মোস্তফা কে. মুজেরী
মোস্তফা কে. মুজেরী

অভিমত

শাস্তি দিতে হবে, যাতে সবার শিক্ষা হয়

বাংলাদেশের কয়েকটি ব্যাংক থেকে এস আলম গ্রুপ বড় অঙ্কের অর্থ যে নিয়ে গেছে, সেটা প্রমাণিত। দেশি-বিদেশি নিরীক্ষায় তা উঠে এসেছে। এভাবে টাকা বের করে পাচার করার জন্য তাদের শাস্তি পেতেই হবে। তারা এখন চাইলে পুরো টাকা ফেরত দিতে পারে। তবে তাদের কারণে কয়েকটি ব্যাংক প্রায় ধ্বংসের দ্বারপ্রাপ্তে। আমানতকারীরা টাকার জন্য পথে পথে ঘুরছেন। এ জন্য তাদের ক্ষতিপূরণ দিতে হবে।

তারা যেহেতু টাকা ফেরত দিচ্ছে না, তাই তাদের সব সম্পত্তি বাজেয়াপ্ত করে টাকা আদায়ের উদ্যোগ নিতে হবে। ব্যাংক লুটেরা ও অর্থ পাচারকারীদের বিরুদ্ধে নতুন সরকারের অবস্থান কী, সেটা পরিষ্কার করতে হবে। তাদের ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নেই। আবার প্রচলিত আইনে তাদের খুব বেশি কিছু করা যাবে না। বছরের পর বছর মামলা চলতে থাকবে। এ জন্য প্রয়োজনে আইন পরিবর্তন করে দ্রুত বিচার আইনে মামলার উদ্যোগ নেওয়া।

যদি তারা টাকা ফেরত দিতে চায়, তাহলে গ্রহণযোগ্য সময় দেওয়া যেতে পারে। এরপরও বিদ্যমান আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। অন্তর্বর্তী সরকারের মেয়াদে এসব অপরাধী চিহ্নিত হলেও সে সময় তেমন কঠোর ব্যবস্থা নিতে দেখা যায়নি। বর্তমান সরকারকে সেই ব্যবস্থা নিয়ে জনগণের কাছে একটা বার্তা দিতে হবে। না হলে মানুষের মধ্যে খারাপ ধারণা তৈরি হবে।

আইন ভঙ্গ করে ব্যাংক থেকে টাকা নিয়েছে ও পাচার করেছে, তার বিচার অবশ্যই হতে হবে। এমন শাস্তি দিতে হবে, যাতে সবার জন্য একটা শিক্ষা হয়।

  • মোস্তফা কে মুজেরী, সাবেক প্রধান অর্থনীতিবিদ, বাংলাদেশ ব্যাংক