তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন (মাঝে)। আজ বুধবার সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন (মাঝে)। আজ বুধবার সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে

সরকার ‘মব সংস্কৃতিকে’ দমন করে আইনের শাসন প্রতিষ্ঠায় দৃঢ়প্রতিজ্ঞ: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, বর্তমান সরকার ‘মব সংস্কৃতিকে’ দমন করে আইনের শাসন প্রতিষ্ঠায় দৃঢ়প্রতিজ্ঞ। তাঁরা আশা করছেন, দীর্ঘদিনের জঞ্জাল ও অপস্মৃতি থেকে খুব দ্রুতই আইনের জায়গায় চলে আসতে পারবেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারের এক মাসের কর্মকাণ্ড তুলে ধরতে আজ বুধবার সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ‘মব’ নিয়ে এক সাংবাদিকের করা প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী এ কথা বলেন।

২০০৭ সালের এক-এগারোর সময়ের আলোচিত সেনা কর্মকর্তা ও সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী গত সোমবার মধ্যরাতে গ্রেপ্তার হন। গতকাল মঙ্গলবার ঢাকার আদালতে তাঁর রিমান্ড শুনানি হয়। শুনানি শেষে হাজতখানায় নেওয়ার পথে এক ব্যক্তি তাঁর ওপর ময়লা পানি নিক্ষেপ করেন। কর্তব্যরত পুলিশ সদস্যরা চেষ্টা করেও ওই ব্যক্তিকে থামাতে পারেননি। পরে পুলিশ সদস্যরা মাসুদ উদ্দিন চৌধুরীকে দ্রুত হাজতখানায় নিয়ে যান।

এ ঘটনার প্রসঙ্গ টেনে আজকের সংবাদ সম্মেলনে এক সাংবাদিক জানতে চান, ‘মবকে’ প্রশ্রয় দেওয়া হচ্ছে কি না। জবাবে তথ্যমন্ত্রী বলেন, ‘মব সম্পর্কে আমাদের সরকার, বিশেষ করে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য খুবই আলোচিত। সবাই আপনারা জানেন, আমাদের পজিশনটা কী। তবে আমাদের পক্ষ থেকে সবার মাথায় রাখতে হবে, আমরা যখন একটি আইনের শাসন প্রতিষ্ঠা করার দায়িত্ব নিয়েছি, তখন দীর্ঘদিনের একটা বেআইনি প্রেক্ষাপটের ওপর দাঁড়িয়ে আমাদের দায়িত্বটা পালন করতে হচ্ছে। আশা করছি, দীর্ঘদিনের যে জঞ্জাল, দীর্ঘদিনের যে অপস্মৃতি আমাদের মাথার মধ্যে কাজ করছে, সেখান থেকে আমরা খুব দ্রুতই আইনের জায়গায় চলে আসতে পারব। আমাদের সরকার মব সংস্কৃতিকে দমন করে আইনের শাসন প্রতিষ্ঠায় দৃঢ়প্রতিজ্ঞ।’

সংবাদ সম্মেলনে ফ্যামিলি কার্ডসহ বর্তমান সরকারের এক মাসে নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন তথ্যমন্ত্রী। এ সময় আরও বক্তব্য দেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান।