নন্দিনী-২-তে বিস্ফোরণ

পাম্প নাকি সিগারেটের আগুন থেকে অগ্নিকাণ্ড

জাহাজের কর্মীরা বলছেন, পাম্প চালুর পর বিস্ফোরণ। ফায়ার সার্ভিস বলছে, সিগারেট থেকে অগ্নিকাণ্ড।

জাহাজ সাগর নন্দিনী-২ থেকে তেল অপসারণের সময় দ্বিতীয়বারের মতো বিস্ফোরণে ছড়িয়ে পড়া আগুন প্রায় ১০ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। গতকাল সকালে
ছবি: প্রথম আলো

ঝালকাঠির সুগন্ধা নদীতে দুর্ঘটনাকবলিত জাহাজে দ্বিতীয়বারের মতো বিস্ফোরণে ছড়িয়ে পড়া আগুন প্রায় ১১ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। গত সোমবার সন্ধ্যা থেকে রাতভর চেষ্টার পর গতকাল মঙ্গলবার ভোর সাড়ে পাঁচটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

তবে এই অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে ভিন্ন ভিন্ন তথ্য দিচ্ছে দুটি পক্ষ। জাহাজের কর্মীরা বলছেন, তেল অপসারণের সময় সাবমার্সিবল পাম্প চালু করতেই বিস্ফোরণের ঘটনা ঘটে। এরপরই আগুন ধরে যায়। আর ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হয়েছে, সিগারেটের আগুন থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে।

প্রায় দুই সপ্তাহ আগে তেলবাহী সাগর নন্দিনী-২ জাহাজটি চট্টগ্রাম থেকে এসে ঝালকাঠির সুগন্ধা নদীর তেলের ডিপো-সংলগ্ন এলাকায় নোঙর করে। জাহাজটিতে প্রায় ১১ লাখ লিটার জ্বালানি তেল (পেট্রল ও ডিজেল) ছিল। এটি রাষ্ট্রীয় মালিকানাধীন পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের ডিপোয় তেল খালাস করার অপেক্ষায় ছিল। পবিত্র ঈদুল আজহার ছুটিতে ডিপো বন্ধ থাকায় তেল খালাস করা যায়নি। এরপর গত শনিবার বেলা দুইটার দিকে নন্দিনী-২-এর ইঞ্জিনরুমে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে চারজন মারা যান এবং চারজন দগ্ধ হন। দগ্ধ চারজনকে ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

বিস্ফোরণের পর গত রোববার নন্দিনী-২ থেকে ওটি মৃদুলা জাহাজে তেল অপসারণ করা হয়। এরপর গত সোমবার নন্দিনী-২ থেকে সাগর নন্দিনী-৪ জাহাজে তেল অপসারণের কাজ শুরু হয়। এতে বিস্ফোরণ ঘটে। আহত হন ৯ পুলিশ সদস্যসহ ১৪ জন। এর মধ্যে অগ্নিদগ্ধ পুলিশ সদস্য শওকত (৩৫) ও তেলের জাহাজের কর্মচারী মো. শরিফকে (৪০) ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

চিকিৎসকদের বরাত দিয়ে ঝালকাঠি পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক বলেন, শওকতের শরীরের ৬ শতাংশ ও শরিফের শরীরের প্রায় ৮ শতাংশ পুড়ে গেছে। এ ছাড়া আরেক পুলিশ সদস্য দ্বীপও (৩২) দগ্ধ হয়েছিলেন। অবস্থান উন্নতি হওয়ায় তাঁকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঝালকাঠি সদর হাসপাতালে নেওয়া হয়েছে। এ ছাড়া আহত বাকিরা ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসাধীন।

১১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে

সোমবার অগ্নিকাণ্ডের পরপরই ঝালকাঠি ফায়ার সার্ভিস কাজ শুরু করে। এরপর খুলনা, বরিশাল, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী থেকেও অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ইউনিট আনা হয়। সেখানে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করে। আগুন নিয়ন্ত্রণে আসার পর গতকাল সকাল নয়টায় ঝালকাঠি শহরের পৌর মিনি পার্ক এলাকায় সংবাদ সম্মেলন করেন ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লে. কর্নেল তাজুল ইসলাম চৌধুরী। তিনি বলেন, ‘ঝালকাঠির ফায়ার সার্ভিসের পর্যাপ্ত ফোম না থাকায় এ ধরনের আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লেগেছে।’

নন্দিনী-২ জাহাজে বিস্ফোরণের ঘটনায় বিস্ফোরক অধিদপ্তরের মহাপরিচালককে প্রধান করে আন্তমন্ত্রণালয়ের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ ছাড়া জেলা প্রশাসন এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পক্ষ থেকেও দুটি আলাদা তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বিস্ফোরণে ভিন্ন ভিন্ন বক্তব্য

জাহাজে দ্বিতীয়বার আগুন লাগার কারণ নিয়ে পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া গেছে। এ ঘটনায় আহত প্রত্যক্ষদর্শী ও দুর্ঘটনাকবলিত জাহাজের পাশে থাকা সাগর নন্দিনী-৪ লঞ্চের বাবুর্চি মো. কাইয়ুম বলেন, দুর্ঘটনাকবলিত জাহাজ থেকে সাগর নন্দিনী-৪ জাহাজে তেল অপসারণের সময় সাবমার্সিবল পাম্প চালু করতেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আর এতেই দুবার বিস্ফোরণ হয়। কাইয়ুম ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসাধীন।

অন্যদিকে ফায়ার সার্ভিস ঝালকাঠির স্টেশন কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বলেন, দ্বিতীয়বারের মতো জাহাজে বিস্ফোরণের সময় সাগর নন্দিনী-২ থেকে তেল অপসারণের কাজ বন্ধ ছিল। তাই সাবমার্সিবল পাম্প থেকে আগুন লাগার কোনো কারণ নেই। তিনি বলেন, সিগারেটের আগুন থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে।