প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নিয়েছেন ইনকিলাব মঞ্চের নেতা–কর্মী। ঢাকা, ৫ ফেব্রুয়ারি ২০২৬
প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নিয়েছেন ইনকিলাব মঞ্চের নেতা–কর্মী। ঢাকা, ৫ ফেব্রুয়ারি ২০২৬

জাতিসংঘের অধীন হাদি হত্যার তদন্ত দাবিতে ইনকিলাব মঞ্চের অবস্থান চলছে

জাতিসংঘের অধীন শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যার নিরপেক্ষ তদন্তের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি চলছে। গতকাল বৃহস্পতিবার বিকেল থেকে তাঁরা সেখানে অবস্থান করছেন। রাতেও তাঁরা সেখানে ছিলেন।

আজ শুক্রবারের মধ্যে জাতিসংঘে চিঠি পাঠানোর দাবি জানিয়েছেন ইনকিলাব মঞ্চের নেতা–কর্মী।

ওসমান হাদির স্ত্রী রাবেয়া ইসলাম শম্পা, ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার মুখপাত্র ও ডাকসু নেত্রী ফাতিমা তাসনিম জুমা অবস্থান কর্মসূচিতে অংশ নিয়েছেন।

রাতে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনেও একদল মানুষ অবস্থান নিয়ে হাদি হত্যার বিচারের দাবিতে স্লোগান দেন।  দুই ভাগে ভাগ হয়ে তাঁরা রাতভর সেখানেই অবস্থান করেন।

আজ সকাল সাড়ে ৯টার দিকে ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে বলা হয়, যমুনার সামনে তাঁদের অবস্থান কর্মসূচি অব্যাহত রয়েছে। যার কারণে ইনকিলাব মঞ্চের পূর্বঘোষিত কর্মসূচি ‘ভ্যান র‍্যালি’ স্থগিত করা হয়েছে৷

গতকাল দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের সাংবাদিকদের বলেন, জাতিসংঘের অধীন হাদি হত্যার তদন্ত করতে হবে। এর বাইরে তাঁদের কোনো দাবি নেই। যতক্ষণ পর্যন্ত চিঠি না পাঠানো না হবে, ততক্ষণ তাঁরা যমুনার সামনেই অবস্থান করবেন বলে তিনি ঘোষণা দেন।

গতকাল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা–৮ আসনে ১১–দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী অবস্থান কর্মসূচিতে সংহতি প্রকাশ করেন।

পুলিশ গতকাল বিকেল থেকে ঘটনাস্থলে রয়েছে।