চট্টগ্রাম বন্দর
চট্টগ্রাম বন্দর

ফেব্রুয়ারি মাসে আমদানি কমেছে ৩৮%

ডলার–সংকট ও ঋণপত্র খোলায় কড়াকড়ির কারণে ফেব্রুয়ারি মাসে দেশে আমদানি কমেছে ৩৮ শতাংশ। গত বছরের ফেব্রুয়ারি মাসে আমদানি হয়েছিল ৮৩২ কোটি ডলারের পণ্য ও সেবা। এ বছরের ফেব্রুয়ারিতে যা ৫১৪ কোটি ডলারে নেমে এসেছে।  

আমদানিতে এখন প্রতি ডলারে ব্যয় হচ্ছে প্রায় ১০৬ টাকা। রপ্তানি বিল নগদায়ন হচ্ছে ১০৫ টাকায় আর ব্যাংকগুলো প্রবাসী আয় কিনছে সর্বোচ্চ ১০৭ টাকায়।

জানা যায়, চলতি অর্থবছরের জুলাই-ফেব্রুয়ারি সময়ে ঋণপত্র খোলা হয়েছে ৪ হাজার ৫৫১ কোটি ডলারের, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ২৩ দশমিক ৪৫ শতাংশ কম। গত অর্থবছরের একই সময়ে ঋণপত্র খোলা হয়েছিল ৫ হাজার ৯৪৫ কোটি ডলারের।  

ঋণপত্র খোলা কমলেও ঋণপত্র নিষ্পত্তি এখনো অতটা কমেনি। চলতি অর্থবছরের জুলাই-ফেব্রুয়ারি সময়ে ঋণপত্র নিষ্পত্তি হয়েছে ৫ হাজার ২০৯ কোটি ডলারের, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ১ দশমিক ২২ শতাংশ কম। গত অর্থবছরের একই সময়ে ঋণপত্র নিষ্পত্তি হয়েছিল ৫ হাজার ২৬৬ কোটি ডলারের।

জানা গেছে, চাহিদামতো ঋণপত্র খুলতে না পেরে অনেক ব্যবসায়ী ব্যবসা গুটিয়ে আনছেন বা সীমিত করছেন। অনেকেই আবার ব্যবসা পরিবর্তন করেছেন। এক বছর ধরে চলা ডলার–সংকটও এখনো কাটেনি।

তবে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলছেন, আগে যে পরিমাণ পণ্য আনতে সাড়ে ৮ বিলিয়ন ডলার খরচ হতো, এখন তা সাড়ে ৫ বিলিয়ন ডলার খরচেই আনা যাচ্ছে। আমদানি পণ্যের মূল্য পরীক্ষা করায় এখন কেউ বেশি দাম দিয়ে পণ্য আনতে পারছেন না। এখন রপ্তানি পণ্যের মূল্যও পরীক্ষা করা হবে।

চলতি সপ্তাহে ব্যাংকার্স সভা শেষে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক সাংবাদিকদের বলেন, হুন্ডির চাহিদা কমাতে বেশি বা কম দামে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ করা হচ্ছে। এটা অনেকটা সফল হয়েছে।  

এদিকে রিজার্ভ থেকে ডলার বিক্রি অব্যাহত রেখেছে বাংলাদেশ ব্যাংক। ফলে রিজার্ভ কমে দাঁড়িয়েছে ৩ হাজার ১২৪ কোটি ডলার। কেন্দ্রীয় ব্যাংক এখন ১০৩ টাকা দরে ডলার বিক্রি করছে।