
প্রথম আলো: ইলেকট্রোমার্টের কারখানায় এখন কী কী পণ্য হচ্ছে? আগামী দিনে আপনারা নতুন কী ধরনের পণ্য উৎপাদনের পরিকল্পনা করছেন?
নুরুল আফসার: ইলেকট্রনিক পণ্যের উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠান হিসেবে ইলেকট্রো মার্টের যাত্রা শুরু হয় ১৯৮০ সালে। ২০১৫ সালে দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে ইলেকট্রনিক শিল্পনগরী গড়ে তোলার কাজ শুরু করি আমরা। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মোগড়াপাড়ায় চায়না-বাংলাদেশ যেথ উদ্যোগে কারখানাটি স্থাপন করা হয়। বর্তমানে কারখানাটিতে কনকা, গ্রী ও হাইকো ব্র্যান্ডের পণ্য উৎপাদিত হচ্ছে। বর্তমানে আমরা কনকা ও হাইকো ব্র্যান্ডের রেফ্রিজারেটর, ফ্রিজার ও বৈদ্যুতিক পাখা, গ্রী ব্র্যান্ডের শীতাতপযন্ত্র বা এসি উৎপাদন করছি। আমাদের লক্ষ্য কারখানাটিকে একটি আন্তর্জাতিক মানের ইলেকট্রনিক গৃহস্থালি সামগ্রীর শিল্পনগরী হিসেবে প্রতিষ্ঠিত করা। সেই সঙ্গে বিশ্বমানের পণ্য স্বল্প মূল্যে গ্রাহকের দোরগোড়ায় পেছে দেওয়া। আমাদের কারখানায় প্রত্যক্ষভাবে প্রায় চার হাজার লোকের কর্মসংস্থান হয়েছে। এ ছাড়া পরোক্ষভাবে সাত হাজারের বেশি লোক জড়িত এ কারখানার সঙ্গে।
প্রথম আলো: দেশে ডলারের দাম অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। মূল্যস্ফীতি বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের ক্রয়ক্ষমতাও কমেছে। এ অবস্থায় ইলেকট্রনিকসের ব্যবসা কেমন যাচ্ছে?
নুরুল আফসার: রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে ডলারের দাম অস্বাভাবিক বেড়েছে, তাই পণ্যমূল্যে আমাদের কিছুটা এ দর সমন্বয় করতে হয়েছে। এ ছাড়া মূল্যস্ফীতির কারণে মানুষের ক্রয়ক্ষমতায়ও পরিবর্তন এসেছে। এ জন্য আমরা আমাদের উৎপাদন পরিকল্পনা, ব্যয় ব্যবস্থাপনা ও সীমিত মুনাফায় বেশি জোর দিয়েছি। তাই ডলারের মূল্যবৃদ্ধির প্রভাব পণ্যমূল্যে খুবই সীমিত। এ কারণে চাহিদায় বড় ধরনের কোনো প্রভাব পড়েনি।
প্রথম আলো: দেশে ফ্রিজের বাজার কত বড়? উৎপাদন ও বিক্রির দিক থেকে দেশে ফ্রিজের বাজারে আপনাদের অবস্থান কেমন?
নুরুল আফসার: বিশাল জনগোষ্ঠীর এ দেশে বছরে ফ্রিজের চাহিদা ২৫ লাখের বেশি। উৎপাদন ও বিক্রির দিক থেকে আমাদের বাজার হিস্যা ২৫-৩০ শতাংশ। আমাদের কনকা ও হাইকো ব্র্যান্ডের রেফ্রিজারেটর ও ফ্রিজার পণ্যে নিত্যনতুন প্রযুক্তি ব্যবহৃত হয়, তাতে ফ্রিজারকে প্রয়োজনে রেফ্রিজারেটর হিসেবেও ব্যবহার করা যায়।
প্রথম আলো: দেশে ওয়াশিং মেশিন, ব্লেন্ডার, আয়রনসহ বিভিন্ন ধরনের পণ্যের বাজার বড় হচ্ছে। আপনারা এ ধরনের পণ্য উৎপাদনে জোর দিচ্ছেন কি?
নুরুল আফসার: বর্তমানে দেশে ইলেকট্রনিক গৃহস্থালি সামগ্রীর চাহিদা ব্যাপক। বিশাল জনগোষ্ঠী, দ্রুত নগরায়ণ, কর্মজীবী ছোট পরিবারের সংখ্যা বৃদ্ধি এবং সরকারের নানা উদ্যোগের ফলে মাথাপিছু আয় বৃদ্ধি এবং শতভাগ বিদ্যুতায়নের ফলে এ ধরনের পণ্যের বাজার ও চাহিদা দ্রুত বাড়ছে। আমরা ইতিমধ্যে হাজার কোটি টাকার বেশি বিনিয়োগের মাধ্যমে শীতাতপযন্ত্র বা এসি, ফ্রিজার এবং সিলিং ফ্যান উৎপাদন করছি। পাশাপাশি অন্যান্য ইলেকট্রনিক গৃহস্থালি সামগ্রী উৎপাদনে কারখানা স্থাপন প্রক্রিয়াধীন আছে।
প্রথম আলো: দেশ থেকে ইলেকট্রনিক পণ্য রপ্তানি শুরু হয়েছে। আপনাদের রপ্তানির কোনো পরিকল্পনা আছে কি?
নুরুল আফসার: আমাদের উৎপাদিত পণ্য বর্তমানে দেশেই বিক্রি হয়। তবে শিগগিরই রপ্তানির পরিকল্পনা নিয়ে অগ্রসর হচ্ছি। বর্তমানে সরকারের নীতি ইলেকট্রনিক পণ্য উৎপাদনের জন্য যথেষ্ট অনুকূল বলেই আমরা বিশ্বাস করি। ২০২৩ সাল পর্যন্ত গৃহস্থালি ইলেকট্রনিক পণ্য উৎপাদনে ভ্যাট ছাড় রয়েছে। এ সুবিধা ২০৩০ সাল পর্যন্ত বাড়ানো হলে তাতে বিদেশি বিনিয়োগকারীরা আকৃষ্ট হবেন। আমাদের দেশে বেশির ভাগ ক্ষেত্রে দেখা যায়, নীতি সহায়তার ধারাবাহিকতা থাকে না। এ ধরনের শিল্পে হাজার কোটি টাকার বিনিয়োগ করতে হয়। তাই সবাই বিনিয়োগের বিপরীতে রিটার্নের নিশ্চয়তা চায়। রিটার্নের নিশ্চয়তা না থাকলে দীর্ঘমেয়াদি বিনিয়োগে আসবে না। তাই আমি মনে করি সরকারের নীতি সহায়তা ২০৩০ সাল পর্যন্ত বহাল রাখা হলে এ খাতে বিপুল বিনিয়োগ হবে। তাতে পোশাক ও অন্যান্য রপ্তানিমুখী শিল্পের সঙ্গে এ খাতও ভবিষ্যতে রপ্তানিমুখী শিল্প খাতে পরিণত হবে।