ডলারের সমন্বিত হার কার্যকর করা কঠিন হবে

ড. সেলিম রায়হান
ড. সেলিম রায়হান

বাংলাদেশ ব্যাংকের নতুন মুদ্রানীতিকে স্বাগত জানাই। এই মুদ্রানীতির গুরুত্বপূর্ণ দিক হলো এর মাধ্যমে নীতির পরিবর্তন হচ্ছে। যা সামনের দিনগুলোতে ভালো কিছু বয়ে নিয়ে আসবে বলে আশা করি। তবে মুদ্রানীতির কয়েকটি বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নও রয়েছে।

প্রথমত, ২০২০ সালের এপ্রিল থেকে সুদের হারের ওপর যে সীমা বজায় রাখা হলো, সেটা যে আসলে কোনো সুফল বয়ে আনেনি, তা স্বীকার করার দরকার ছিল। ব্যক্তি খাতে বিনিয়োগ বাড়বে—এ উদ্দেশ্যে কাজটা করা হলেও তেমন কোনো ফলাফল আমরা দেখিনি। সে জন্য আত্মসমালোচনার দরকার ছিল।

দ্বিতীয়ত, মুদ্রানীতিতে যে নীতি সুদহারের করিডরের কথা বলা হচ্ছে, তাতে সুদহার আসলেই বাজারভিত্তিক হবে কি না, তা এখনো নিশ্চিত নয়। কারণ, বলা হচ্ছে যে রেফারেন্স সুদের হার হবে ট্রেজারি বিলের ১৮২ দিনের এক ধরনের একটা গড় এবং সেই রেফারেন্স সুদের হারের সঙ্গে ৩ শতাংশ মার্জিন যোগ করে ব্যাংকঋণের সুদহার হবে। এই মার্জিন আর্থিক প্রতিষ্ঠানের জন্য হবে ৫ শতাংশ এবং সিএসএমইর জন্য ১ শতাংশ অতিরিক্ত সুদ নেওয়া যাবে। এখানে প্রশ্ন তোলার যথেষ্ট অবকাশ রয়েছে, সেটি হলো কেন্দ্রীয় ব্যাংক ট্রেজারি বিলের অকশনে কম সুদের হার অফার করার মাধ্যমে সুদহার নিম্নমুখী করে রেখে দিয়েছে কি না? এ ধরনের অকশনে যখন কেন্দ্রীয় ব্যাংক কম সুদহার অফার করে, তখন বাণিজ্যিক ব্যাংকগুলো সেভাবে অংশগ্রহণ করতে পারে না। যে কারণে ট্রেজারি বিলের যে সুদহার আমরা এখন দেখতে পাচ্ছি, সেটাকে বাজারভিত্তিক বলার অবকাশ কম।

তৃতীয়ত, আমরা ডলারের বিনিময় হারের ক্ষেত্রে একটা ভালো পদক্ষেপ দেখতে পাচ্ছি। মুদ্রানীতিতে বলা হচ্ছে, বাজারভিত্তিক বিনিময় হার করা হবে। একই সঙ্গে বিদ্যমান বিভিন্ন বিনিময় হারকে সমন্বিত একটি হার করা হবে। আমাদের দেখার আগ্রহ থাকবে, কীভাবে বাংলাদেশ ব্যাংক এই নতুন কৌশল কার্যকর করে। তবে প্রবাসী আয়ের ক্ষেত্রে আড়াই শতাংশ অতিরিক্ত সুবিধা দিয়ে সমন্বিত হার কার্যকর করা কঠিন হবে।

চতুর্থত, প্রবাসী আয়ের ক্ষেত্রে আমরা নিম্নমুখী প্রবৃদ্ধির প্রবণতা দেখছি। বলা হচ্ছে যে আগামী অর্থবছরে প্রবাসী আয় বাড়বে। তবে এ বিষয়ে সন্দেহের অবকাশ রয়েছে। কারণ, শুধু আড়াই শতাংশ অতিরিক্ত প্রণোদনা দিয়ে রেমিট্যান্স বা প্রবাসী আয়প্রবাহে বড় ধরনের উন্নতি আশা করা ঠিক নয়। প্রবাসী আয় কম আসার পেছনে হুন্ডির বড় ধরনের প্রভাব রয়েছে। আর হুন্ডি ব্যবসার পেছনে রয়েছে এ দেশ থেকে টাকা পাচারের বড় ধরনের ঘটনা। সুতরাং টাকা পাচার বন্ধে কার্যকর পদক্ষেপ না নিতে পারলে প্রবাসী আয়ে উন্নতির সম্ভাবনা কম।

পঞ্চমত, খেলাপি ঋণ কমানোর ক্ষেত্রে কী কী সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়া হচ্ছে, সেগুলো সুস্পষ্ট করা হলে ব্যাংকিং খাতের ওপর আস্থার জায়গাটা আরও শক্ত হতো। নতুন মুদ্রানীতিতে এই সুনির্দিষ্ট পদক্ষেপের কথাগুলো বলা নেই।