
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সপ্তম শ্রেণির ছাত্র আতিকুর রহমান হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি শওকত আলীকে গ্রেপ্তার করেছে র্যাব-২। শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি এ তথ্য জানায়।
গত বৃহস্পতিবার চাঁদপুরের শাহরাস্তি এলাকা থেকে শওকত আলীকে গ্রেপ্তার করা হয়। র্যাব বলছে, ঘটনার পর থেকে ১৬ বছরেরও বেশি সময় নিজের নাম বদলে বিভিন্ন স্থানে পালিয়ে ছিলের হত্যাকাণ্ডে জড়িত শওকত।
র্যাব-২ এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক (গণমাধ্যম) ফজলুল হক বলেন, ২০০৬ সালের ১ অক্টোবর তুচ্ছ ঘটনায় কসবার আড়াইবাড়ি এলাকায় স্কুলছাত্র আতিকুর রহমান ওরফে শাকিলকে মারধর করে শওকত আলীসহ অন্য আসামিরা। ভুক্তভোগীর মা এর প্রতিবাদ করলে আসামিরা শিশুটির ‘রক্ত দিয়ে গোসল’ করার হুমকি দেয়। এরপর ওই বছরের ১৫ অক্টোবর রাতে আতিককে অপহরণ করে একটি ধানখেতে নিয়ে গলা কেটে হত্যা করা হয়।
র্যাব জানায়, ওই ঘটনায় হওয়া মামলার তদন্ত কর্মকর্তা ১১ আসামিকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। বহুল আলোচিত এ মামলার বিচারের দায়িত্ব দেওয়া হয় চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালকে।
বিচারিক কার্যক্রম শেষে ২০০৯ সালের ১৯ ফেব্রুয়ারিতে একজনকে মৃত্যুদণ্ড ও ১০ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। তাঁদের মধ্যে মৃত্যুদণ্ড পাওয়া আসামি ও যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া সাতজন পলাতক ছিল। এদের মধ্যে শওকত আলী ছিলেন একজন। সর্বশেষ গত বছরের ২৫ এপ্রিল হাইকোর্টও তাঁর যাবজ্জীবন দণ্ডের রায় বহাল রাখেন।
র্যাব জানায়, শওকত আলী ঘটনার পর নিজের নাম বদলে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় অবস্থান করে। প্রথমে তিনি ঢাকায় একটি লন্ড্রিতে এবং পরে বিভিন্ন এলাকায় ছদ্মবেশে নানারকম কাজ করেছে। সর্বশেষ চাঁদপুরে একটি বেকারী পণ্যের বিক্রয়কর্মী হিসেবে কর্মরত ছিলেন।