
বাংলাদেশে যাতায়াত করা দেশি-বিদেশি এয়ারলাইনসগুলোর টিকিটের ভাড়া মার্কিন ডলারের পরিবর্তে টাকায় নির্ধারণ করার সিদ্ধান্ত নিয়েছে বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়।
ইতিমধ্যেই এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের উপসচিব রোকসিন্দা ফারহানা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘বাংলাদেশে কার্যরত দেশি-বিদেশি সব এয়ারলাইনস কর্তৃক বাংলাদেশ থেকে যাত্রী ও পণ্য পরিবহনের ভাড়া নির্ধারণের ক্ষেত্রে হেডলাইন কারেন্সি (যে মুদ্রায় ভাড়া নির্ধারিত হয়) দেশীয় মুদ্রা, অর্থাৎ বাংলাদেশি মুদ্রা নির্ধারণ করা হলো।’
আগামী ১ জুলাই থেকে এ প্রজ্ঞাপন কার্যকর হবে বলে নিশ্চিত করেছেন বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী। প্রথম আলোকে তিনি বলেন, বিশ্বের প্রায় সব দেশেই নিজস্ব মুদ্রায় ভাড়া নির্ধারণ করা হয়। বাংলাদেশেও এখন এটি চালু হবে। এর মাধ্যমে যাত্রীরা উপকৃত হবেন বলে তিনি জানিয়েছেন।
দেশ ও দেশের বাইরের বিভিন্ন গন্তব্য ফ্লাইট পরিচালনা করে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। নাম প্রকাশ না করার শর্তে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সংশ্লিষ্ট দুজন কর্মকর্তা জানিয়েছেন, এখন বাংলাদেশে যাত্রী ও পণ্য পরিবহনের ভাড়া নির্ধারণ করা হয় মার্কিন ডলারে। পরে এটি বাংলাদেশে ব্যাংকের দেওয়া ডলারের বিনিময় হার অনুযায়ী টাকায় রূপান্তর করা হয়। অর্থাৎ বাংলাদেশ থেকে কোনো গন্তব্যে যে ভাড়া নেওয়া হয়, সেটি প্রথমে ডলারে নির্ধারণ করা হয় এবং পরে ডলারের মূল্য অনুযায়ী টাকায় ভাড়ার হার রূপান্তর করা হয়। আগামী জুলাই মাস থেকে ডলারের পরিবর্তে সরাসরি টাকায় যাত্রী ও পণ্য পরিবহনের ভাড়া নির্ধারণ করতে হবে।
বিমানের ওই দুই কর্মকর্তা জানিয়েছেন, এ নির্দেশনা শুধু বাংলাদেশ থেকে যাত্রী ও পণ্য নিয়ে যাওয়ার ক্ষেত্রে প্রযোজ্য, অন্য দেশ থেকে যাত্রী বা পণ্য বাংলাদেশে আনার ক্ষেত্রে প্রযোজ্য নয়। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পাশাপাশি বিদেশি এয়ারলাইনসগুলোকেও এ নির্দেশনা অনুযায়ী কাজ করতে হবে।