ঘূর্ণিঝড় মোখার কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কলেজগুলোতে আগামী রোববারের (১৪ মে) সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। সেদিনের পরীক্ষার পরিবর্তিত সময়সূচি পরে জানিয়ে দেওয়া হবে। শুক্রবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে ঘূর্ণিঝড় মোখার কারণে পাঁচটি শিক্ষা বোর্ডের এসএসসি ও সমমানের রোববারের পরীক্ষা স্থগিত করা হয়। শিক্ষা বোর্ডগুলো হলো চট্টগ্রাম, বরিশাল ও কুমিল্লা এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড। তবে অন্য শিক্ষা বোর্ডের পরীক্ষা হবে।
অতি প্রবল ঘূর্ণিঝড় মোখা এগিয়ে আসছে। এ কারণে কক্সবাজার এবং চট্টগ্রাম ও পায়রা সমুদ্রবন্দরে ৮ নম্বর মহাবিপৎসংকেত দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। উপকূলীয় জেলা কক্সবাজার, চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, বরিশাল, ভোলা, পটুয়াখালী, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা এবং তাদের কাছের দ্বীপ ও চরগুলো ৮ নম্বর মহাবিপৎসংকেতের আওতায় থাকবে। তবে মোংলা সমুদ্রবন্দরে আগের দেওয়া ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত বহাল আছে।