বাংলাদেশের বিচার বিভাগে প্রযুক্তির সবচেয়ে বড় ছোঁয়া লাগে করোনা মহামারির সময়ে। করোনার উপদ্রবে অন্যান্য প্রতিষ্ঠানের মতো দেশের আদালতগুলো কিছুদিন বন্ধ ছিল। একপর্যায়ে ভার্চ্যুয়াল মাধ্যমে আদালতের কার্যক্রম চালু হয়। এ পদ্ধতিতে আদালতে সশরীর উপস্থিত না হয়ে অনলাইনে শুনানি হয়। ভার্চ্যুয়াল পদ্ধতিতে আদালতের কার্যক্রম পরিচালনার জন্য সরকার ২০২০ সালের ৯ মে ‘আদালত কর্তৃক তথ্যপ্রযুক্তি ব্যবহার আইন, ২০২০’ প্রবর্তন করে। এই আইনের ২(১)(ঙ) ধারায় ভার্চ্যুয়াল উপস্থিতির সংজ্ঞা দিতে গিয়ে বলা হয়েছে, ‘অডিও-ভিডিও বা অনুরূপ অন্য কোন ইলেকট্রনিক পদ্ধতির মাধ্যমে কোনো ব্যক্তির আদালতের বিচার বিভাগীয় কার্যধারায় উপস্থিত থাকা বা অংশগ্রহণ।’এই আইনের ৪ ধারায় বলা হয়, ‘ধারা ৩ অনুযায়ী, কোনো ব্যক্তির ভার্চ্যুয়াল উপস্থিতি নিশ্চিত করা হইলে ফৌজদারি কার্যবিধি বা দেওয়ানি কার্যবিধি বা অন্য কোনো আইনের অধীন আদালতে তাহার সশরীর উপস্থিতির বাধ্যবাধকতার শর্ত পূরণ হইয়াছে বলিয়া গণ্য হইবে।’
ব্রিটিশ গবেষক ও লেখক রিচার্ড সাসকিন্ড ১৯৯৬ সালে প্রকাশিত ‘দ্য ফিউচার অব ল’ বইয়ে বলেন, ‘প্রযুক্তি আইনের ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ পরিবর্তন আনবে এবং আদালতের ব্যবস্থাপনাকে প্রভাবিত করবে।’ তাঁর এই ভবিষ্যদ্বাণী সত্য প্রমাণিত হয়েছে। বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে বিচারব্যবস্থায় তথ্যপ্রযুক্তির ব্যাপক ব্যবহার হচ্ছে এবং সেসব দেশের মানুষেরা এর সুবিধাও পাচ্ছেন। আমাদের দেশে বেশ অনেক দিন ধরেই ‘ই-জুডিশিয়ারি’ নিয়ে কথাবার্তা শোনা গেলেও এর অগ্রগতি এখনো কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছায়নি। এর ফলে আইন-আদালত-মামলা-মোকদ্দমা নিয়ে মানুষের ভোগান্তি কমছে না।
আমাদের দেশে বেশির ভাগ আদালতে এখনো জবানবন্দি থেকে শুরু করে সাক্ষীর জেরা, যুক্তিতর্ক ইত্যাদি বিচারকেরা নিজের হাতে লিখে থাকেন। এ জন্য তাঁরা অন্যান্য বিষয়ে মনোযোগ দেওয়ার সময় তুলনামূলকভাবে কম পান। এ রকম অবস্থায় আইনজীবীরা কী যুক্তি-তর্ক দিচ্ছেন, প্রশ্নের জবাবে মামলার পক্ষদ্বয় বা সাক্ষীরা যে জবাব দিচ্ছেন, তা কতটুকু গ্রহণযোগ্য—এসব বিবেচনা করার সুযোগ কমে যায়। ই-জুডিশিয়ারি পুরোপুরি বাস্তবায়ন হলে তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে এ সমস্যার সমাধান সম্ভব।
ম্যাজিস্ট্রেট আদালত থেকে মামলা দায়রা আদালতে বদলি হওয়ার পুরো প্রক্রিয়াটাই এখনো পুরোনো পদ্ধতিতে হচ্ছে। মামলা তদন্ত থেকে দায়রা আদালতে বদলি হয়ে বিচার শুরু হতে প্রায় কয়েক মাস সময় লেগে যায়। ফলে মামলা নিষ্পত্তিতে সময় লাগছে। নিম্ন আদালতে এসব বদলি মামলা খুঁজে বের করতে অনেক কষ্ট হয়। যখন মামলা বদলি-সংশ্লিষ্ট একটি ‘বালাম বই’ বের হয়, তখন সবাই হুমড়ি খেয়ে পড়েন নতুন নম্বর ও তারিখ বের করার জন্য। যদি অনলাইনের মাধ্যমে এসব মামলা বদলি করার সুযোগ থাকত, তাহলে মামলা নিষ্পত্তির সময় কমে যেত।
মামলার তারিখ থেকে শুরু করে মামলা ফাইলিং—সবকিছুই এখনো আগের মতো ম্যানুয়ালি সংরক্ষণ করা হচ্ছে। মামলার তারিখ দেওয়ার বিষয়টি বর্তমানে আদালতের কর্মকর্তা-কর্মচারীদের দুর্নীতির অন্যতম উৎস। উচ্চ আদালতের নিয়ম অনুসরণ করে প্রতিটি মামলার শুনানির শেষে তার আপডেট সঙ্গে সঙ্গে অনলাইনে প্রকাশ করার ব্যবস্থা করা গেলে, এ ধরনের দুর্নীতি-অনিয়ম বন্ধ করা যাবে।
উচ্চ আদালতের মামলার শুনানিগুলো সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করা গেলে বিচারব্যবস্থা সম্পর্কে গ্রহণযোগ্যতা অনেক বেড়ে যেত। সব মামলায় সম্ভব না হলেও জনগুরুত্বপূর্ণ মামলার ক্ষেত্রে সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করা যেতে পারে। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র এবং আমাদের পাশের দেশ ভারতের সুপ্রিম কোর্ট এবং অনেকগুলো অঙ্গরাজ্যের হাইকোর্টের শুনানি সরাসরি সম্প্রচার করা হয়। সরাসরি সম্প্রচারের ব্যবস্থা থাকলে উভয় পক্ষের কৌঁসুলিরা কী সাবমিশন দেন এবং কোন কোন পয়েন্টে যুক্তি-তর্ক হচ্ছে এবং বিচারকেরা কোন যুক্তিবোধ আমলে নিয়ে রায় দিচ্ছেন, তার একটা সম্যক ধারণা পাওয়া যাবে। এটা গণতন্ত্রের বিকাশ ও গণতান্ত্রিক চেতনার জন্য গুরুত্বপূর্ণ।
অনলাইনের মাধ্যমে শুনানির ব্যবস্থা থাকলে অনেক দূরে থেকেও মামলার শুনানি করা যায়। ক্ষেত্রবিশেষে অনলাইনে হাজিরা প্রদান করার ব্যবস্থাও করা যায়। মামলায় সাক্ষী দেওয়া বা কোনো পিটিশন দেওয়া ছাড়া পক্ষদ্বয়ের আদালতে আসা এত গুরুত্বপূর্ণ নয়। তাঁদের জন্য অনলাইনে এ ব্যবস্থা প্রণয়ন করা গেলে অনেক কর্মঘণ্টা বেঁচে যাবে। শুধু অভিযুক্ত নন, যাঁরা মামলার বাদী, তাঁদের ক্ষেত্রেও এ ব্যবস্থার প্রচলন করা যায়। বর্তমানে যে পদ্ধতিতে মামলার নথিগুলো সংরক্ষণ করা হয়, মাঝেমধ্যে সেখান থেকে নথি গায়েব হয়ে যায় বা হারিয়ে যায়। এ কারণে মাঝেমধ্যে অনেক গুরুত্বপূর্ণ মামলার শুনানি সঠিক সময়ে করা সম্ভব হয় না। ডিজিটাল পদ্ধতিতে নথিগুলো সংরক্ষণের ব্যবস্থা করা গেলে এই অপব্যবহার বন্ধ করা যাবে। সাধারণত নিম্ন আদালতের রায়গুলো উচ্চ আদালতের রায়ের মতো রেকর্ড করা হয় না। তাঁদের সংগৃহীত ফ্যাক্ট ও সাক্ষ্যের ওপর নির্ভর করে সর্বোচ্চ আদালত পর্যন্ত রায় ও আদেশ প্রদান করে থাকেন। ই-জুডিশিয়ারি প্রণয়নের মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে নিম্ন আদালতের রায় খুব সহজেই রেকর্ড করা যেতে পারে।
আমাদের আদালত প্রাঙ্গণ যত ডিজিটাল হবে, মামলা নিষ্পত্তির হার তত বাড়বে। বিচারব্যবস্থার সঙ্গে আধুনিক তথ্যপ্রযুক্তির যত সংমিশ্রণ হবে, বিচারব্যবস্থা তত সহজলভ্য হবে। সাধারণ নাগরিকেরা তাঁদের অধিকার নিয়ে তত সচেতন হবেন। সবচেয়ে বড় কথা হলো, ই-জুডিশিয়ারির মাধ্যমে বিচারিক সেবা একেবারে প্রান্তিক মানুষের কাছে নেওয়া যাবে।
মামলাজট নিরসন ও বিচারপ্রক্রিয়াকে দ্রুত করতে ২০০৯ সাল থেকে বাংলাদেশের বিচার বিভাগে ডিজিটালাইজেশন শুরু হয়। সেই সময় সুপ্রিম কোর্ট কর্তৃপক্ষ পরীক্ষামূলকভাবে কিছু কাজ করেন। ২০১২ সালে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) সহায়তায় দুই বছর মেয়াদি জুডিশিয়াল স্ট্রেংথিং (জাস্ট) প্রকল্প হাতে নেওয়া হয়। ই-জুডিশিয়ারি-প্রক্রিয়া ত্বরান্বিত করার জন্য পরবর্তী সময় সুপ্রিম কোর্ট ২০১৭ থেকে ২০২২ সালের জন্য একটি কৌশলগত পরিকল্পনা গ্রহণ করে।
সর্বশেষ গত বছরের নভেম্বর মাসে আইনমন্ত্রী আনিসুল হক জানান, বিচার বিভাগকে ডিজিটালাইজেশন করতে ২ হাজার ২২৬ কোটি টাকার ই-জুডিশিয়ারি নামের প্রকল্প গ্রহণ করা হয়েছে। প্রকল্পটি এখন একনেকে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, প্রকল্পটি বাস্তবায়িত হলে বিচার বিভাগের ডিজিটালাইজেশন-প্রক্রিয়া ত্বরান্বিত হবে। এতে একটি দক্ষ, স্বচ্ছ ও জবাবদিহিমূলক বিচারব্যবস্থা নিশ্চিত হবে। ই-জুডিশিয়ারি প্রকল্পটি বাস্তবায়নের মাধ্যমে প্রতিটি আদালতকে ই-কোর্টরুমে পরিণত করা হবে। আসামিদের আদালতে হাজির না করে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিচারকার্য পরিচালনা করা হবে। এ ছাড়া প্রতিটি আদালত ও বিচারকার্যের সঙ্গে সম্পৃক্ত থানা, হাসপাতাল, কারাগারসহ সবাইকে একই নেটওয়ার্কের সঙ্গে সংযুক্ত করা সম্ভব হবে। এতে বিচারপ্রার্থী জনগণের সময় ও অর্থের সাশ্রয় হবে।
আইন ও বিচার বিভাগ এবং ইউএনডিপি বাংলাদেশের যৌথ উদ্যোগে ডিজিটালাইজেশনের মাধ্যমে বাংলাদেশের বিচারিক কার্যক্রমকে এগিয়ে নিতে অনলাইন কজলিস্ট (মামলার কার্যতালিকা), জুডিশিয়াল মনিটরিং ড্যাশবোর্ড এবং আমার আদালত (মাই কোর্ট) মোবাইল অ্যাপ চালু করা হয়েছে। কোনো নির্দিষ্ট কার্যদিবসে আদালতে বিচারাধীন মামলার তালিকা জনগণ কিংবা বিচারসংশ্লিষ্ট যে-কেউ causelist.judiciary.org.bd ওয়েবসাইট ও আমার আদালত (মাই কোর্ট) মোবাইল অ্যাপ ভিজিট করে তাঁর মামলার সর্বশেষ তথ্যাদি পাবেন। ওয়েবসাইটে প্রথমে সংশ্লিষ্ট বিভাগ, পরে জেলা এবং সর্বশেষ সংশ্লিষ্ট আদালতের নাম সিলেক্ট করে বিচারপ্রার্থীরা তাঁদের মামলার সর্বশেষ আদেশ, পরবর্তী তারিখ এবং মামলার অবস্থা জানতে পারবেন।
কাইয়ূম আইমেদ আইনজীবী