
সড়ক বিভাজকের গাছ কাটায় একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। এ ছাড়া ওই প্রকল্পে সংশ্লিষ্ট করপোরেশনের দুজন উপসহকারী প্রকৌশলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় এ নিয়ে ঢাকা উত্তর সিটির সচিব মামুন-উল-হাসানের স্বাক্ষরিত তিনটি পৃথক অফিস আদেশ জারি হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা উত্তর সিটির জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন।
ডিএনসিসির পক্ষ থেকে জানানো হয়, রাজধানীর মিরপুরের টেকনিক্যাল ক্রসিংয়ে সড়ক বিভাজক নির্মাণের সময় গাছ কাটা হয়েছে। এ কারণে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স এস এম রহমান ইন্টারন্যাশনালকে আগামী এক বছরের জন্য কালো তালিকাভুক্ত করা হয়। এ ছাড়া দায়িত্বে অবহেলা ও কর্তৃপক্ষের আদেশ অমান্য করায় সংশ্লিষ্ট কাজে দায়িত্বপ্রাপ্ত ডিএনসিসির দুজন উপসহকারী প্রকৌশলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ওই দুজন উপসহকারী প্রকৌশলী হচ্ছেন মো. সুরুজ্জামান ও সুজা উদ্দিন।
প্রকল্পের কাজ করতে গিয়ে গত সোমবার রাত আড়াইটার দিকে ঠিকাদারি প্রতিষ্ঠান একটি প্রাপ্তবয়স্ক গাছ কাটে। এতে সিটি করপোরেশন থেকে কোনো অনুমতি নেওয়া হয়নি।
গত ৮ মে ডিএনসিসির মেয়রস কাপের ভলিবল বিভাগের উদ্বোধনী অনুষ্ঠানে কেউ গাছ কাটলে তাঁর হাত কেটে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন মেয়র আতিকুল ইসলাম। মেয়রের এমন হুঁশিয়ারি বার্তার পরও গত সপ্তাহে মিরপুরের টেকনিক্যাল এলাকায় সড়ক বিভাজকের গাছ কাটা নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমেও মেয়র আতিকুল ইসলামকে নিয়ে আলোচনা-সমালোচনা করেছিলেন অনেকে।
ঢাকা উত্তর সিটির জনসংযোগ বিভাগ থেকে জানানো হয়, কার্যাদেশের অনুমতি পেয়ে গাছ কেটে ঠিকাদার কাজের শর্ত ভেঙেছেন। আগামী এক বছর মেসার্স এস এম রহমান ইন্টারন্যাশনাল ঢাকা উত্তর সিটির কোনো দরপত্রপ্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে না। এ ছাড়া ওই ঠিকাদারি প্রতিষ্ঠানের ওই প্রকল্পের কার্যাদেশ বাতিলের সিদ্ধান্ত হয়েছে।
উল্লেখ্য, ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার ট্রাফিক অবকাঠামো উন্নয়নসহ সড়ক নিরাপত্তা শীর্ষক প্রকল্পের আওতায় মিরপুরের টেকনিক্যাল ক্রসিংয়ে (প্রধান সড়ক) একটি নতুন পদচারী–সেতুর নির্মাণকাজ চলছে। পাশাপাশি টেকনিক্যাল এলাকার তিন দিকে সড়ক বিভাজকের নির্মাণকাজও চলমান।