
পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, ড. মুহাম্মদ ইউনূসের প্রতি বাংলাদেশ সরকারের আচরণের বিষয়ে যে অভিযোগগুলো তুলে বিশ্বনেতারা উদ্বেগ জানিয়েছেন, সেগুলো ‘একেবারে অলীক’।
পররাষ্ট্র মন্ত্রণালয়ে আজ বৃহস্পতিবার দুপুরে পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ মন্তব্য করেন।
শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের প্রতি বাংলাদেশ সরকারের আচরণের বিষয়ে গভীর উদ্বেগ জানিয়েছেন ৪০ বিশ্বনেতা। এ বিষয়ে তাঁরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে একটি খোলাচিঠি দিয়েছেন।
গত মঙ্গলবার রাজনীতি, কূটনীতি, ব্যবসা, শিল্পকলা ও শিক্ষাক্ষেত্রের ৪০ বিশ্বনেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এই খোলাচিঠি দিয়েছেন। চিঠিটি যুক্তরাষ্ট্রের প্রভাবশালী ওয়াশিংটন পোস্ট পত্রিকায় পূর্ণ পাতাজুড়ে বিজ্ঞাপন হিসেবেও প্রকাশিত হয়েছে।
৪০ বিশ্বনেতার খোলাচিঠির বিষয়ে জানতে চাইলে আব্দুল মোমেন বলেন, ‘বাংলাদেশে যে উন্নয়ন হচ্ছে, রোল মডেল...পৃথিবী স্বীকার করেছে, বাংলাদেশ উন্নয়নের রোল মডেল। অনেকে, যাঁরা বাংলাদেশকে দেখতে পারেন না, শেখ হাসিনাকে দেখতে পারেন না, তারা উদ্দেশ্যমূলকভাবে বিভিন্ন রকমের প্রচেষ্টা চালান।...শেখ হাসিনার কারণেই এই উন্নয়নগুলো তরতর করে হচ্ছে। তাঁরে (শেখ হাসিনা) যদি বাদ দিতে পারি, তাহলে এখানে একটি অস্থিতিশীলতা হবে। সেই তালেই তাঁরা আছেন। সে জন্যই তাঁরা বিভিন্ন ফন্দিফিকির করছেন...বাট আই মাস্ট সে...এগুলো হচ্ছে আঙুর ফল টক। যে অভিযোগ করেছেন, আই মাস্ট সে, এগুলো একেবারে অলীক।’