
সাভারে বোমা উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার মোহাম্মদ আরিফ ওরফে ইমরানকে জিজ্ঞাসাবাদের জন্য ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তাজুল ইসলাম এই আদেশ দেন।
পুলিশের প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) বাহাজ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তদন্ত কর্মকর্তা আসামিকে হাজির করে রিমান্ড আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।
পুলিশ সূত্র জানায়, গত মঙ্গলবার দুপুরে সাভারের হেমায়েতপুর থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন নব্য জেএমবির সদস্য মোহাম্মদ আরিফকে গ্রেপ্তার করা হয়। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, ওই দিন রাতে সাভারের দক্ষিণ শ্যামপুর এলাকায় তিনতলা একটি বাড়িতে অভিযান চালিয়ে ১১টি পাইপবোমাসহ (আইইডি) বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে সাভার থানায় আরিফসহ ছয়জনের নাম উল্লেখ করে মামলা করে পুলিশ।
আসামি আরিফকে আজ আদালতে হাজির করে ১০ দিনের পুলিশ রিমান্ড চেয়ে আবেদন করেন তদন্ত কর্মকর্তা সাভার মডেল থানার পরিদর্শক নুর মোহাম্মদ। তদন্ত কর্মকর্তা রিমান্ড আবেদনে বলেন, আসামিরা পরস্পর যোগসাজশে রাষ্ট্রবিরোধী ও সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার উদ্দেশ্যে এবং দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির জন্য ওই স্থানে মিলিত হয়েছিল। পলাতক অন্যান্য আসামিদের গ্রেপ্তার, জঙ্গি সংগঠনের অর্থদাতা ও পরামর্শদাতা ও নির্দেশদাতাদের শনাক্ত করার জন্য আসামিকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডের প্রয়োজন। পরে শুনানি শেষে আদালত ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন।