ইউআইইউতে সামার-২০২৩ শিক্ষার্থীদের নবীনবরণ

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে গত শুক্রবার সামার-২০২৩-এর আন্ডারগ্র্যাজুয়েট ও পোস্টগ্র্যাজুয়েট শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়
ছবি: সংগৃহীত

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ইউআইইউ) সামার-২০২৩-এর আন্ডারগ্র্যাজুয়েট ও পোস্টগ্র্যাজুয়েট শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বিকেলে ইউআইইউ অডিটরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ইউআইইউর স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকস, স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এবং স্কুল অব হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সের সদ্য ভর্তি হওয়া শিক্ষার্থীরা এ নবীনবরণ অনুষ্ঠানে অংশ নেন।

নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউআইইউর উপাচার্য (ভারপ্রাপ্ত) মো. আবুল কাশেম মিয়া। অনুষ্ঠানে ইউআইইউর ওপর একটি প্রেজেন্টেশন দেন সিএসই বিভাগের অধ্যাপক ও ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স অ্যান্ড কো-অপারেশন সেন্টারের পরিচালক এ কে এম মুজাহিদুল ইসলাম।

প্রধান অতিথি মো. আবুল কাশেম মিয়া তাঁর বক্তৃতায় শিক্ষার্থীদের ক্লাসে মনোযোগী হওয়ার এবং নিজেকে সফল ও বিশ্বমানের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলার জন্য নানামুখী দক্ষতা অর্জনের দিকে বিশেষ নজর দেওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. জুলফিকার রহমান বিশ্ববিদ্যালয়ের একাডেমিক নিয়মগুলো তুলে ধরেন। অন্যদের মধ্যে ইউআইইউর দুজন প্রাক্তন শিক্ষার্থী, দারাজ বাংলাদেশের এইচআর অপারেশন বিভাগের প্রধান সাঈদ আবদুল্লাহ মোরশেদ, যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা ইউনিভার্সিটি ব্লুমিংটনের কম্পিউটার সায়েন্স বিভাগের পিএইচডি স্টুডেন্ট অ্যান্ড অ্যাসোসিয়েট ইনস্ট্রাক্টর সাবিলা নওশিন ও দুজন নবাগত শিক্ষার্থী বক্তব্য দেন।

নবীনবরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার (ভারপ্রাপ্ত) এ এস এম সালাহউদ্দিন, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, পরিচালকসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও অভিভাবকেরা।