পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র
পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

রূপপুরের বিদ্যুতের দাম কত দাঁড়াবে, মানুষের খরচ কমবে কি

চূড়ান্ত হওয়ার পথে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রতি ইউনিট বিদ্যুতের দাম। প্রতি ইউনিট পাঁচ থেকে ছয় টাকায় পাওয়ার প্রত্যাশা থাকলেও এত সস্তায় বিদ্যুৎ পাওয়ার সম্ভাবনা কম। বিদ্যুৎকেন্দ্রটির হিসাবে ইউনিটপ্রতি খরচ এখন ১০ টাকার মতো। বিশেষজ্ঞরা বলছেন, সরকারের নীতি সহায়তায় খরচ কমানোর সুযোগ আছে।

দেশের সব বিদ্যুৎকেন্দ্র থেকে চুক্তি অনুসারে বিদ্যুৎ কিনে নেয় বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ থেকে শিগগিরই বিদ্যুৎ সরবরাহ শুরু হওয়ার কথা। ইতিমধ্যে এক দফায় পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে। বাণিজ্যিক উৎপাদন শুরুর আগেই রূপপুর বিদ্যুৎকেন্দ্রের সঙ্গে বিদ্যুৎ ক্রয়ের চুক্তি করবে পিডিবি। দাম নির্ধারণে চূড়ান্ত আলোচনা চলছে।

দেশের ইতিহাসে সবচেয়ে বড় একক প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। বিদ্যুৎকেন্দ্র প্রকল্পটি বাস্তবায়ন করছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতাধীন পরমাণু শক্তি কমিশন। কমিশনের অধীন পরিচালনার কাজটি করছে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড (এনপিসিবিএল) নামের সরকারি কোম্পানি। রূপপুরে ১ হাজার ২০০ মেগাওয়াটের দুটি ইউনিট নির্মাণ করছে রাশিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠান অ্যাটমস্ট্রয়এক্সপোর্ট।

রূপপুর বিদ্যুৎকেন্দ্রের পক্ষ থেকে ইতিমধ্যে প্রতি ইউনিট বিদ্যুৎ উৎপাদনের একটি খরচ বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনে জমা দেওয়া হয়েছে। এনপিসিবিএল সূত্র বলছে, একটি বিদ্যুৎকেন্দ্রের মোট আয়ুষ্কালে সব ধরনের খরচকে সম্ভাব্য মোট উৎপাদিত বিদ্যুৎ দিয়ে ভাগ করে প্রতি ইউনিটের গড় খরচ হিসাব করা হয়। তবে বিভিন্ন উপাদানের ওপর এটি বাড়তে বা কমতে পারে। তাই আলাদা আলাদা হিসাব করে প্রস্তাবটি তৈরি করা হয়েছে। এখন সরকারের নীতি সিদ্ধান্তের ওপর নির্ভর করবে। আগামী সপ্তাহে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে একটি নীতিগত সভা হওয়ার কথা রয়েছে।

রূপপুর বিদ্যুৎকেন্দ্রের খরচ হিসাব করতে ১৭ ধরনের তথ্য চেয়ে গত বছরের নভেম্বরে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনকে একটি চিঠি দিয়েছে পিডিবি। সূত্র বলছে, অধিকাংশ তথ্য দিলেও কিছু তথ্য দিতে পারেনি রূপপুর। রূপপুর বিদ্যুৎকেন্দ্রের কর্মকর্তারা বলছেন, প্রয়োজনীয় সব তথ্য দেওয়া হয়েছে। ডিকমিশনিং খরচ (কেন্দ্রটি মেয়াদ শেষে স্থায়ী বন্ধ করা) এখন বলার সুযোগ নেই। ব্যবহৃত জ্বালানিবর্জ্য অপসারণে এখনো বাণিজ্যিক চুক্তি হয়নি। তাই এসব খরচ এখন বলা যাচ্ছে না। তবে আন্তর্জাতিক মান ধরে আনুমানিক একটি খরচ হিসাব করা হয়েছে। বিদ্যুৎকেন্দ্রের খরচ যেহেতু বৈদেশিক মুদ্রায়, তাই দামও ডলারে ধরা হয়েছে। প্রতি ইউনিট ৮ সেন্টের কিছু বেশি, যা ১০ টাকার মতো।

পিডিবির চেয়ারম্যান মো. রেজাউল করিম প্রথম আলোকে বলেন, রূপপুর থেকে সব তথ্য পাওয়া যায়নি, কিছু এখনো বাকি আছে। বিদ্যুৎকেন্দ্রটির মেয়াদ ৬০ বছর ধরে খরচ হিসাব করতে বলা হয়েছে, তারা শুরুতে ৫০ বছর ধরে করতে চেয়েছিল। ৬০ বছর ধরায় ইউনিটপ্রতি খরচ কমবে। খরচ যত কমানো যায়—পিডিবির সেটিই চিন্তা।

বাড়তি দাম কেন

ভারতের রাষ্ট্রায়ত্ত সংস্থা নিউক্লিয়ার পাওয়ার করপোরেশন অব ইন্ডিয়া লিমিটেডের ২০২৪-২৫ অর্থবছরের বার্ষিক প্রতিবেদন বলছে, ভারতে মোট চারটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র আছে। ১৯৬৯ সালে প্রথম চালু হওয়া মহারাষ্ট্রের তারাপুর কেন্দ্রটির প্রতি ইউনিট বিদ্যুতের দাম ২ দশমিক ৭৩ রুপি। আর সর্বশেষ ২০১৭ সালে উৎপাদনে আসা তামিলনাড়ুর কুদানকুলাম কেন্দ্রে প্রতি ইউনিটের দাম ৩ দশমিক ৮৮ রুপি। সব কয়টি মিলে গড়ে প্রতি ইউনিটের দাম হয় ৩ দশমিক ৮৩ রুপি। করসহ প্রতি ইউনিট পারমাণবিক বিদ্যুৎ গড়ে বিক্রি করা হয়েছে ৩ দশমিক ৯০ রুপিতে। যা বাংলাদেশি মুদ্রায় সাড়ে ৫ টাকার মতো।

বিশেষজ্ঞরা বলছেন, ভারত বাণিজ্যিক অর্থায়নের মাধ্যমে বিদ্যুৎকেন্দ্র করেছে; আর বাংলাদেশ সরকারি পর্যায়ে বিনিয়োগ করেছে। তাই ভারতের চেয়ে বেশি হওয়ার কোনো কারণ নেই।

দেশে কয়লা থেকে বিদ্যুৎ উৎপাদনের খরচ প্রতি ইউনিট গড়ে ১১ টাকা। যদিও মাতারবাড়ী কয়লা বিদ্যুৎকেন্দ্রে খরচ হয় ৮ টাকা ৪৫ পয়সা। গ্যাসচালিত কেন্দ্রে খরচ হয় ৭ টাকা; আর তেলচালিত কেন্দ্রে খরচ হয়ে ২২ টাকার বেশি। পিডিবির প্রতি ইউনিট বিদ্যুৎ উৎপাদন করতে গড়ে খরচ হয় ১১ টাকার বেশি। পাইকারি পর্যায়ে প্রতি ইউনিট বিদ্যুৎ ৮ টাকা ১৮ পয়সায় বিক্রি করে পিডিবি। প্রতিবছর তাদের লোকসান বাড়ছে। তাই পারমাণবিক বিদ্যুৎ কিনে লোকসান আরও বাড়াতে চায় না সংস্থাটি।

রূপপুর বিদ্যুৎকেন্দ্রের দায়িত্বশীল এক কর্মকর্তা বলেন, ২০১৫ সালে চুক্তির সময় ইউনিটপ্রতি খরচ পাঁচ থেকে ছয় টাকা হিসাব করা হয়েছিল। গত ১১ বছরে ডলারের দাম বেড়েছে প্রায় ৮০ শতাংশ। শুধু এ হিসাবেই খরচ বেড়ে ৯ টাকা হওয়ার কথা। অভিজ্ঞতা না থাকায় উৎপাদন সক্ষমতার হার (প্ল্যান্ট ফ্যাক্টর) কিছুটা কমিয়ে দেখানো হয়েছে। এতে খরচ কিছুটা বেড়েছে। এর বাইরে বিদ্যুৎকেন্দ্রগুলোর সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সংস্থার মুনাফা হিসাব করার কথা বলছে কেউ কেউ। একই সঙ্গে পারমাণবিক দুর্ঘটনার ঝুঁকিবিমা করার চিন্তা করা হচ্ছে। এসব হলে খরচ আরও বেড়ে যাবে।

এনপিসিবিএলের কর্মকর্তারা দাবি করছেন, ভারতের সঙ্গে তুলনা করার সুযোগ নেই। তারা উৎপাদনে এসেছে ২০১৭ সালে। আন্তর্জাতিক পারমাণবিক সংস্থার নির্দেশনা মেনেই দাম নির্ধারণ করা হবে। এর চেয়ে সামান্য এদিক-ওদিক হতে পারে, খুব বেশি হওয়ার সুযোগ নেই। অনেক দেশেই বাংলাদেশের চেয়ে বেশি খরচ হচ্ছে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনে।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, বিদ্যুতের ট্যারিফ নির্ধারণে বেশ কিছু প্যারামিটার এখনো চূড়ান্ত করা যায়নি। বিদ্যুৎকেন্দ্র পরিচালনার সঙ্গে জড়িত কিছু চুক্তি এখনো বাকি, খরচ নিশ্চিত নয়। এর একটি আন্তর্জাতিক কাঠামো আছে। সেটি মেনেই কাজ চলছে। পিডিবি, এনপিসিবিএল ও পরমাণু শক্তি কমিশন আলোচনা করছে। দাম চূড়ান্ত করতে আরও সময় লাগবে।

দাম কমানোর উপায় আছে

২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত ছিল রূপপুর প্রকল্পের মেয়াদ। দুই দফায় মেয়াদ বাড়িয়ে ২০২৮ সালের জুন পর্যন্ত করা হয়েছে। ঠিকাদারের সঙ্গে চুক্তি অনুসারে মেয়াদ বাড়লেও প্রকল্পের খরচ বাড়ানোর সুযোগ নেই; কিন্তু ডলারের দাম বাড়ায় ২৬ হাজার কোটি টাকা খরচ বেড়েছে প্রকল্পের। ১ লাখ ৩৮ হাজার ৬৮৬ কোটি টাকা খরচ হবে রূপপুর বিদ্যুৎকেন্দ্র নির্মাণে।

পারমাণবিক বিদ্যুৎ–বিশেষজ্ঞরা বলছেন, পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ক্ষেত্রে মূলধনি খরচ হলো প্রায় ৭০ শতাংশ, যা শুরুতেই ব্যয় হয়; আর বাকি ৩০ শতাংশ দিয়ে কেন্দ্রটি পরিচালিত হয়। তাই মূলত তিনটি বিষয়ের ওপর প্রতি ইউনিট বিদ্যুৎ উৎপাদনের মূল খরচ নির্ভর করে। মোট আয়ুষ্কাল, প্ল্যান্ট ফ্যাক্টর (সক্ষমতার তুলনায় উৎপাদন হার) ও ডিসকাউন্ট রেট (ভবিষ্যতে প্রকল্প থেকে যে আয়-ব্যয় হবে, তার বর্তমান মূল্য ধরার হার)। রূপপুরের ক্ষেত্রে ৬০ বছরের সঙ্গে ২০ বছর বাড়িয়ে ৮০ বছর ধরার সুযোগ আছে। আন্তর্জাতিকভাবে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্ল্যান্ট ফ্যাক্টর ৯২ শতাংশ ধরা হয়, রূপপুরেও সেটি ধরার সুযোগ আছে; আর ডিসকাউন্ট সাধারণত ৫ থেকে ৬ শতাংশ ধরা হয়। তবে বাংলাদেশে অন্যান্য প্রকল্পের ক্ষেত্রে ধরা হয় ১২ শতাংশ। রূপপুরের ক্ষেত্রে ৬ থেকে ১২ শতাংশ ধরে আলাদা হিসাব দেওয়া হয়েছে। এটি ৫ থেকে ৬ শতাংশ ধরা যায়।

দুজন বিশেষজ্ঞ বলেন, আয়ুষ্কাল, প্ল্যান্ট ফ্যাক্টরসহ সব ঠিক থাকার পরও যদি ডিসকাউন্ট রেট ৫ শতাংশের পরিবর্তে ১২ শতাংশ ধরা হয়; তাতে প্রতি ইউনিট খরচ বেড়ে যেতে পারে চার টাকার বেশি।

রূপপুর বিদ্যুৎকেন্দ্র সূত্র বলছে, পরিচ্ছন্ন, দীর্ঘমেয়াদি ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের উৎস হিসেবে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের আলাদা স্বীকৃতি আছে। তাই দাম নিয়ন্ত্রণে রাখার জন্য এ ক্ষেত্রে সরকারকে ছাড় দিতে হয়। সরকারের নিজস্ব নীতি নিতে হয়। না হলে পিডিবি ও এনপিসিবিএল এটি সমাধান করতে পারবে না। দাম নির্ধারণের মূল তিন সূচকের ক্ষেত্রে সরকার সিদ্ধান্ত নিতে পারলেই খরচ কমে যাবে। দামটা সহনীয় মাত্রায় রাখতে হবে।

রূপপুরে ঋণ দিয়েছে রাশিয়া। ঋণ পরিশোধের সময় ২০ বছর। এতে শুরুতে কোম্পানির খরচ বেড়ে যাবে। দামও বেশি রাখতে হবে। তাহলে এরপর কী হবে? খরচ তো কমে আসবে। তবে সরকার চাইলে ঋণ পরিশোধে কোম্পানিকে ৪০ বা ৬০ বছরের সুযোগ দিতে পারে। সে ক্ষেত্রে প্রথম ২০ বছর রাশিয়াকে ঋণ পরিশোধের ক্ষেত্রে সরকার ভর্তুকি দিয়ে যাবে। এতে করে প্রতি ইউনিটের দাম কমে যাবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক শফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, পরিচালন, রক্ষণাবেক্ষণ, বর্জ্য অপসারণ ও বিদ্যুৎকেন্দ্র পুরোপুরি বন্ধ করার খরচ আন্তর্জাতিক মান ধরে হিসাব করা যেতে পারে। বিশেষজ্ঞ দিয়ে সব খরচ বিশ্লেষণ করা দরকার। ডলারের কারণে কিছুটা খরচ বেড়েছে। সব মিলে রূপপুরের ক্ষেত্রে প্রতি ইউনিটে খরচ হতে পারে বড়জোর আট টাকা। তবে সরকার সহায়তা দিলে এটি ছয় থেকে সাত টাকার মধ্যে রাখা সম্ভব।