আউটার স্টেডিয়ামে নয়, বিএনপির সমাবেশ কাজীর দেউড়ি মোড়ে

সমাবেশর জন্য আউটার স্টেডিয়ামের মাঠে মঞ্চ প্রস্তুত করা হয়েছিল।
ছবি: প্রথম আলো

চট্টগ্রাম থেকে আজ বুধবার বিএনপির সহযোগী তিন অঙ্গসংগঠনের ‘তারুণ্যের সমাবেশ’ নামের কর্মসূচি শুরু হচ্ছে। সমাবেশটি নগরের আউটার স্টেডিয়ামে হওয়ার কথা থাকলেও জেলা প্রশাসনের অনুমতি না মেলায় পাশের কাজীর দেউড়ি মোড়েই অনুষ্ঠিত হবে।

বিএনপির নেতারা জানান, সমাবেশের স্থান নিয়ে গতকাল মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত ছিল অনিশ্চয়তা। কারণ, বিএনপির পক্ষ থেকে আউটার স্টেডিয়ামে সমাবেশ করার জন্য পুলিশের কাছ থেকে অনুমতি নেওয়া হয়। মঞ্চ তৈরির কাজও শুরু হয়। দুপুরে সংবাদ সম্মেলনেও আউটার স্টেডিয়ামের কথা জানানো হয় আয়োজকদের পক্ষ থেকে। কিন্তু বিকেলে জেলা প্রশাসনের লোকজন গিয়ে খেলার মাঠে সমাবেশ করতে বাধা দেন। নগরের পলোগ্রাউন্ড মাঠে সমাবেশ করতে বলা হয় বিএনপির নেতাদের। কিন্তু তাঁরা রাজি হননি। দফায় দফায় পুলিশ ও বিএনপি নেতাদের বৈঠকের পর কাজীর দেউড়ি মোড়ে সমাবেশের স্থান নির্ধারণ হয়।

চট্টগ্রাম জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম রাতে প্রথম আলোকে বলেন, বিএনপির পক্ষ থেকে মাঠের অনুমতি চেয়ে কেউ কোনো আবেদন করেনি। চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও চট্টগ্রাম জেলা প্রশাসক আগেই ঘোষণা দিয়েছেন এম এ আজিজ আউটার স্টেডিয়ামে খেলাধুলা ছাড়া আর কোনো ধরনের কার্যক্রমের অনুমতি দেওয়া হবে না। তাই তাঁদের যেসব সামগ্রী ছিল, তা সরিয়ে বুঝিয়ে দেওয়া হয়েছে।

মাঠে সমাবেশ করতে না দেওয়াকে কর্মসূচি বানচাল করা ষড়যন্ত্র বলে অভিযোগ করে নগর যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদ গতকাল রাতে প্রথম আলোকে বলেন, ইতিপূর্বে পলোগ্রাউন্ডসহ সব সমাবেশের অনুমতি পুলিশ দিয়েছে। আর কারও কাছ থেকে নিতে হয়নি। কাজীর দেউড়ি মোড়ে সমাবেশ হলেও বিকল্প সড়ক দিয়ে লোকজন চলাফেরা করতে পারবেন বলে জানান তিনি। এ জন্য নগরবাসীর কাছে দুঃখ প্রকাশ করেন।

সমাবেশটি আয়োজনে যৌথভাবে কাজ করছে জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল। পর্যায়ক্রমে দেশের ছয়টি বিভাগীয় শহরে এই সমাবেশ হবে। ‘তরুণ প্রজন্ম দেব ভোট, ভোটের জন্য যুদ্ধ হোক’ স্লোগান সমাবেশের মূল প্রতিপাদ্য রাখা হয়েছে। সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

কেন্দ্রীয় যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন গতকাল চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে বলেন, ‘মানুষের ভোটের অধিকার নেই। ১৫ বছরে ৪ কোটি নতুন ভোটার হয়েছে, যাঁরা ভোট দিতে পারেননি। ভোট মানুষের নাগরিক অধিকার। ভোটাররা একটি রাষ্ট্র পরিচালনায় দল বা ব্যক্তিকে বেছে নেয়। কিন্তু চার কোটি ভোটার তাঁদের অধিকার থেকে বঞ্চিত হয়েছেন। তরুণ সমাজের অধিকার আদায়ের জন্য আমরা তিন সংগঠন মাঠে নেমেছি, সমাবেশের ঘোষণা দিয়েছি।’

সমাবেশে কত লোক অংশগ্রহণ করতে পারে, প্রশ্নের জবাবে সুলতান সালাউদ্দিন বলেন, ১৫ বছরে ভোট দিতে না পারা তরুণেরাই অংশ নেবে।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচ এম জিলানী, যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান, ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল উল ইসলাম, সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ, চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ, চট্টগ্রাম স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচ এম রাশেদ খান, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন, নগর ছাত্রদলের আহ্বায়ক সাইফুল আলম ও সদস্যসচিব শরীফুল ইসলাম।

দলীয় সূত্র জানায়, চট্টগ্রাম থেকে শুরু হওয়া তারুণ্যের সমাবেশ শেষ হবে আগামী ২৯ জুলাই রাজধানীর নয়াপল্টনে। এর আগে ১৭ জুন বগুড়ায়, ৭ জুলাই খুলনায়, ১৫ জুলাই বরিশালে ও ২২ জুলাই সিলেটে এই সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, কলেজ, বিশ্ববিদ্যালয়পড়ুয়াসহ তরুণ, যুবক যাঁরা রাজনৈতিকভাবে সম্পৃক্ত নয়, তাঁদেরও সমাবেশে আসার জন্য উদ্বুদ্ধ করা হচ্ছে। অবশ্য এর সঙ্গে সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকারের অধীন সংসদ নির্বাচনসহ বিএনপির ১০ দফা দাবিও উত্থাপন করা হবে।

চট্টগ্রামের সমাবেশে নগর, উত্তর ও দক্ষিণ জেলা ছাড়াও কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতা–কর্মীরা অংশ নেবেন। ইতিমধ্যে চট্টগ্রাম এসে পৌঁছেছেন সেখানকার নেতা–কর্মীরা।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির গতকাল রাতে প্রথম আলোকে বলেন, সমাবেশে পুলিশের ৪০০ সদস্য নিরাপত্তায় থাকবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সড়কে যানজট ও লোকজনের চলাচলে যাতে ভোগান্তি না হয়, পুলিশ সেই চেষ্টা করবে।