হাজার কোটি টাকা মুনাফার ক্লাবে ডাচ্‌–বাংলা ও সাউথইস্ট ব্যাংকও

সদ্য বিদায়ী ২০২১ সালে এক হাজার কোটি টাকা পরিচালন মুনাফা করেছে, এমন তালিকায় রয়েছে আরও দুটি ব্যাংক। ব্যাংক দুটি হলো ডাচ্-বাংলা ও সাউথইস্ট ব্যাংক। আজ রোববার ব্যাংক দুটির পক্ষ থেকে প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করা হয়।

ফলে সব মিলিয়ে ছয়টি বেসরকারি ব্যাংক এবার হাজার কোটি টাকার বেশি মুনাফার ক্লাবে যুক্ত হয়েছে। অন্য চারটি ব্যাংক হলো ইসলামী ব্যাংক, পূবালী ব্যাংক, দ্য সিটি ব্যাংক ও ইস্টার্ন ব্যাংক। এর মধ্যে কয়েকটি ব্যাংক গত বছরগুলোতেও হাজার কোটি টাকার পরিচালন মুনাফা করেছিল, তবে পরিচালন মুনাফা কোনো ব্যাংকের চূড়ান্ত মুনাফার তথ্য নয়। পরিচালন মুনাফা থেকে নিরাপত্তা সঞ্চিতি ও করপোরেট কর কেটে রাখার পরই প্রকৃত মুনাফার তথ্য পাওয়া যাবে।

জানা যায়, করোনার আগে ২০১৯ সালে ডাচ্-বাংলা ব্যাংকের পরিচালন মুনাফা ছিল ১ হাজার ১২৬ কোটি টাকা। ২০২০ সালে তা কমে হয় ১ হাজার ৫০ কোটি টাকা। আর ২০২১ সাল শেষে পরিচালন মুনাফা বেড়ে হয় ১ হাজার ২২৮ কোটি টাকা। ফলে দেখা যাচ্ছে, করোনার আগে স্বাভাবিক সময় ব্যাংকটি যে মুনাফা করেছে, তার চেয়েও ব্যাংকটি বেশি মুনাফা করেছে করোনাক্রান্ত বছরে।

বেসরকারি খাতের সাউথইস্ট ব্যাংক বিদায়ী বছরে ১ হাজার ১৬ কোটি টাকা পরিচালন মুনাফা করেছে। ২০২০ সালে ব্যাংকটির পরিচালন মুনাফা ছিল ৮১৫ কোটি টাকা। করোনার আগে স্বাভাবিক সময়ে অর্থাৎ ২০১৯ সালে ব্যাংকটি ৮৯৮ কোটি টাকা পরিচালন মুনাফা করেছিল। ২০১৮ সালে পরিচালন মুনাফা ছিল ৯৭৮ কোটি টাকা। ফলে ব্যাংকটি এবারই প্রথম হাজার কোটি টাকার মুনাফার ক্লাবে যুক্ত হলো।

ব্যাংকাররা বলছেন, আমদানি বাণিজ্য, ব্যাংক ঋণের সুদ, কমিশন ও মাশুল আদায় এবং শেয়ারবাজারের অতি মুনাফার কারণে গত বছর প্রায় সব ব্যাংকের পরিচালন মুনাফা বেড়েছে। তবে ন্যাশনাল ব্যাংকের পরিচালন মুনাফায় বড় পতন হয়েছে।