থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদায়ন নিয়ে অনৈতিক তদবির ও প্রভাব বিস্তারের চেষ্টার বিষয়ে সতর্ক করেছে ঢাকা রেঞ্জ ডিআইজি কার্যালয়। রেঞ্জ কর্তৃপক্ষ বলছে, ওসি পদে পদায়নের এখতিয়ার সম্পূর্ণভাবে সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপারের (এসপি) ওপর ন্যস্ত; এ ক্ষেত্রে রেঞ্জ ডিআইজির কার্যালয়ের কোনো প্রশাসনিক ভূমিকা নেই।
১০ এপ্রিল দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে ঢাকা রেঞ্জ জানিয়েছে, প্রশাসনিক কাঠামো অনুযায়ী সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপাররা পেশাগত মূল্যায়ন, যোগ্যতা ও প্রশাসনিক প্রয়োজন বিবেচনায় থানার ওসি পদায়ন করে থাকেন।
আজ সোমবার ঢাকা রেঞ্জ ডিআইজির কার্যালয়ের মিডিয়া ফোকাল পয়েন্ট ও পুলিশ সুপার (ক্রাইম ম্যানেজমেন্ট) শাহনাজ বেগমের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে অভিযোগ করা হয়, বিষয়টি স্পষ্টভাবে অবহিত করার পরও কিছু ব্যক্তি ও মহল বিভিন্ন থানায় ওসি পদায়ন নিয়ে ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিকের কাছে অনৈতিক তদবির, অনুরোধ ও সুপারিশ করার চেষ্টা করছেন। এমনকি কিছু অসাধু ব্যক্তি ও দালাল চক্র বিভিন্ন কর্মকর্তার নাম ব্যবহার করে বা প্রভাবের কথা বলে অনৈতিক প্রস্তাব দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, তদবির বা আর্থিক প্রলোভনের মাধ্যমে পদায়ন প্রভাবিত করার কোনো সুযোগ নেই। এ ধরনের কর্মকাণ্ড বাংলাদেশ পুলিশের প্রশাসনিক শৃঙ্খলার পরিপন্থী।