাইন। উৎসবটি চলবে ১৭ এপ্রিল পর্যন্ত।

বাংলাদেশে ইফতারের যে নিজস্ব কৃষ্টি আর সংস্কৃতি তৈরি হয়েছে, তাতে থাকে সবার অংশগ্রহণ। বন্ধু আর পরিবার-পরিজন সবাইকে একত্র করে এক সূত্রে গাঁথে ইফতার। তাই, সবাই চায় ইফতারের আয়োজনটা হোক বর্ণাঢ্য। ফলে ইফতারের টেবিলে শোভা পায় ঐতিহ্য আর খ্যাতির মিশেলে হরেক পদের সুস্বাদু খাবার।

বনানীর এ আয়োজনে অংশ নিয়েছে নবাবী হালিমের জন্য বিখ্যাত ডিসেন্ট পেস্ট্রি শপ। প্রতিষ্ঠানটির এক বিক্রয়কর্মী জানান, পবিত্র রমজান মাসেই তাঁরা তাঁদের বিখ্যাত হালিম বিক্রি করেন। নবাবী হালিম ছাড়াও ডিসেন্টের স্টলে মিলছে কাশ্মীরি শরবত, দইবড়া, চিকেন সমুচা, বিভিন্ন রকম পরোটা, চিকেন দম বিরিয়ানিসহ হরেক স্বাদের খাবার। ৩০ থেকে ৪০০ টাকার মধ্যে প্রতিটি ইফতারসামগ্রী মিলছে এখানে।

গুলশান নিকেতন থেকে প্রতিবছর ইফতারসামগ্রী কিনতে আসেন ইভান সাদিক। জয়পুর সুইটসের জিলাপি আর বুন্দিয়া কিনতে আসা এই পেশাজীবী বলেন, ‘এক জায়গায় ঢাকার বিখ্যাত সব খাবার পেয়ে ভালো লাগছে। এখানে মিষ্টিজাতীয় খাবার কিনছি। ডিসেন্টের নবাবী হালিমের অনেক নাম শুনেছি। সেটাও কিনলাম। আয়োজনটা যেমন গোছানো, তেমনি পরিচ্ছন্নও। তাই ঘুরতেও ভালো লাগছে।’

জয়পুর সুইটসের স্টলে ৪০ থেকে ৪০০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে জিলাপি, বুন্দিয়া, দই, বিফ ও মাটন হালিম, বিবিকিউ চিকেন উইংস, পটেটো চপ ইত্যাদি।

মূলত কাবাব আর বারবিকিউয়ের জন্য বিখ্যাত ধানমন্ডির বারবিকিউ টুনাইট (অরিজিনাল)। এ উৎসবে ঐতিহ্যবাহী দইবড়া থেকে শুরু করে চিকেন সমুচা, চিকেন স্প্রিং রোল, রেশমি জিলাপি, শাহী জিলাপি, ছোলা বুট, হালিম, চিকেন বটি কাবাব, চিকেন টিক্কা, চিকেন ও মাটন কারাহি, বিফ লাহোরি, কাশ্মীরি ফালুদা বিক্রি করছে খ্যাতনামা রেস্তোরাঁটি। খাবারগুলো কিনতে পাওয়া যাচ্ছে ৬০ থেকে ৮৫০ টাকার মধ্যে।

কাচ্চির জন্য দেশজুড়ে নাম কুড়িয়েছে সুলতান’স ডাইন। রেস্তোরাঁটির জনপ্রিয় কাচ্চি ছাড়াও এখানে মিলছে কাবাব ও বোরহানি। ভারতীয় রেস্তোরাঁ তার্কাও অংশ নিয়েছে এ উৎসবে। হালিম, দইবড়া, তান্দুরি চিকেন, নার্গিসি কোফতা, টিক্কা, শাহী টুকরা, বুন্দিয়া, কাবাব আর জিলাপি বিক্রি করছে প্রতিষ্ঠানটি।

কয়েকজন রাইডারকে দেখা গেল খাবার সংগ্রহ করতে। তাঁরা জানালেন, অনলাইনে বনানী-গুলশান এবং এর আশেপাশের জায়গা থেকে প্রচুর অর্ডার আসছে। তাঁরা ৩০ মিনিটের মধ্যে ক্রেতার দোরগোড়ায় খাবার পৌঁছে দিতে সাধ্যমতো চেষ্টা করছেন।

ঘিয়েভাজা জিলাপি, কাবাব, বিরিয়ানি, খিচুড়ি, পরোটা, হালিম, সমুচা, শিঙাড়া পাওয়া যাচ্ছে ট্রাই স্টেট ইটারিতে। এসব খাবারের দাম সর্বোচ্চ ৭০০ টাকা পর্যন্ত। ঢাকার পুরোনো ও ঐতিহ্যবাহী খাবার বিক্রি করে ঢাকা মেট্রো। লুচি, আলুর দম, মোগলাই পরোটা, বিফ কারি, ঢালা খিচুড়ি, কলিজা শিঙাড়া, চিকেন সমুচা ও জিলাপি পাওয়া যাচ্ছে রেস্তোরাঁটিতে। সর্বোচ্চ ৪৫০ টাকার মধ্যে এসব খাবার কিনতে পারছেন ক্রেতারা।

ঢাকার মহাখালী থেকে ইফতারের জন্য খাবার কিনতে এসেছিলেন বেসরকারি চাকরিজীবী সৈয়দা জান্নাত। তিনি বলেন, ‘ইফতারে নানান পদের খাবার আমাদের বাসার সবাই পছন্দ করে। কিন্তু এত ধরন আর স্বাদের খাবার বাসায় তৈরি করা সম্ভব হয় না, তাই এখানে আসা।’