কার্টুনিস্ট এম এ কুদ্দুস আর নেই

কার্টুনিস্ট এম এ কুদ্দুস
ছবি: সংগৃহীত

নামকরা কার্টুনিস্ট এম এ কুদ্দুস আর নেই। আজ শনিবার সকালে রাজধানীর শাহীনবাগের বাসায় তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি ঢাকা সাংবাদিক ইউনিয়নের জ্যেষ্ঠ সহসভাপতি ছিলেন। তাঁর বয়স হয়েছিল ৫০ বছর।

ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আকতার হোসেন প্রথম আলোকে বলেন, এম এ কুদ্দুস ঘুমের মধ্যে মারা গেছেন বলে তিনি শুনেছেন। আজ বাদ জোহর জাতীয় প্রেসক্লাবে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে।

দৈনিক সংবাদে গত ৩ জুলাই কাঁচা মরিচের দাম নিয়ে এম এ কুদ্দুসের আঁকা এই কার্টুনটি প্রকাশিত হয়। এটিই ফেসবুকে তিনি সর্বশেষ শেয়ার দিয়েছিলেন

এম এ কুদ্দুস মৃত্যুর আগপর্যন্ত দৈনিক সংবাদের কার্টুনিস্ট হিসেবে কর্মরত ছিলেন। এর আগে তিনি দৈনিক ইত্তেফাকে কর্মরত ছিলেন। তাঁর বাড়ি রাজবাড়ী জেলায়।

পত্রিকায় কার্টুন এঁকে এম এ কুদ্দুস সুনাম কুড়িয়েছিলেন। তাঁর মৃত্যুতে সাংবাদিক সমাজে শোকের ছায়া পড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকে তাঁকে স্মরণ করেছেন। শোক জানিয়েছেন।

তাঁর মৃত্যুতে জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, সাধারণ সম্পাদক শ্যামল দত্ত, বিএফইউজে সভাপতি ওমর ফারুক, ডিইউজে সভাপতি সোহেল হায়দারসহ অন্যরা গভীর শোক প্রকাশ করেছেন।