চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আম্বার আইটি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা আমিনুল হাকিম (বাঁ থেকে দ্বিতীয়), চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনিসহ (বাঁ থেকে তৃতীয়) অন্য কর্মকর্তারা
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আম্বার আইটি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা আমিনুল হাকিম (বাঁ থেকে দ্বিতীয়), চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনিসহ (বাঁ থেকে তৃতীয়) অন্য কর্মকর্তারা

চুক্তি সই

চরকি দেখবেন আম্বার আইটির গ্রাহকেরা

দেশের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম চরকি ও ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান আম্বার আইটির মধ্যে চুক্তি সই হয়েছে। এ চুক্তির আওতায় আম্বার আইটি সারা দেশে তাদের গ্রাহকদের ইন্টারনেট-সেবার পাশাপাশি চরকির সাবস্ক্রিপশনও দেবে।

সম্প্রতি আম্বার আইটির প্রধান কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষরিত হয়। এ সময় উপস্থিত ছিলেন আম্বার আইটি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা আমিনুল হাকিম, এ বি এম মনিরুজ্জামান (জিএম-অপারেশন), মাহমুদুল হাসান (ব্যবস্থাপক-সাপোর্ট), চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি ও ফয়সাল রহমান (মার্কেটিং অ্যান্ড গ্রোথ লিড)।

এ বিষয়ে আম্বার আইটির প্রধান নির্বাহী কর্মকর্তা আমিনুল হাকিম বলেন, ‘চরকি এখন বাংলাদেশের সবচেয়ে আলোচিত ও জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম। সাধারণ দর্শককে নানা রকম কনটেন্ট নিয়ে বিনোদন দিচ্ছে। চরকির সঙ্গে এমন চুক্তি আম্বার আইটির গ্রাহকদের ভবিষ্যতে আরও বিনোদন দেবে বলে আমার বিশ্বাস।’

চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি বলেন, এমন একটা উদ্যোগ নেওয়ার জন্য আম্বার আইটিকে ধন্যবাদ। পাইরেসির বিরুদ্ধে এটা একটা শক্ত পদক্ষেপ। যাঁরা ইন্টারনেট প্রোভাইডার আছেন, তাঁরা দর্শকদের লিগ্যাল মাধ্যমে কনটেন্ট দেখার জন্য উদ্বুদ্ধ করছেন, এটা খুবই প্রশংসনীয়।

আম্বার আইটির নেটওয়ার্ক দেশের সব জেলা-উপজেলায় বিস্তৃত। প্রত্যন্ত অঞ্চলেও ডেটা ও ইন্টারনেট-সেবা দেওয়ার পাশাপাশি নানা রকম আইটি সেবা দিচ্ছে প্রতিষ্ঠানটি। এক দেশ এক রেট নীতিতে সেবা দিয়ে তারা সরকারের ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে সহায়তা করে আসছে।

আর চরকি বাংলা কনটেন্টের (ফিল্ম-সিরিজ) রাজধানী হওয়ার স্বপ্ন নিয়ে ২০২১ সালের ১২ জুলাই যাত্রা শুরু করে। লোকাল ফিল্ম-সিরিজ গ্লোবালি দর্শকদের কাছে পৌঁছে দিতে নিরলস কাজ করছে চরকি। বর্তমানে ১৯৮টি দেশ থেকে ৩১টির বেশি বৈদেশিক মুদ্রায় চরকি অ্যাকাউন্ট নিয়ে পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে কনটেন্ট উপভোগ করছেন দর্শকেরা। দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে অবদান রাখার পাশাপাশি চরকি বাংলা ভাষার দর্শকদের অন্যতম বিনোদনের মাধ্যম।