
জুলাই গণ–অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়েছে।
অভিযোগ গঠনের আদেশের পর দুই আসামিই নিজেদের নির্দোষ দাবি করেন ও আদালতে ন্যায়বিচার চান।
বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ আজ বৃহস্পতিবার এই অভিযোগ গঠন করেন। এই ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
আসামি রাশেদ খান মেনন ও কামরুল ইসলাম গ্রেপ্তার হয়ে কারাগারে। তাঁদের আজ ট্রাইব্যুনালে হাজির করা হয়।
আসামিদের উপস্থিতিতে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আদেশ পড়ে শোনান বিচারক মোহিতুল হক এনাম চৌধুরী। আদেশে তিনি বলেন, এই মামলার আনুষ্ঠানিক অভিযোগ থেকে আসামিদের অব্যাহতির আবেদন খারিজ করা হলো। তাঁদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের যথেষ্ট কারণ রয়েছে। তাঁদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হলো।
বিচারক মোহিতুল হক আসামিদের জিজ্ঞেস করেন, আপনারা দোষ স্বীকার করেন কি না। এর জবাবে রাশেদ খান মেনন বলেন, তিনি নির্দোষ। তিনি ন্যায়বিচার চান। আর কামরুল ইসলাম বলেন, তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। তিনি ন্যায়বিচার চান।