চবি উপাচার্যকে দাবি মানতে ৭ কর্মদিবসের আলটিমেটাম দিয়েছে শিক্ষক সমিতির একাংশ

ফাইল ছবি
ফাইল ছবি

সিন্ডিকেট নির্বাচন দেওয়াসহ চার দফা দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য শিরীণ আখতারকে চিঠি দিয়েছেন শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতিসহ কার্যনির্বাহী পরিষদের আরও পাঁচ সদস্য। আগামী সাত কর্মদিবসের মধ্যে দাবির বিষয়ে গ্রহণযোগ্য ও কার্যকর পদক্ষেপ না নিলে বৃহত্তর আন্দোলন কর্মসূচি ঘোষণার হুমকিও দিয়েছে শিক্ষকনেতাদের একাংশ।

আজ বৃহস্পতিবার বেলা দুইটায় উপাচার্যের দাপ্তারিক ই–মেইলে এ চিঠি দেওয়া হয় বলে জানিয়েছেন শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আবদুল হক। তিনি বলেন, গতকাল বুধবার বিকেলে ডাকটিকিটের মাধ্যমেও উপাচার্য শিরীণ আখতার বরাবর একই চিঠি দেওয়া হয়েছে।  

শিক্ষক সমিতির চার দফা দাবি হলো—সিন্ডিকেট নির্বাচন দেওয়া, চারুকলা ইনস্টিটিউটের অচলাবস্থা নিরসন করা, শিক্ষকদের পদোন্নতিতে জ্যেষ্ঠতা লঙ্ঘন না করা এবং নিয়োগে অনিয়মের বিষয়ে সুষ্ঠু তদন্ত করা।

জানতে চাইলে আবদুল হক প্রথম আলোকে বলেন, উপাচার্য গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠানে ছিলেন। তাই সোমবার মানববন্ধনে গৃহীত সিদ্ধান্তের চিঠি এক কর্মচারীকে দিয়ে উপাচার্যের কাছে পাঠানো হয়েছিল। কিন্তু উপাচার্য দপ্তরের কর্মকর্তারা চিঠিটি গ্রহণ করেননি। এ কারণে আজ ডাকটিকিট ও ই–মেইলের মাধ্যমে তাঁকে চিঠি দেওয়া হয়েছে। ১৮ জানুয়ারি এক কর্মদিবস ধরে সাত কর্মদিবসের মধ্যে দাবি না মানলে বৃহত্তর আন্দোলনে যাবেন তাঁরা।

চবি শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদ ১০ সদস্যবিশিষ্ট। তবে পরিষদটি দুটি ভাগে বিভক্ত। একটি ভাগে আছেন ভারপ্রাপ্ত সভাপতি আবদুল হকসহ ছয় সদস্য। অন্য ভাগে আছেন সাধারণ সম্পাদক সজীব কুমার ঘোষসহ চার সদস্য। গত সোমবার পক্ষ দুটি আলাদাভাবে মানববন্ধন করে।

গত বছরের ১৭ জানুয়ারি শিক্ষক সমিতির নির্বাচন হয়েছিল। একটি কমিটির মেয়াদ থাকে এক বছর। ১০ জানুয়ারি নতুন করে নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করেছে শিক্ষক সমিতির নির্বাচন কমিশন।

জানতে চাইলে সমিতির সাধারণ সম্পাদক সজীব কুমার ঘোষ প্রথম আলোকে বলেন,  ‘যেহেতু নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে। তাই বর্তমান কমিটি রুটিন দায়িত্ব পালন করা ছাড়া আন্দোলনের ডাক দেওয়া ও কর্মসূচিতে যাওয়ার মতো কোনো সিদ্ধান্ত নিতে পারে না। এটা অযৌক্তিক।’