অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এখন ভারতের গুজরাটে

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল
ছবি: সংগৃহীত

জি-২০ দেশগুলোর অর্থমন্ত্রী এবং কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরদের অংশগ্রহণে অনুষ্ঠেয় দুই দিনের সম্মেলনে অংশ নিতে ভারতের গুজরাট গেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। আজ শনিবার সকালে তিনি ভারতের উদ্দেশে রওনা হয়েছেন।

১৭ থেকে ১৮ জুলাই ভারতের গুজরাটের গান্ধীনগরে হবে এ সম্মেলন। অর্থ মন্ত্রণালয় আজ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

শিল্পোন্নত ও বিকাশমান অর্থনীতির জোট জি-২০। বাংলাদেশ এ জোটের সদস্য নয়। তবে শীর্ষ সম্মেলনের আয়োজক দেশ ভারত সদস্য দেশগুলোর বাইরেও বিশ্বের বিভিন্ন অঞ্চলের ৯টি দেশকে অতিথি দেশ (গেস্ট কান্ট্রি) হিসেবে অন্তর্ভুক্ত করেছে। দক্ষিণ এশিয়া অঞ্চলে অতিথি দেশ হচ্ছে বাংলাদেশ। সে হিসেবেই বাংলাদেশের পক্ষ থেকে অর্থমন্ত্রী গুজরাট গেলেন।

অন্য আট অতিথি দেশ হচ্ছে নেদারল্যান্ডস, মিসর, মরিশাস, নাইজেরিয়া, ওমান, সিঙ্গাপুর, সংযুক্ত আরব আমিরাত ও স্পেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জি-২০ দেশের প্রতিনিধিরা সম্মেলনের বিভিন্ন বৈঠকে অংশ নেবেন। মুস্তফা কামাল ১৭ জুলাই এবং ১৮ জুলাই অনুষ্ঠেয় বৈঠকে বর্তমান বিশ্বের অর্থনৈতিক সংকট পরিস্থিতি থেকে উত্তরণে করণীয় বিষয় কথা বলবেন। বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতিও তুলে ধরবেন তিনি। পাশাপাশি তিনি বিভিন্ন দেশের অর্থমন্ত্রীদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকেও অংশ নেবেন।

জি-২০ গ্রুপের সদস্যের মধ্যে রয়েছে আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, চীন, ফ্রান্স, জার্মানি, ভারত, ইন্দোনেশিয়া, ইতালি, জাপান, মেক্সিকো, রাশিয়া, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া, তুরস্ক, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

স্পেন হচ্ছে এ জোটের স্থায়ী আমন্ত্রিত অতিথি। ১৯৯৯ সালে গঠিত জি-২০–এর বর্তমান চেয়ারম্যান ভারত। ভারতে আগামী ৯ থেকে ১০ সেপ্টেম্বর অনুষ্ঠেয় জি-২০ সম্মেলন এই জোটের ১৮তম সম্মেলন। এর প্রথম সম্মেলন হয়েছিল যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি শহরে।

বিশ্বের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৮৫ শতাংশ, বাণিজ্যের ৭৫ শতাংশ এবং জনসংখ্যার দুই-তৃতীয়াংশের প্রতিনিধিত্ব করে জি-২০ ভুক্ত দেশগুলো।