ডেঙ্গু মশা
ডেঙ্গু মশা

ডেঙ্গুতে জুনে আরও একজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১১৩

দেশে ডেঙ্গুতে জুন মাসে দ্বিতীয় মৃত্যুর ঘটনা ঘটল। আজ মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় এই মৃত্যুর ঘটনা ঘটল। এই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১১৩ জন।

আজ স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তি বিশ্লেষণ করে এসব তথ্য জানা গেছে। শেষ ২৪ ঘণ্টায় মারা যাওয়া ডেঙ্গু রোগী তরুণী। তিনি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাভুক্ত একটি হাসপাতালে মারা যান। এর আগে ১ জুনের সংবাদ বিজ্ঞপ্তিতে একজনের মৃত্যুর তথ্য জানানো হয়েছিল। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে ৭ জনের মৃত্যু হলো।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া মোট রোগীর সংখ্যা ৪ হাজার ৪১২। এর মধ্যে চলতি মাসে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ২১৫ জন। আর হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪ হাজার ১৩৭ জন।

বিভাগভিত্তিক তথ্য বিশ্লেষণে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে সর্বোচ্চ ৩১ জন রয়েছেন খুলনা বিভাগের হাসপাতালগুলোতে। এ ছাড়া বরিশাল বিভাগে ২৭, চট্টগ্রাম বিভাগে ১৮, ঢাকা মহানগরের বাইরে ১৬, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ১৪, উত্তর সিটি করপোরেশন এলাকায় ২, সিলেটে বিভাগে ৩ ও ময়মনসিংহ বিভাগে ২ জন রয়েছেন।

ঐতিহ্যগতভাবে বাংলাদেশে ডেঙ্গুর প্রকোপ সবচেয়ে বেশি দেখা যায় বর্ষা মৌসুমে—বিশেষ করে জুলাই থেকে অক্টোবর পর্যন্ত। বৃষ্টির পানিতে জমে থাকা ছোট ছোট জলাধার এডিস মশার প্রজননের জন্য আদর্শ পরিবেশ তৈরি করে। তবে সাম্প্রতিক বছরগুলোতে জলবায়ু পরিবর্তন, অস্বাভাবিক আবহাওয়া, দীর্ঘ উষ্ণ সময়কাল ও দ্রুত নগরায়ণের কারণে ডেঙ্গুর মৌসুমি ধারা বদলে যাচ্ছে। এখন সংক্রমণ আগেভাগে শুরু হয় এবং দীর্ঘ সময় ধরে চলতে থাকে।