
এবার ‘এখন কিনুন, পরে পরিশোধ করুন’ সেবা চালু করেছে অ্যাপল। প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রে গত মঙ্গলবার এই সেবা চালু করা হয়। তবে অ্যাপলের এই সেবা আর্থিক প্রযুক্তি খাতের জন্য নতুন প্রতিযোগিতা সৃষ্টি করবে। এই খাত এখন নিয়ন্ত্রণ করছে অ্যাফার্ম হোল্ডিংস এবং সুইডেনের লেনদেন কোম্পানি ক্লারনার মতো সংস্থাগুলো। খবর রয়টার্সের
এই সেবার নাম ‘অ্যাপল পে লেটার’। হাতে টাকা না থাকলেও অ্যাপল পে ব্যবহারকারী ভোক্তা পছন্দের পণ্যটি কিনে পরে অর্থ পরিশোধ করতে পারবেন। চারটি কিস্তিতে ছয় সপ্তাহের মধ্যে টাকা পরিশোধ করতে পারবেন সুবিধা গ্রহণকারীরা। এই সেবার জন্য তাঁদের কোনো সুদ বা ফি দিতে হবে না। শুরুতে নির্বাচিত কিছু ব্যবহারকারী এই সুবিধাটি পাবেন এবং আগামী মাসগুলোতে তা সম্প্রসারণ করা হবে।
কোম্পানিটি জানায়,অ্যাপল পের মাধ্যমে যেসব ব্যবসায়ী পণ্য বিক্রি করেন, তাঁদের কাছ থেকে অনলাইন ও অ্যাপের মাধ্যমে পণ্য কিনলে একজন গ্রাহক ৫০ ডলার থেকে ১ হাজার ডলার পর্যন্ত ঋণ করতে পারবেন। কোম্পানিটি জানায়, ৮৫ শতাংশের বেশি মার্কিন পণ্য খুচরা বিক্রেতা অ্যাপল পে গ্রহণ করে।
এ জে বেল-এর প্রধান আর্থিক বিশ্লেষক ড্যানি হিউসন বলেন, অ্যাপলের পরে টাকা দেওয়ার এই সুবিধা অন্যদের জন্য দারুণ আঘাত হিসেবে আসতে পারে। অ্যাপল একটি সর্বব্যাপী নাম, ফলে অন্যদের এদিকে নজর রাখতে হবে। তাদের বাজার শেয়ার কিছুটা হলেও অ্যাপলের কাছে চলে যাবে।
অ্যাপলের ঘোষণার পর একই রকম সেবা প্রদানকারী কোম্পানি অ্যাফার্মের শেয়ারের দাম ৭ শতাংশ কমেছে, আর পেপালের কমেছে ১ শতাংশ।
২০২০ সালে করোনা মহামারির কারণে যখন লকডাউন ছিল, তখন মানুষ কেনাকাটার জন্য অনলাইন লেনদেনের দ্বারস্থ হয়েছিল। ফলে ‘এখন কিনুন, পরে অর্থ দিন’ ধরনের সেবা প্রদানকারী আর্থিক প্রযুক্তি কোম্পানিগুলোর চাহিদা বেড়ে যায়। বিশেষ করে মিলেনিয়াল ও জেনারেশন জি ক্রেতারা এসব প্ল্যাটফর্ম ব্যাপকভাবে ব্যবহার করে।
পেপ্যাল ও ব্লকের মতো ডিজিটাল লেনদেন প্রতিষ্ঠান অন্য কোম্পানি কিনে তাদের ব্যবসা সম্প্রসারিত করে। আর অ্যাফার্ম শেয়ারবাজার থেকে বেশ কয়েক শ কোটি ডলার তোলে।
তবে এসব কোম্পানির সেই সুদিন আর নেই। সুদের হার বৃদ্ধি ও উচ্চ মূল্যস্ফীতির কারণে মানুষের ক্রয়ক্ষমতা কমে গেছে। ফলে মানুষ খরচ বাঁচাতে কম ব্যয় করছে।
নতুন সেবার জন্য অ্যাপল কোনো অংশীদার ব্যবহার করছে না, বরং তহবিল এবং ঋণ ব্যবস্থাপনার কাজটি তারা নিজেরাই সরাসরি করবে। বিষয়টির দিকে নজর দিয়ে ডি এ ডেভিডসন-এর বিশ্লেষক ক্রিস্টোফার ব্রেন্ডলার বলেন, ‘আমরা আশা করব অ্যাপল সতর্কভাবে কার্যক্রম চালাবে।’