
যুক্তরাষ্ট্রের জ্বালানি মন্ত্রণালয় শুক্রবার ওয়াটার হিটার বা পানি গরম করার যন্ত্রের জন্য একটি নতুন জ্বালানি দক্ষতা মানদণ্ড প্রস্তাব করেছে, যেটির বাস্তবায়ন হলে ভোক্তারা জ্বালানি ও পানির বিল বাবদ ১ হাজার ১৪০ কোটি ডলার সাশ্রয় করতে পারবেন।
আবাসিক পর্যায়ে ওয়াটার হিটারের জ্বালানি দক্ষতার মানদণ্ড গত ১৩ বছরে হালনাগাদ করা হয়নি। কংগ্রেস চাইছে জ্বালানি দক্ষতার নতুন মানদণ্ড প্রণয়ন করা হোক। যুক্তরাষ্ট্রে একজন সাধারণ ভোক্তা তাঁর মোট বার্ষিক খরচের ১৩ শতাংশই ব্যয় করে থাকেন বাসাবাড়িতে পানি গরম, বিদ্যুৎ ও পানি বাবদ।
রয়টার্সের খবরে বলা হয়েছে, জ্বালানি খরচে সাশ্রয়ী হওয়ার এই প্রস্তাবে সাধারণ আকারের বৈদ্যুতিক ওয়াটার হিটারের ব্যবহারকে প্রাধান্য দিয়েছে জ্বালানি মন্ত্রণালয়। এ ক্ষেত্রে হিট পাম্প প্রযুক্তি ও গ্যাসচালিত ওয়াটার হিটারের ব্যবহার করার কথা বলা হয়েছে।
চূড়ান্ত করা হলে এই মানদণ্ড ২০২৯ সালে কার্যকর করা হবে। এর ফলে আগামী ৩০ বছরে প্রায় ২০ হাজার কোটি ডলার সাশ্রয় হবে বলে ধারণা করা হচ্ছে। এ ছাড়া এই পরিকল্পনা বাস্তবায়ন হলে এই সময়ে ৫০ কোটি মেট্রিক টন কার্বন ডাই-অক্সাইডের নির্গমন কমবে বলেও আশা করা হচ্ছে। জ্বালানি বিভাগ বলছে, কার্বন নির্গমনের এই পরিমাণ বর্তমানে ৬ কোটি ৩০ লাখ বাড়ি, যা দেশটির মোট বাড়ির অর্ধেক, বছরে যে পরিমাণ কার্বন নির্গমন করে তার প্রায় সমান।
জ্বালানিমন্ত্রী জেনিফার গ্রানহোম বলেন, এই প্রস্তাব ‘ইতিমধ্যে কর্মজীবী পরিবারগুলোর জ্বালানি ব্যয় কমাতে সরকার যে নজিরবিহীন পদক্ষেপ নিয়েছে, তার অতিরিক্ত।
ওয়াটার হিটার নির্মাতা রিম, পরিবেশবাদী গোষ্ঠী ন্যাচারাল রিসোর্সেস ডিফেন্স কাউন্সিল ও ভোক্তাদের অধিকার নিশ্চিতে কাজ করা প্রতিষ্ঠানগুলো এই মানদণ্ডকে স্বাগত জানিয়ে একটি যৌথ বিবৃতি দিয়েছে।
তবে ট্যাংকবিহীন ওয়াটার হিটার প্রস্তুতকারক রিনাই বলেছে, ওয়াটার হিটার নিয়ে প্রস্তাবিত মানদণ্ড অনুযায়ী পণ্য তৈরি করা ‘প্রযুক্তিগতভাবে অসম্ভব’ এবং এর ফলে ভোক্তাদের পছন্দের সুযোগ কমবে।
বাইডেন প্রশাসন চলতি বছরে এ পর্যন্ত ১৮টি পণ্যের ক্ষেত্রে হয় দক্ষতা মানদণ্ড প্রস্তাব করেছে কিংবা চূড়ান্ত করেছে।
সাবেক রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শাওয়ার হেডের দক্ষতার মানদণ্ড নিয়ে এর আগে আপত্তি করে বলেছিলেন যে এগুলো তাঁর চুল ধোয়ার ক্ষেত্রে ঝামেলা তৈরি করছে। সে সময়কার জ্বালানি মন্ত্রণালয় এ ধরনের পণ্যের মানদণ্ড শিথিল করেছিল। তবে বাইডেন প্রশাসন ২০২১ সালে শাওয়ার হেডসংক্রান্ত মানদণ্ড পুনরায় আরোপ করে।