চট্টগ্রামে পাহাড় কাটার সময় ধসের ঘটনায় কাউন্সিলর জহুরুলের শাস্তি দাবি

পাহাড় কেটে পরিবেশ ধ্বংস করা ও পাহাড় ধসে প্রাণহানির প্রতিবাদে এবং স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর জহিরুল আলম জসিমের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি, স্থানীয় লোকজনসহ বিভিন্ন সংগঠন। আজ দুপুর ১২টায় চট্টগ্রাম নগরের পরিবেশ অধিদপ্তরের সামনে
ছবি: জুয়েল শীল

চট্টগ্রামে পাহাড় কাটা ও ভূমিদস্যুতার অভিযোগে নগরীর উত্তর পাহাড়তলী ওয়ার্ডের কাউন্সিলর জহুরুল আলমকে (জসিম) গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন আকবরশাহ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী আলতাফ। জহুরুল আলমকে কাউন্সিলরের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার দাবিও জানান তিনি। আজ রোববার দুপুরে আয়োজিত এক মানববন্ধন ও সমাবেশে দেওয়া বক্তব্যে কাজী আলতাফ এসব দাবি জানান।

দুপুর ১২টার দিকে আকবরশাহ থানার জাকির হোসেন সড়কের কাট্টলী ভূমি অফিসের সামনে মাদক সন্ত্রাস প্রতিরোধ ও পরিবেশ সুরক্ষা আন্দোলন, আকবরশাহ ব্যানারে মানববন্ধন ও সমাবেশটি অনুষ্ঠিত হয়।

এর আগে বেলা ১১টা থেকে একই এলাকার পরিবেশ অধিদপ্তর কার্যালয়ের সামনে পাল্টা কর্মসূচি পালন করেন কাউন্সিলর জহুরুল আলমের অনুসারী নারী-পুরুষেরা। সেখানে অভিযোগ করা হয়, একটি পক্ষ উত্তর পাহাড়তলী ওয়ার্ডে ব্যাপক উন্নয়নের বিরোধিতা করছে।

উল্লেখ্য, গত শুক্রবার ওয়ার্ডের বেলতলীঘোনা এলাকায় পাহাড় কেটে সড়ক নির্মাণের সময় পাহাড়ধসে এক শ্রমিক মারা যান। এ ঘটনার প্রতিবাদে ও বিচার দাবি করে পরিবেশ অধিদপ্তরের সামনে মাদক সন্ত্রাস প্রতিরোধ ও পরিবেশ সুরক্ষা আন্দোলন, আকবরশাহর ব্যানারে মানববন্ধন ও সমাবেশের আয়োজন করা হয়। একই স্থানে বেলা ১১টায় সচেতন নাগরিক সমাজের ব্যানারেও মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। সে কর্মসূচিতে অংশ নেন উত্তর পাহাড়তলী ওয়ার্ডের কাউন্সিলর জহুরুল আলম জসিম।

পরে মাদক সন্ত্রাস প্রতিরোধ ও পরিবেশ সুরক্ষা আন্দোলনের নেতারা স্থান পরিবর্তন করে দুপুর ১২টায় পরিবেশ অধিদপ্তরের পাশে ভূমি অফিসের সামনে গিয়ে মানববন্ধন ও সমাবেশ করেন। এতে সভাপতিত্ব করেন ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক সরোয়ার মোরশেদ। প্রধান বক্তা ছিলেন সুরক্ষা আন্দোলনের আহ্বায়ক ও আওয়ামী লীগ নেতা কাজী আলতাফ।

কাজী আলতাফ বলেন, ‘জসিমের বিরুদ্ধে ভূমিদস্যুতার অভিযোগ রয়েছে। পাহাড় কাটার সঙ্গে তিনি জড়িত। একজন জনপ্রতিনিধির এমন কর্মকাণ্ডে আমরা লজ্জিত। তাঁকে অব্যাহতি দেওয়ার জন্য মেয়রের কাছে আমরা দাবি জানাই।’

কাজী আলতাফ আরও বলেন, কিছু নিরীহ নারী-পুরুষকে জোরপূর্বক ও টাকাপয়সা দিয়ে জসিম পাল্টা কর্মসূচিতে দাঁড় করিয়ে দিয়েছেন। কিন্তু জনরোষ উপেক্ষা করা যাবে না।

ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক এরশাদ মামুন বলেন, এলাকায় মাদকের বিস্তারের পেছনে জসিম ও তাঁর অনুসারীরা জড়িত।

দুই পক্ষের এই কর্মসূচিকে কেন্দ্র করে ওই এলাকায় পুলিশ অবস্থান নেয়। কাউন্সিলরের পক্ষে অনুষ্ঠিত কর্মসূচিতে তাঁর অনুসারী জাহাঙ্গীর কবির, মো. ফারুক, মো. সেলিম উপস্থিত ছিলেন।

বেলা পৌনে একটার দিকে কাউন্সিলরের অনুসারীরা সমাবেশ শেষ করে চলে যান।
পরে পরিবেশ সুরক্ষা আন্দোলনের নেতা–কর্মীরা পরিবেশ অধিদপ্তরের পরিচালক বরাবর স্মারকলিপি দেন।