
চট্টগ্রাম নগরে এক ব্যক্তিকে খুনের মামলায় দুজনকে মৃত্যুদণ্ডের আদেশ এবং একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার বিকেলে দ্বিতীয় অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ মুহাম্মদ আমিরুল ইসলাম এই রায় দেন।
সরকারি কৌঁসুলি এম সিরাজুল মোস্তফা মাহমুদ প্রথম আলোকে বলেন, আদালত আসামি মো. জাবেদ ও হাবিব আহমদকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন। আরেক আসামি মিন্টু মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেওয়া হয়। রায় ঘোষণার সময় আসামিরা উপস্থিত ছিলেন। পরে আদালতের নির্দেশে তাঁদের কারাগারে পাঠিয়ে দেওয়া হয়।
আদালত সূত্র জানায়, আসামিরা অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ২০১০ সালের ৫ নভেম্বর নগরের কর্ণফুলী থানার খোয়াজনগর এলাকায় আবদুর সবুরের জমিতে সিমেন্টের পিলার দিয়ে সীমানা নির্দিষ্ট করতে আসেন। তখন বাধা দিতে গেলে আসামিরা সবুরকে উপর্যুপরি ছুরিকাঘাত করে খুন করেন। পরে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। এই ঘটনায় সবুরের স্ত্রী খুরশিদা বেগম বাদী হয়ে কর্ণফুলী থানায় হত্যা মামলা করেন। তদন্ত শেষে পুলিশ পরের বছরের ১৫ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র দেয় আসামিদের বিরুদ্ধে। ২০১৫ সালের ৮ এপ্রিল আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে এই মামলার বিচার শুরু হয়। ১১ জন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত এই রায় দেন।
রায়ের আদেশে সন্তুষ্টি প্রকাশ করে মামলার বাদী খুরশিদা বেগম জানান, আসামিদের মৃত্যুদণ্ড ও সাজা যেন দ্রুত কার্যকর হয়।