
এক শ কোটি টাকা আর্থিক ক্ষতিপূরণ চেয়ে মানি স্যুট (অর্থ আদায়ের মোকদ্দমা) মামলায় লিখিত জবাব দাখিল করার জন্য সময় চেয়েছেন চিত্রনায়ক শাকিব খান। ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ আদালতে আজ সোমবার এই আবেদন করেছেন তিনি।
চিত্রনায়ক শাকিবের আইনজীবী খায়রুল হাসান প্রথম আলোকে এসব তথ্য জানান। তিনি বলেন, আদালত সময় আবেদন মঞ্জুর করে আগামী ৫ জুলাই মামলার পরবর্তী শুনানির তারিখ ঠিক করেছেন।
আইনজীবী খায়রুল হাসান বলেন, শতকোটি টাকা আদায়ে প্রযোজক রহমত উল্লাহর করা মামলার বিষয় দুই দিন আগে শাকিব খান নোটিশ পেয়েছেন। আজ সোমবার শাকিব খানের পক্ষে লিখিত জবাব দাখিলের জন্য সময় চেয়ে আদালতের কাছে আবেদন করেন।
এর আগে শাকিব খানের বিরুদ্ধে শতকোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে গত ৩০ এপ্রিল মামলা করেন চলচ্চিত্র প্রযোজক রহমত উল্লাহ।
প্রযোজক রহমত উল্লাহর আইনজীবী মো. তাবারক হোসেন ভূঁইয়া প্রথম আলোকে বলেন, তাঁর মক্কেল রহমত উল্লাহর বিরুদ্ধে চিত্রনায়ক শাকিব খান বিভিন্ন গণমাধ্যমে মানহানিকর বক্তব্য দিয়েছিলেন। এর মাধ্যমে রহমত উল্লাহ অপূরণীয় আর্থিক ও সামাজিক বিভিন্ন ক্ষতির শিকার হয়েছেন। এই ক্ষতির মূল্যমান ১০০ কোটি টাকা। এই টাকা আদায়ের জন্য তাঁর মক্কেল আজ রোববার মানি স্যুট মামলা করেন।
এর আগে ১৩ এপ্রিল ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে শাকিব খানের বিরুদ্ধে মানহানির অভিযোগে দণ্ডবিধি ৪৯৯, ৫০০, ৫০১ ধারায় আইনে মামলা করেন প্রযোজক রহমত উল্লাহ। মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্ত করার নির্দেশ দিয়েছেন আদালত।
এর আগে গত ২৭ মার্চ ঢাকার সাইবার ট্রাইব্যুনালে রহমত উল্লাহর বিরুদ্ধে মানহানি ও চাঁদাবাজির অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন চিত্রনায়ক শাকিব খান। তাঁর করা মামলাটিও তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দিয়েছেন আদালত। এই মামলা করার চার দিন আগে রহমত উল্লাহর বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে চাঁদাবাজি ও মানহানির আরেকটি মামলা করেন শাকিব খান। ওই মামলায় ২৬ এপ্রিল রহমত উল্লাহ আদালতে আত্মসমর্পণ করে জামিন নেন।
সম্প্রতি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিতে শাকিব খানের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দেন রহমত উল্লাহ। অভিযোগে তিনি বলেন, ২০১৭ সালে অস্ট্রেলিয়ায় ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার শুটিংয়ের সময় এক নারী সহপ্রযোজককে ধর্ষণ করেন শাকিব খান। এ সিনেমার অন্যতম প্রযোজক রহমত উল্লাহ।