জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের এক আবাসিক ছাত্রীকে আটকে রেখে নির্যাতন করার ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। রোববার এ কমিটি গঠনের কথা জানানো হয়।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ছাত্র কল্যাণ উপদেষ্টা আইনুল ইসলামকে আহ্বায়ক করে এ কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক নূরে আলম আবদুল্লাহ ও সহকারী প্রক্টর শাহনাজ পারভীন।
তদন্ত কমিটির আহ্বায়ক আইনুল ইসলাম প্রথম আলোকে বলেন, ঘটনার তদন্ত প্রতিবেদন দ্রুত জমা দিতে অনুরোধ করা হয়েছে। সোমবারের মধ্যে তাঁরা কমিটির সদস্যরা একটি সভা করবেন। প্রয়োজনে অনলাইনে এ সভা করা হবে।
গত মঙ্গলবার রাতে বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলে এক ছাত্রীকে তিন ঘণ্টা আটকে রেখে নির্যাতন করার অভিযোগ ওঠে। ওই ছাত্রীর অভিযোগ, কক্ষের অভ্যন্তরীণ বিষয় নিয়ে হলে ছাত্রলীগের রাজনীতিতে সম্পৃক্ত ছাত্রীরা তাঁকে নির্যাতন করেন। তবে তাঁর এ অভিযোগ অস্বীকার করছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের শীর্ষ নেতারা।
ভুক্তভোগী ছাত্রী যাঁদের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ করছেন, তাঁরা হলেন প্রাণিবিদ্যা বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের নাজমুন নাহার স্বর্ণা, মনোবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের তামান্না ইসলাম তন্বী, নৃবিজ্ঞান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ফাল্গুনী আহমেদ, নিনজা শিকদার, প্রাণিবিদ্যা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের অদিতি ইরা ও রিশাত আরা।