সেফ ট্রেডিংয়ের কারখানায় স্বয়ংক্রিয় যন্ত্রে তৈরি হচ্ছে মোয়া
সেফ ট্রেডিংয়ের কারখানায় স্বয়ংক্রিয় যন্ত্রে তৈরি হচ্ছে মোয়া

এসএমই

নাড়ু, মোয়ার ব্যবসায় সফল উদ্যোক্তা দম্পতি

‘আপনি যদি এই প্রজন্মের কারও কাছে কিছু হালকা খাবারের (স্ন্যাক্স) নাম জানতে চান, তাহলে সে হয়তো গড়গড় করে কয়েক ধরনের ফাস্ট ফুডের নাম বলে দেবে। অথচ অনেকের ছোটবেলায় শহর-গ্রামে মুড়ি, মোয়া, মুড়কির যেসব খাবার পাওয়া যেত, তা হয়তো অনেকের কাছে অচেনা। আবার কোথাও এসব খাবার পাওয়া গেলেও অস্বাস্থ্যকর ভেবে অনেকে খেতে চান না। এসব পণ্যকেই আবার স্বাস্থ্যসম্মতভাবে নতুন করে বাজারে আনার লক্ষ্যে কাজ শুরু করি আমি।’

নিজের ব্যবসায় উদ্যোগের কথা প্রথম আলোর কাছে এভাবেই জানালেন মো. মোস্তফা কামাল। সম্প্রতি উত্তরায় অবস্থিত তাঁর প্রতিষ্ঠান সেফ ট্রেডিং করপোরেশনে বসে কথা হয় মোস্তফার সঙ্গে। গ্রামীণ ঐতিহ্যবাহী বিভিন্ন মুখরোচক খাবারকে আধুনিক যন্ত্রের মাধ্যমে তৈরি করে সফল হয়েছেন এই উদ্যোক্তা। এ কাজে তাঁর সহযোগী ছিলেন স্ত্রী শায়লা আখন্দ। মাত্র তিনজন কর্মী নিয়ে শুরু করা তাঁদের প্রতিষ্ঠান সেফ ট্রেডিং করপোরেশনে বর্তমানে ৩৫ জন কর্মী কাজ করছেন।

পাবনা পলিটেকনিক ইনস্টিটিউট থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা করেন মোস্তফা কামাল। পড়াশোনার পাট চুকিয়ে ২০০১ সালে প্রথমে গাজীপুরের সফিপুরে একটি পেপার ও হার্ডবোর্ড মিলে কাজ নেন তিনি। এক বছর সেখানে থেকে উত্তরায় একটি ঠিকাদারি কোম্পানির বিপণন বিভাগের কর্মকর্তা হিসেবে কাজ শুরু করেন। ২০০৯ সালে ওই ঠিকাদারি কোম্পানির মালিক মারা গেলে সেখানে আর চাকরি না করে নিজেই কিছু করার চিন্তা করেন এই উদ্যোক্তা।

ছোটবেলা থেকেই ঘোরাঘুরির শখ ছিল মোস্তফা কামালের। সময় পেলেই বিভিন্ন এলাকায়, বিশেষ করে স্থানীয় মেলাগুলোতে ঘুরতেন। এর মাধ্যমে একটা বিষয় মোস্তফার নজরে আসে। তিনি দেখেন, ছোটবেলায় হাটবাজারে যেসব গ্রামীণ মুখরোচক খাবার পাওয়া যেত, সেগুলো শহর এলাকায় তেমন পাওয়া যায় না। ঢাকার বিভিন্ন সুপারশপ ঘুরেও এমন চিত্র দেখেন তিনি।

মোস্তফা বলেন, এসব পণ্যের চাহিদা থাকলেও অস্বাস্থ্যকর ভেবে অনেকেই তা কেনেন না। তাই স্বাস্থ্যকর পরিবেশে তৈরি করে এ ধরনের খাবার বিক্রির লক্ষ্যে ব্যবসা শুরুর চিন্তা মাথায় আসে। এ নিয়ে স্ত্রীর সঙ্গে আলাপ করলে তিনিও সায় দেন।

পুঁজি কম থাকায় শুরুতে ট্রেডিং ধরনের ব্যবসা শুরুর চিন্তা করেন তাঁরা। বিষয়টা এমন—ঢাকাসহ বিভিন্ন জেলা থেকে গ্রামীণ ঐতিহ্যের খাবার সংগ্রহ করবেন। এরপর তা স্বাস্থ্যসম্মত উপায়ে মোড়কজাত করে বিক্রি করবেন। ২০১০ সালের শুরুতে নিজেদের জমানো ৯২ হাজার টাকা ও তিনজন কর্মী নিয়ে শুরু করেন কাজটি।

ঢাকার চকবাজার থেকে কিনে আনেন ওজন মাপার ও মোড়কজাতকরণের যন্ত্র। আর পাবনা থেকে বিভিন্ন ধরনের নাড়ু, নরসিংদী থেকে বিভিন্ন ফুলপিঠা, টঙ্গী থেকে মুড়ি ও চিড়ার মোয়া, রাজধানীর বাড্ডা থেকে নিমকি, মুড়ালি, মনাক্কা, চিড়া, ডাল ও বাদাম ভাজা ইত্যাদি বানিয়ে এনে বিক্রি শুরু করেন তাঁরা।

মোস্তফা কামাল বলেন, ‘মানুষকে স্বাস্থ্যকর পরিবেশে তৈরি গ্রামবাংলার ঐতিহ্যবাহী মুখরোচক খাবার সরবরাহ করতে চেয়েছি আমরা। এ জন্য প্রতিষ্ঠানের নাম রেখেছি সেফ ট্রেডিং করপোরেশন, আর ব্র্যান্ডের নাম দিয়েছি “সতেজ”।’

মো মোস্তফা কামাল ও শায়লা আখন্দ

শুরুর দিকে ঢাকার অনেক সুপারশপে গেলেও কেউ তাঁদের পণ্য রাখতে রাজি হয়নি। মাস দু-এক পর সুপারশপ মীনাবাজার প্রথম তাঁদের পণ্য নেয়। এর অল্প কিছুদিনের মধ্যেই ব্যাপক গ্রাহক সাড়া পান তাঁরা। প্রথম মাসেই ৭৬ হাজার টাকার পণ্য বিক্রি হয়। পরের মাসে বিক্রি বেড়ে দ্বিগুণ হয়। এরপর অন্য সুপারশপগুলোও তাঁদের পণ্য নিতে শুরু করে। পাশাপাশি বেশ কিছু খুচরা দোকানেও এসব পণ্য বিক্রির ব্যবস্থা করা হয়।

শুরুতে সাড়া পেয়ে পরে নিজেই উৎপাদনে যাওয়ার চিন্তা করেন মোস্তফা। এ জন্য প্রথমে টঙ্গীতে একটি বেকারি অংশীদারি ভিত্তিতে ভাড়া নেন। পরে উৎপাদন আরও বাড়ানোর চিন্তা থেকে ২০১৫ সালে উত্তরার ১৪ নম্বর সেক্টরের পাকুরিয়া এলাকায় নতুন একটি কারখানা করেন তিনি।

নিজেদের পণ্যকে সবার কাছে আরও জনপ্রিয় করতে পণ্য উৎপাদনেও স্বয়ংক্রিয় প্রযুক্তি ও আন্তর্জাতিক মান সনদ নেওয়ার চিন্তা করেন মোস্তফা কামাল দম্পতি। তবে এ জন্য প্রয়োজন ছিল কারখানার সুন্দর কর্মপরিবেশ (কমপ্লায়েন্স) নিশ্চিত করা ও কর্মীদের প্রশিক্ষণ। তাই ২০১৮ সালে আগের কারখানা ছেড়ে দিয়ে একই এলাকায় নতুন কারখানা স্থাপন করেন।

আধুনিক যন্ত্র আনতে ২০১৯ সালের শেষে চীনে যান মোস্তফা কামাল। সেখানে ১৫ দিন থেকে নিজের চাহিদা অনুসারে পাঁচটি যন্ত্র তৈরি করিয়ে আনেন তিনি। মোস্তফা জানান, এসব যন্ত্রের মাধ্যমে সনাতনী পদ্ধতির চেয়ে চার-পাঁচ গুণ বেশি পরিমাণে উৎপাদন সম্ভব হয়। ২০২২ সালের মধ্যে আন্তর্জাতিক দুটি সনদ (হ্যাচাপ ও আইএসও ২২০০০: ২০১৮) পায় সেফ ট্রেডিং করপোরেশন। মোস্তফা কামাল বলেন, ‘এসব সনদ গ্রাহক ও ভোক্তাদের কাছে আমাদের আস্থা আরও বাড়িয়েছে।’

বর্তমানে বিভিন্ন ধরনের নাড়ু, নিমকি, মুড়ালি, মনাক্কা, মোয়া বার, চিড়া, ডাল ও বাদাম ভাজাসহ প্রায় ৩০ ধরনের খাদ্যপণ্য স্বয়ংক্রিয় যন্ত্রে উৎপাদন করা হয় সেফ ট্রেডিংয়ের কারখানায়। পাশাপাশি এলাচ, দারুচিনিসহ বিভিন্ন ধরনের মসলা পণ্য মোড়কজাত করেও বিক্রি করেন তাঁরা।

তিনজন কর্মী নিয়ে শুরু করা মোস্তফার সেই কারখানায় এখন কাজ করছেন ৩৫ জন কর্মী। সারা দেশে ৪০ জনের বেশি সরবরাহকারী রয়েছে সেফ ট্রেডিং করপোরেশনের। অনলাইনেও উল্লেখযোগ্য পরিমাণে বিক্রি হয় তাঁদের পণ্য। দেশের বাজারে আরও বিস্তৃতি ঘটানোর পাশাপাশি বিদেশে রপ্তানিরও পরিকল্পনা রয়েছে বলে জানান মোস্তফা কামাল। তবে এ জন্য নতুন বিনিয়োগ আশা করছেন তিনি। নিজেদের কাজের স্বীকৃতি হিসেবে গত বছর বর্ষসেরা মাইক্রো উদ্যোক্তা বিভাগে পেয়েছেন জাতীয় এসএমই পুরস্কার।

তবে গত কয়েক মাসে বিভিন্ন কাঁচামালের দাম বেড়ে যাওয়ায় সমস্যায় আছেন বলে জানান এই উদ্যোক্তা। তিনি বলেন, সব জিনিসের দাম অনেক বেড়েছে। ব্যাংকঋণ পরিশোধই এখন দায় হয়ে দাঁড়িয়েছে। এভাবে ব্যবসা ধরে রাখা কঠিন হয়ে যাচ্ছে।