
চট্টগ্রামে নিখোঁজ হওয়ার আট ঘণ্টা পর ছয় বছর বয়সী এক শিশুর লাশ উদ্ধার হয়েছে। বৃহস্পতিবার রাত ১০টার দিকে নগরের খুলশী থানার কুসুমবাগ এলাকায় নিমার্ণাধীন একটি ভবন থেকে বর্ষা আক্তার নামের ওই শিশুর মরদেহ উদ্ধার করে পুলিশ।
পরিবারের সদস্যরা জানান, বৃহস্পতিবার দুপুরে বাসার সামনে খেলতে বের হয় বর্ষা। বিকেল থেকে তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে তাঁর সন্ধান চেয়ে মাইকিং করা হয়। কিন্তু শিশুটিকে কোথাও পাওয়া যায়নি।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা প্রথম আলোকে বলেন, বাসার পাশে নির্মাণাধীন একটি ভবনের লিফট থেকে বর্ষার লাশ উদ্ধার করা হয়েছে।তবে তাঁর শরীরে আঘাতের চিহ্ন নেই। ক্লোজড সার্কিট (সিসিটিভি) ক্যামেরায় শিশুটিকে খেলাধুলা করতে দেখা যায়। কিন্তু ওই ভবনে সে কীভাবে গেছে তা ক্যামেরায় দেখা যায়নি।
ওসি সন্তোষ কুমার আরও বলেন, শিশুটি কীভাবে মারা গেছে তা তদন্ত করা হচ্ছে। লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। সুরতহাল প্রতিবেদন পেলের মৃত্যুর কারণ জানা যাবে। এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য এক নিরাপত্তাকর্মীকে আটক করা হয়েছে।
এদিকে শিশুটির বাবা মোহাম্মদ আসলাম সাংবাদিকদের বলেন, কীভাবে মেয়ের মৃত্যু হলো তা বুঝতে পারছেন না তিনি।