
অস্ট্রেলিয়ার সিডনিতে মৃত্যুর দুই মাসের বেশি সময় পর দাফন করা হয়েছে প্রবাসী এক বাংলাদেশির লাশ। গত মাসে মেট্রাভিলে সরকারের দেওয়া এক বাসায় আহসান উল্লাহ (৬৫) নামে ওই ব্যক্তির লাশ পাওয়া গিয়েছিল। তাঁকে মৃত অবস্থায় উদ্ধার করার কয়েক মাসে আগেই তিনি মারা গিয়েছিলেন বলে ধারণা পুলিশের।
মৃত্যুর পর প্রবাসী ওই বাংলাদেশির কোনো নিকটাত্মীয়ের সন্ধান না পাওয়ায় এত দিন লাশটি অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস পুলিশের তত্ত্বাবধানে মর্গে রাখা ছিল। এ নিয়ে ২০ ফেব্রুয়ারি প্রথম আলোতে ‘সিডনিতে এক মাসেও প্রবাসী বাংলাদেশিকে দাফন করা যায়নি’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।
স্থানীয় সময় শুক্রবার বাদ জুমা সিডনির লাকেম্বা মসজিদে আহসান উল্লাহর জানাজা শেষে সিডনির কেম্পস ক্রিক কবরস্থানে তাঁকে সমাহিত করা হয়। শেষ পর্যন্ত তাঁর পরিবারের কোনো সদস্য কিংবা বন্ধু-স্বজনের খোঁজ মেলেনি। গত ১৫ জানুয়ারি প্রবাসী বাংলাদেশি মো. ওহিদুল ইসলাম সোহেল তাঁর সঙ্গে দেখা করতে তাঁর বাড়িতে গেলে কোনো খোঁজ না পেয়ে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছিলেন। এরপর পুলিশ সেই বাড়ি থেকে আহসান উল্লাহর মরদেহ উদ্ধার করে।
সোহেল বলেন, ‘পুলিশ আমাদের খুবই সাহায্য করেছে। তাঁর (মৃত আহসান উল্লাহ) পরিবারের সদস্যের খোঁজ না পাওয়ায় এখানকার মুসলিম কমিউনিটির কাছে মরদেহ হস্তান্তর এবং দাফন করার অনুমতি দেয় স্থানীয় কর্তৃপক্ষ। তবে তাঁর মৃত্যুর কারণ বা তিনি কবে মারা যান, এ বিষয়ে স্পষ্ট কোনো তথ্য দেওয়া হয়নি।’
আহসান উল্লাহর মৃত্যুর ঘটনার তদন্ত প্রসঙ্গে সিডনির মারুব্রা থানার তদন্ত পুলিশ কর্মকর্তা অলিভিয়া ইসা বলেন, ‘এক মাসের বেশি সময় আগে তাঁর (আহসান উল্লাহ) মৃত্যু হয়। ইন্টারপোলের মাধ্যমে তাঁর তথ্য খোঁজার চেষ্টা চলছে। বাংলাদেশ হাইকমিশনেও জানানো হয়েছে। কিন্তু তাঁর পরিবারের কাউকে পাওয়া যায়নি।’
আহসান উল্লাহর বাড়ি নোয়াখালীর কোম্পানীগঞ্জে হতে পারে বলে ধারণা সোহেলের। যোগাযোগ করা হলে কোম্পানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ শাহাব উদ্দিন এবং পৌরসভা মেয়র আবদুল কাদের মির্জা বলেন, তাঁদের কাছে আহসান উল্লাহ নামে কোনো ব্যক্তির নিখোঁজ বা অস্ট্রেলিয়ায় বসবাসের কোনো তথ্য নেই।