মুদ্রানীতি নিয়ে বিশ্লেষণ

আমার পুরো চাকরিজীবনে অর্থনীতির এমন বহুমুখী সমস্যা দেখিনি

অর্থনীতির নানা সংকটের মধ্যে বাংলাদেশ ব্যাংক কাল মুদ্রানীতি ঘোষণা করতে যাচ্ছে। অর্থনীতিতে কী সংকট চলছে, সমাধান কীভাবে হতে পারে, তা নিয়ে কথা বলেছেন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের সাবেক চেয়ারম্যান আনিস এ খান।

আনিস এ খান
সাবেক চেয়ারম্যান, এবিবি

সমস্যা

ডলার–সংকট এখন প্রধান সমস্যা। ব্যবসায়ীরা ঋণপত্র খোলার জন্য ডলার পাচ্ছেন না। যাঁরা পাচ্ছেন, তাঁদেরও অনেক বেশি দাম দিতে হচ্ছে। ফলে মূল্যস্ফীতি বেড়ে গেছে।

এরপর বড় সমস্যা সুদহার আটকে রাখা। পৃথিবীর সব দেশ সুদহার বাড়ালেও আমরা আটকে রেখেছি। ফলে মূল্যস্ফীতির হার বেড়ে আমানতকারীদের আসল টাকা ক্ষয় হয়ে যাচ্ছে। সুদের ওপর নির্ভরশীল মানুষেরা কষ্টে জীবন যাপন করছেন। সুদহার কম থাকায় ঋণ নিয়ে অপ্রয়োজনীয় আমদানিও করছেন অনেকে।

কিছু শরিয়াহ্‌ ব্যাংকের তারল্যসংকট এখন অন্যতম সমস্যা। পুরো খাতের ২৫ থেকে ৩০ শতাংশ আমানত ও ঋণ তাদের হাতে। এর প্রভাব অন্য ব্যাংকের ওপর পড়ছে।

এ ছাড়া চলতি হিসাবের পাশাপাশি আর্থিক হিসাবেও ঘাটতি তৈরি হয়েছে। আমার পুরো চাকরিজীবনে অর্থনীতির এমন বহুমুখী সমস্যা দেখিনি। এ জন্য প্রয়োজন কার্যকর উদ্যোগ, যাতে টেকসই সমাধান আসে।

সমাধান

ডলার–সংকট কাটাতে টাকার মান কত হবে, তা বাজারের ওপর ছেড়ে দিতে হবে। এতে প্রবাসী আয় বাড়বে। রপ্তানিকারকেরা যেসব আয় বিদেশে আটকে রেখেছেন, তা নিয়ে আসবেন। এতে সংকট কিছুটা হলেও কমবে। পাশাপাশি অপ্রয়োজনীয় আমদানি নিরুৎসাহিত অব্যাহত রাখতে হবে।

সুদহারের সীমা তুলে দিতে হবে। এতে আমানতকারীরা ভালো থাকবেন। অপ্রয়োজনীয় পণ্য আমদানিতে ঋণ কম যাবে। ব্যাংকেরও আমানত বাড়বে। সরকার যে ঋণ গ্রহণের লক্ষ্য নির্ধারণ করেছে, এতে বেসরকারি খাতের ঋণের উৎস কমে যেতে পারে। এ জন্য সরকারকে আয় বাড়াতে হবে।

শরিয়াহ্‌ ব্যাংকগুলোতে যে তারল্য–সমস্যা চলছে, তা আরও অব্যাহত থাকলে সেগুলোকে একীভূত করে ফেলার উদ্যোগ নিতে হবে। এতে নগদ জমা হার, মূলধন সংরক্ষণে ব্যর্থ হওয়া, খেলাপি ঋণের হার কমানোর মতো সমস্যা কেটে যাবে।

পাশাপাশি সংকটে থাকা ব্যাংকগুলোর পরিচালনা ও ব্যবস্থাপনাতেও পরিবর্তন আনতে হবে।