লোডশেডিংয়ে পচনের ঝুঁকিতে হিমাগারের পণ্য, বলছেন ব্যবসায়ীরা

লোডশেডিংয়ের কারণে দেশের জেলা, উপজেলা পর্যায়ে কোল্ড স্টোরেজ বা হিমাগারে সংরক্ষিত পচনশীল দ্রব্যসামগ্রী নষ্ট হওয়ার ঝুঁকিতে আছে বলে জানিয়েছেন দেশের হিমাগার ব্যবসায়ীরা। এই পরিস্থিতিতে হিমাগার শিল্পের জন্য নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার দাবি জানিয়েছেন তাঁরা।

বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের (বিসিএসএ) সভাপতি মোস্তফা আজাদ চৌধুরীর স্বাক্ষরিত এক বিবৃতিতে এ দাবি জানানো হয়েছে। সম্প্রতি এ বিষয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে হিমাগার মালিকদের এই সংগঠন।

বিসিএসএ’র তথ্যানুসারে, ছোট-বড় মিলিয়ে চার শতাধিক হিমাগার রয়েছে সারা দেশে। এসব হিমাগারে সাধারণত খাবার আলু, বীজ আলু, রপ্তানিযোগ্য আলু, শিল্পে ব্যবহৃত আলু, ফলমূল, মাছ, মাংসসহ অন্যান্য পচনশীল দ্রব্যসামগ্রী সংরক্ষণ করা হয় এবং সারা বছর চাহিদা অনুযায়ী তা বাজারে সরবরাহ করা হয়।

এফবিসিসিআইয়ের সিনিয়র সহসভাপতি ও বিসিএসএর সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বলেন, লোডশেডিংয়ের কারণে হিমাগারের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখা সম্ভব হচ্ছে না। ফলে সংরক্ষণ করা পণ্যের গুণগত মান নষ্ট হচ্ছে। এমনকি পণ্যসামগ্রী পচনের ঝুঁকিতে আছে, যা কৃষক, ব্যবসায়ী ও হিমাগার মালিকদের আর্থিক ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে।

হিমায়িত দ্রব্যসামগ্রী ক্ষতিগ্রস্ত হলে এসব পণ্যের বাজার অস্থিতিশীল হয়ে উঠতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।

এই পরিস্থিতি দ্রুত বিবেচনায় নিয়ে হিমাগার শিল্পে বিদ্যুৎ সরবরাহ নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে দ্রুত পদক্ষেপ নিতে সরকারের প্রতি অনুরোধ জানান মোস্তফা আজাদ চৌধুরী।