সাক্ষাৎকার

টাইলসের বাজার গ্রামাঞ্চলেও চলে গেছে

সিরামিকের বাজারে নতুন করে যুক্ত হয়েছে ফ্রেশ সিরামিক। কোম্পানিটি এ খাতে যুক্ত হওয়ার দেড় বছর হয়েছে। এ সময়ে ফ্রেশ সিরামিকের বাজার অংশীদারি, ব্যবসা পরিস্থিতিসহ এ খাতের সামগ্রিক বিষয়ে কথা বলেছেন ফ্রেশ সিরামিকের প্রধান পরিচালন কর্মকর্তা এ কে এম জিয়াউল হক। সাক্ষাৎকার নিয়েছেন সানাউল্লাহ সাকিব।

এ কে এম জিয়াউল হক প্রধান পরিচালন কর্মকর্তা, মেঘনা সিরামিক
এ কে এম জিয়াউল হক 
প্রধান পরিচালন কর্মকর্তা, মেঘনা সিরামিক
প্রশ্ন

দেড় বছর হলো ফ্রেশ সিরামিক টাইলস উৎপাদন শুরু করছে। টাইলসের বাজারটি কেমন দেখছেন?

এ কে এম জিয়াউল হক: আগে শহরের মানুষ বাসাবাড়িতে টাইলস ব্যবহার করত। এখন উপশহর ও গ্রামগঞ্জেও টাইলসের ব্যবহার হচ্ছে। ফলে চাহিদাও বাড়ছে। তবে অন্য সময়ের চেয়ে টাইলসের বাজারে এখন একটু কঠিন সময় যাচ্ছে। বিক্রি অনেক কমে গেছে। কারণ, গ্যাসের দাম বাড়ার ফলে টাইলসের দাম বাড়াতে হয়েছে। আবার নির্মাণসামগ্রীর দাম বেড়ে যাওয়ায় মূল্যস্ফীতিসহ বিভিন্ন আর্থিক পরিস্থিতি ও রোজার কারণে নির্মাণকাজ কমে গেছে। যার প্রভাব পড়েছে টাইলসের বিক্রির ওপর। আশা করছি আগামী জুলাই থেকে পরিস্থিতি আবারও আগের অবস্থায় ফিরবে।

প্রশ্ন

আপনাদের কারখানার যে উৎপাদনক্ষমতা, তার পুরোটা কি ব্যবহার হচ্ছে। কেমন করছে ফ্রেশ টাইলস।

এ কে এম জিয়াউল হক: প্রতিবছর বাজারে ১০ হাজার কোটি টাকার টাইলসের চাহিদা আছে। এ বাজারে অল্প কয়েকটি কোম্পানির বড় অংশীদারি রয়েছে। ফ্রেশ সিরামিকের কারখানার সক্ষমতার প্রায় ৯০ শতাংশ ব্যবহার হচ্ছে। ফ্রেশ বাজারে নতুন হলেও গত বছর আমরা দ্বিতীয় সর্বোচ্চ বিক্রি করেছি। তখন উৎপাদন সক্ষমতার শতভাগ ব্যবহার হয়েছে। চলতি বছর যেভাবে চলছে, তাতে গতবারের তুলনায় বিক্রি কমে যাবে। গত মার্চে টাইলসের দাম বেড়েছে। নতুন দাম এখনো ভোক্তারা পুরোপুরি নিতে পারছেন না। তবে সময়ের সঙ্গে ভোক্তারা বুঝে যাবেন। টাইলস বিক্রি করতে সারা দেশে আমাদের নিজস্ব সাতটি বড় বিক্রয়কেন্দ্র আছে। সারা দেশে আমাদের এজেন্ট আছে। চাহিদামতো আমরা টাইলস সরবরাহ করতে পারছি।

প্রশ্ন

শুধু কি গ্যাসের দামের কারণে দাম বেড়েছে। নাকি কাঁচামাল, পরিবহনসহ অন্য খরচও বেড়েছে।

এ কে এম জিয়াউল হক: অন্য সময়ের চেয়ে এখন টাইলসের কাঁচামালের দাম একটু বেশি। তবে জাহাজভাড়া আগের চেয়ে কিছুটা কমেছে। এর ফলে পরিবহন খরচ কিছুটা কম বেড়েছে। সব মিলিয়ে টাইলসের দাম ১০ শতাংশ বাড়ানো হয়েছে। এখন অনেক দেশেই মন্দা চলছে। আশা করছি পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে। মানুষ বর্তমান পরিস্থিতির সঙ্গে খাপ খাওয়াতে পারবে। এটা হলে আগামী জুলাই থেকে আবার বিক্রি বাড়তে পারে।

প্রশ্ন

একসময় টাইলসের প্রায় পুরোটাই আমদানিনির্ভর ছিল। এখনকার বাজার কেমন। স্থানীয় কোম্পানিগুলো নকশা ও মানে কেমন করছে।

এ কে এম জিয়াউল হক: এখনো দেশে টাইলসের চাহিদার সর্বোচ্চ ১৫-২০ শতাংশ আমদানি হয়। বাকিটা স্থানীয়রা উৎপাদন করছে। আমাদের ভোক্তাদের প্রায় সবাই শহরের বাইরের। আগে টাইলস শহরের পণ্য ছিল। এখন এটা পুরো দেশের পণ্য। উপশহর ও গ্রামে টাইলসের ব্যবসা বড় হচ্ছে। দেশে যে ধরনের মান ও নকশার টাইলসের চাহিদা আছে, তা আমরা উৎপাদন করছি। এর ফলে টাইলসের বাজার শহর ছাড়িয়ে গ্রামাঞ্চলেও চলে গেছে। আমাদের সীমাবদ্ধতা হলো, এখনো বড় আকারের টাইলস উৎপাদন করতে পারছি না। বিদেশি কোম্পানিগুলো চাহিদামতো বড় আকারের টাইলস উৎপাদন করতে পারে। অবশ্য আমাদের দেশে এত বড় টাইলসের চাহিদাও কম।