এডিবি ৫ প্রকল্পে প্রায় আড়াই হাজার কোটি টাকা দেবে

পাঁচটি উন্নয়ন প্রকল্পে ২৩ কোটি ডলার ঋণ দেবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। বর্তমান বিনিময় হারে (প্রতি ডলার ১০৫ টাকা) এই ঋণের অর্থ ২ হাজার ৪০০ কোটি টাকার সমপরিমাণ।

আজ বৃহস্পতিবার এডিবির কান্ট্রি ডিরেক্টর এডিমন গিন্টিং বৈঠক করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের সঙ্গে। বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী সাংবাদিকদের এসব তথ্য দেন। রাজধানীর শেরেবাংলা নগরে মন্ত্রীর দপ্তরে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

জানা গেছে, রেল উন্নয়ন, বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কার, বন্যায় ক্ষতিগ্রস্ত টিউবওয়েল সংস্কার করে খাওয়ার পানি নিশ্চয়তা দেওয়াসহ মোট পাঁচটি প্রকল্পে এডিবি ঋণ দেবে। প্রকল্পগুলো পরিকল্পনা মন্ত্রণালয়ে প্রক্রিয়াকরণ শেষ হলেও অনুমোদনে দেরি হচ্ছে।

আজকের বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সাংবাদিকদের বলেন, রেল, সড়ক ও টিউবওয়েল সংস্কারসংক্রান্ত্র মোট পাঁচটি প্রকল্প তৈরি আছে। এখন আমার দায়িত্ব হলো, এসব প্রকল্প দ্রুত অনুমোদন করিয়ে দেওয়া। এরপরই অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) চুক্তির বিষয়গুলো চূড়ান্ত করবে।

সার্বিকভাবে সংস্কার নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া। আমরা নিজেরাই অনেক সংস্কার করছি। অনেক সময় বন্ধুদের অনুরোধে সংস্কার করা হয়।

এম এ মান্নান আরও বলেন, ‘সরকার এখন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সংস্কারকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। এই সংস্থা আমাদের আয়ের ক্ষেত্রে প্রধান ভূমিকা রাখছে। রাজস্ব খাততে উচ্চ অগ্রাধিকার দিয়ে থাকি। রাজস্ব খাতে দ্রুত সংস্কার না করলে আয় কমে যাবে।’ এডিবির সম্ভাব্য বাজেট সহায়তা সম্পর্কে আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘খুব শিগগির এডিবির কাছ থেকে বাজেট সহায়তা পাওয়া যাবে বলে আশা করছি।’

অন্যদিকে এডিবির কান্ট্রি ডিরেক্টর এডিমন গিন্টিং সাংবাদিকদের বলেন, ‘আমরা বাংলাদেশকে সব সময়ই সহায়তা দিচ্ছি। তবে বাংলাদেশের রাজস্ব আয় বাড়ানো দরকার। তাই সংস্কার প্রয়োজন। বিশেষ করে আয়কর অধ্যাদেশ সংস্কারে বাংলাদেশকে সহায়তা দেওয়া হবে।

বাজেট সহায়তা নিয়ে আরেক প্রশ্নের জবাবে এডিমন গিন্টিং বলেন, ‘বাজেট সহায়তার বিষয়টি নিয়ে আমরা কাজ করছি। আশা করি দ্রুত তা শেষ হবে। পাঁচটি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দ্রুত হলে আমরা চুক্তির কার্যক্রম শুরু করতে পারি।’

জার্মানি দেবে ৭ কোটি ইউরো

শ্রমিকদের বিমার জন্য সাত কোটি ইউরো অনুদান দেবে জার্মানি। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত বস্ত্র ও চামড়া খাতের কর্মীদের জন্য এ অর্থ খরচ হবে।

আজ অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) ও জার্মান সরকারের মধ্যে এ–সংক্রান্ত চুক্তি স্বাক্ষর হয়। শেরেবাংলা নগরের ইআরডি মিলনায়তনে অনুষ্ঠিত অনুষ্ঠানে চুক্তিতে সই করেন ইআরডি সচিব শরিফা খান ও জার্মান দাতা সংস্থা জিআইজেডের কান্ট্রি ডিরেক্টর আন্দ্রেস কক।

বস্ত্র ও চামড়া খাতের শ্রমিকদের সুরক্ষা দিতে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে ইআরডি সূত্রে জানা গেছে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এই প্রকল্প বাস্তবায়ন করবে।