
পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী (এ্যানি) বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচি অব্যাহত থাকলে দেশের নদী, খাল দখল-দূষণের হাত থেকে রক্ষা পেত। বর্তমানে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার খাল খননের পাশাপাশি নদী-খাল দখল ও দূষণমুক্ত করতে কাজ করছে।
আজ সোমবার সচিবালয়ে পানিসম্পদ মন্ত্রণালয়ে নিজের কার্যালয়ে বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় মন্ত্রী এ কথা বলেন। সভায় প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদও উপস্থিত ছিলেন।
মন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার অল্প সময়ের মধ্যেই দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের জীবন-জীবিকা এবং প্রাণপ্রকৃতি রক্ষায় পদ্মা ব্যারেজ প্রকল্প অনুমোদন দিয়েছে। তিস্তার সঙ্গে উত্তরাঞ্চলের মানুষের ভাগ্য জড়িত। তিস্তা থেকে জনগণ যাতে সর্বোচ্চ সুবিধা পেতে পারে, সে জন্য দেশি-বিদেশি বিশেষজ্ঞদের মাধ্যমে পরীক্ষা-নিরীক্ষা চলছে।
প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান উন্নয়ন প্রকল্প গ্রহণের আগে পরিবেশ, প্রকৃতি ও জীববৈচিত্র্য রক্ষাকে গুরুত্ব দেওয়ার নির্দেশ দিয়েছেন। এ জন্য প্রকল্প নেওয়ার আগে একাধিক আন্তমন্ত্রণালয় সভা করে পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষার বিষয়টি গুরুত্ব দেওয়া হচ্ছে।
বাপা নেতারা নদী, খাল-বিল ও জলাশয় রক্ষা এবং দখল-দূষণ রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানান। মন্ত্রী ও প্রতিমন্ত্রী সঠিক তথ্য ও প্রয়োজনীয় পরামর্শ দিয়ে নদী-খাল-বিল ও জলাশয় রক্ষায় সরকারের পাশে থাকার আহ্বান জানান।