ইউক্রেন যুদ্ধ: যে ৩ কারণে বিদেশি কোম্পানিগুলো রাশিয়া ছাড়তে পারছে না

রাশিয়া থেকে যেকোনো বিদেশি কোম্পানির বেরিয়ে আসা খুবই কঠিন। বিষয়টি আলোচনায় এসেছে, কারণ এক বছরের বেশ কিছু আগে ইউক্রেন আক্রমণের পর পশ্চিমা অনেক কোম্পানি বলেছিল যে তারা আর রাশিয়ায় ব্যবসা করবে না। কিন্তু মাত্র ৫২০টি কোম্পানি এখন পর্যন্ত কাজটি করতে পেরেছে।

ইয়েল ইউনিভার্সিটির একটি গবেষণা উদ্ধৃত করে বিজনেস ইনসাইডার বলছে, ইউক্রেনে রাশিয়ার হামলার মাস দুয়েকের মধ্যেই কয়েক হাজার বিদেশি কোম্পানি ঘোষণা করেছিল যে তারা রাশিয়া থেকে কার্যক্রম গুটিয়ে নেবে। কিন্তু এরই মধ্যে এটা প্রমাণিত হয়েছে যে কাজটি খুব সহজ নয়।

বিষয়টি এমন নয় যে তারা চেষ্টা করেনি। দর-কষাকষির সঙ্গে জড়িত রয়েছেন এমন একজনকে উদ্ধৃত করে গত সপ্তাহে ফাইন্যান্সিয়াল টাইমসের এক রিপোর্টে বলা হয়েছে, দুই হাজারের বেশি কোম্পানি রাশিয়ার বাজার থেকে বেরিয়ে যাওয়ার লক্ষ্যে অনুমতি চেয়েছে।

কিন্তু রাশিয়ার যে কর্তৃপক্ষ এসব আবেদন বিবেচনা করে, তারা মাসে মাত্র তিনবার বৈঠক করে, আর প্রতিবার তারা সাতটি করে আবেদন নিয়ে কাজ করে। ফাইন্যান্সিয়াল টাইমসের মতে, সে কারণেই পুরো প্রক্রিয়া ধীর হয়ে পড়েছে।

রাশিয়ায় যারা কোনো না কোনো ধরনের ব্যবসায়ী কার্যক্রম চালায়, সেই সব বিদেশি কোম্পানির রাতারাতি সবকিছু বন্ধ করে চলে চাওয়ার ক্ষেত্রে বেশ কিছু আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক বাধা রয়েছে। হঠাৎ করে মনে হলো আর চলে গেলাম, বিষয়টি ঠিক তেমন নয়। এই মুহূর্তের রাশিয়া ছেড়ে চলে যাওয়া সহজ কোনো ব্যাপার নয়।

বিজনেস ইনসাইডার এ ক্ষেত্রে তিনটি মূল কারণ উল্লেখ করছে:

১) কোম্পানিগুলো নিয়ম মেনে রাশিয়া ছাড়তে চেষ্টা করছে

ইউক্রেনে হামলার পর অনেক কোম্পানি অনেকটা তাড়াহুড়ো করেই বলেছিল যে তারা রাশিয়া ছাড়তে চায়। এদের মধ্যে কয়েকটি বড় ব্র্যান্ড যেমন ম্যাকডোনাল্ডস, স্টারবাকস এরই মধ্যে রাশিয়া ছেড়ে চলে গেছে। কিন্তু নানা কারণে কিছু কোম্পানির ক্ষেত্রে এই প্রক্রিয়া বেশ ধীর হয়ে পড়েছে।

বোস্টনভিত্তিক বিনিয়োগ ব্যবস্থাপনা পরামর্শক কোম্পানি লুমিস সেলেসের বিশ্লেষক হাসান মালিক ইনসাইডারকে গত জুনে বলেছিলেন, বোর্ডরুমে নেওয়া যেকোনো সিদ্ধান্ত বাস্তবে কাজে পরিণত করতে সময় লাগে।

কোনো কোনো কোম্পানি এটাও জানিয়েছে, তাদের স্থানীয় কর্মীদের প্রতি তাদের যে দায়িত্ব রয়েছে, ব্যবসা গুটিয়ে নেওয়া কিংবা থেকে যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সেটিও বিবেচনা করতে হয়।

যেসব কোম্পানি সবার আগে রাশিয়া ছেড়েছে, আইবিএম তাদের একটি। এর প্রধান নির্বাহী কর্মকর্তা অরভিন্দ কৃষ্ণা গত জুনে দেওয়া এক বিবৃতিতে বলেন, ‘রাশিয়ায় আমাদের সহকর্মীদের কোনো দোষ না থাকা সত্ত্বেও তাদের মাসের পর মাস চাপ এবং অনিশ্চয়তার মধ্যে দিন কাটাতে হয়েছে।’

যুক্তরাজ্যভিত্তিক ভোক্তাপণ্য প্রস্তুতকারী কোম্পানি ইউনিলিভার গত ফেব্রুয়ারিতে দেওয়া এক বিবৃতিতে বলে, ‘রাশিয়ায় আমাদের জন্য যাঁরা কাজ করেন, তাঁদের ছেড়ে যাওয়া উচিত বলে আমরা মনে করি না।’

রাশিয়ায় বর্তমানে বিশাল এই কোম্পানির তিন হাজার কর্মী রয়েছেন। গত বছর থেকে তারা রাশিয়ায় কোনো পণ্য আমদানি করছে না কিংবা দেশটি থেকে কোনো রপ্তানিও করছে না। এমনকি তারা পুঁজিও আনা-নেওয়া করছে না। কেবল রাশিয়ায় তৈরি পণ্য সরবরাহ করছে এই কোম্পানি।

হঠাৎ করে ব্যবসা বন্ধ করে দিলে কী হতে পারে, তা নিয়েও উদ্বেগ রয়েছে। ইউনিলিভার ওই বিবৃতিতে আরও বলেছিল, ‘এটা পরিষ্কার যে আমরা যদি আমাদের ব্যবসা এবং ব্র্যান্ড ছেড়ে চলে যাই, তাহলে রাশিয়ার সরকার আমাদের ব্যবসা অধিকার করে নিয়ে তা পরিচালনা করবে।’

ব্যবসা বিক্রি করে দেওয়াও খুব ভালো একটা বিকল্প নয়। ‘এখন পর্যন্ত আমরা কোনো সমাধান খুঁজে পাইনি। ফলে সম্ভবত রাশিয়ার সরকার এখান থেকে আরও সুবিধা নিতে পারেনি,’ ইউনিলিভারের বিবৃতিতে বলা হয়।

২) অর্থনীতি চালু রাখতে ক্রেমলিন পথ খুঁজে বের করেছে

ইউক্রেনে যুদ্ধ শুরুর পর অনেক দেশ রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। এরপর বিদেশি কোম্পানিগুলোর জন্য দেশটি ত্যাগ করা কঠিন করে তোলে মস্কো। বিশেষ করে সেই সব দেশের কোম্পানির জন্য যারা রাশিয়ার ওপর অবরোধ আরোপ করেছে।

রাশিয়ার অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে গত সপ্তাহে দেওয়া এক দলিলে বলা হয়েছে, ‘অবন্ধুসুলভ দেশের’ যেসব বিনিয়োগকারী তাদের ব্যবসা বিক্রি করতে চায়, তাদের অবশ্যই রাশিয়ার বাজেটের জন্য বিক্রি করা অর্থের ১০ শতাংশ দান করতে হবে।

আগেই বলা হয়েছিল যে বিক্রি করার ক্ষেত্রে বিনিয়োগকারীদের তাদের সম্পদের ৫০ শতাংশ কাটছাঁট করতে হবে এবং দানের ১০ শতাংশ হবে এর অতিরিক্ত।

তবে এরও আগে বিনিয়োগকারীকে রাশিয়া ছাড়তে সরকারি অনুমতি পেতে হবে। তবে কর্মীরা যাতে চাকরি না হারান, সেটা নিশ্চিত করার চাপ থাকে তাঁদের ওপর। লুমিস সেলেসের হাসান মালিক বলেন, পুতিন সরকার বছরজুড়ে এই কৌশল চালিয়ে গেছে।

ফলে যেসব কোম্পানি রাশিয়া ছাড়তে চায়, তাদের বেশ কয়েকটি কাজ করতে হয়। প্রথমে তাদের এমন ক্রেতা খুঁজে বের করতে হয়, যারা ব্যবসাটি চালিয়ে যাবে। দ্বিতীয়ত, ব্যবসা চালাবে ভিন্ন একটি নামে। আবার রাশিয়ার ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে এমন ক্রেতা খুঁজে পাওয়াও কঠিন।

এ ক্ষেত্রে ম্যাকডোনাল্ডসের উদাহরণ দেওয়া যেতে পারে। মে মাসে তারা স্থানীয় একটি কোম্পানির কাছে তাদের ব্যবসা বিক্রি করে। এ ক্ষেত্রে যে চুক্তি হয়েছে, তার আওতায় স্থানীয় কোম্পানিটিকে রাশিয়ায় ম্যাকডোনাল্ডসের সব কর্মীকে দুই বছর চাকরিতে রাখতে এবং বেতন দিতে হবে। মার্কিন ফাস্ট ফুড কোম্পানির বিবৃতিতে এ কথা বলা হয়েছে।

এসব কারণ এবং যুদ্ধের জন্য সেনাবাহিনীতে জনবল নিয়োগের ফলে রাশিয়ায় বেকারের সংখ্যা খুবই কম। যুদ্ধ শুরুর এক বছর পরও দেশটির অর্থনীতি শক্তিশালী রয়েছে বলে দেখানো হচ্ছে। তবে পরিস্থিতি এমন থাকবে না বলেই অনেকে মনে করছেন।

অ্যালুমিনিয়ামের বড় ব্যবসায়ী ওলেগ দেরিপাসকা মার্চে সাইবেরিয়ায় অনুষ্ঠিত ক্রাসনোইয়ারস্ক অর্থনীতি ফোরামে বলেছিলেন যে রাশিয়ার ‘বিদেশি বিনিয়োগকারীদের দরকার হবে’, কারণ দেশটির তহবিল ফুরিয়ে আসছে। ব্লুমবার্গ তাকে উদ্ধৃত করে বলে, আগামী বছরে আর কোনো অর্থ থাকবে না।

৩) চলে যাওয়ার ক্ষেত্রে প্রক্রিয়াগত চ্যালেঞ্জ

রাশিয়ার বেশির ভাগ বিদেশি কোম্পানি বহুজাতিক। ফলে সেখানে কার্যক্রম বন্ধ করার একটি প্রতিক্রিয়া অন্য জায়গায় পড়তে পারে।

বহুজাতিক কোম্পানিগুলো বৈশ্বিকভাবে সংযুক্ত। সুতরাং কোনো একটি স্থানে তাদের কার্যক্রম বন্ধ করলে অন্য স্থানের কার্যক্রম প্রভাবিত হতে পারে। লন্ডন স্কুল অব ইকোনমিকসের অধ্যাপক সল এস্ট্রিন এবং আইভি বিজনেস স্কুলের অধ্যাপক ক্লস ই মেয়ার বুধবার প্রকাশিত একটি ব্লগপোস্টে এমনভাবে বিষয়টি ব্যাখ্যা করেন।

ম্যাকডোনাল্ডস ও স্টারবাকসের উদাহরণ টেনে তাঁরা লেখেন, এ ধরনের পরস্পর নির্ভরশীলতা হয়তো খুব বড় কিছু নয়, যদি তাঁরা শুধু পণ্য বিক্রি আর সেবা দেওয়ার কাজ করেন। কিন্তু তাঁরা যদি মূল কোম্পানির জন্য কাঁচামাল বা মধ্যবর্তী পণ্য কেনেন, তাহলে তা মূল কোম্পানির নির্ভরশীলতা বাড়ায় এবং সমস্যা তৈরি করে।

তাঁরা বলেন, বৈশ্বিক সরবরাহব্যবস্থা খুব জটিল একটি ব্যাপার। গাড়ি ও মেশিন টুলস শিল্পের মতো কোনো কোম্পানি যদি কোথাও তাদের কার্যক্রম বন্ধ করে, তাহলে তাদের কাঁচামাল বা মধ্যবর্তী পণ্য কেনার জন্য আবার নতুন বাজার খুঁজে বের করতে হবে।