
ব্যবসা শুরু করতে চান, কিন্তু পুঁজি নেই। ব্যাংক থেকে ঋণ নিতে গেলে প্রয়োজন হয় জামানতের। আবার ক্ষুদ্র উদ্যোক্তা ও স্বল্প আয়ের পেশাজীবী হওয়ায় প্রয়োজনীয় কাগজপত্র এবং আর্থিক সক্ষমতা না থাকায় অনেকে ব্যাংকঋণ পান না। এমন জনগোষ্ঠীকে ব্যাংকঋণের আওতায় আনতে ১ হাজার ৫০০ কোটি টাকার পুনঃ অর্থায়ন তহবিল গঠন করেছে বাংলাদেশ ব্যাংক।
কেন্দ্রীয় ব্যাংকের এ তহবিল থেকে ব্যাংকগুলো বার্ষিক ১ শতাংশ সুদে পুনঃ অর্থায়ন–সুবিধা নিয়ে ৭ শতাংশ সুদে ঋণ দেবে। ব্যক্তিগত পর্যায়ে সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া যাবে। তবে ৫ লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে কোনো জামানত লাগবে না। আর দলগতভাবে ঋণের সর্বোচ্চ সীমা হবে ৪০ লাখ টাকা। ঋণের মেয়াদ ৫ বছর। এটা নিয়ে বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন বিভাগ আজ বৃহস্পতিবার একটি প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপন অনুযায়ী কৃষক, ক্ষুদ্র ব্যবসায়ী, স্বল্প আয়ের পেশাজীবী, নারী উদ্যোক্তা, শিক্ষার্থী, প্রবাসী পরিবারের সদস্য এবং দুর্যোগে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা এ ঋণ পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। এ ছাড়া প্রতিবন্ধী ব্যক্তি ও তৃতীয় লিঙ্গের মানুষকেও এ সুবিধা দেওয়া হবে। তহবিলের মোট ঋণের অন্তত ২৫ শতাংশ নারীদের জন্য বরাদ্দ রাখতে হবে।
দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও) কাছে পাঠানো নির্দেশনায় ঋণ পাওয়ার যোগ্যতা, ঋণের পরিমাণ, সুদের হার, জামানত ও বিতরণপ্রক্রিয়া নির্ধারণ করে দেওয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংক বলেছে, প্রান্তিক ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে আয়বর্ধক কর্মকাণ্ডে সম্পৃক্ত করে জীবনমান উন্নয়ন এবং আর্থিক অন্তর্ভুক্তি বাড়ানোই এ উদ্যোগের উদ্দেশ্য। এ নিয়ে নতুন নীতিমালা করা হয়েছে।
কারা পাবেন এই ঋণ
এ ঋণে যেসব শ্রেণি-পেশার মানুষকে অগ্রাধিকার দেওয়া হয়েছে তার মধ্যে রয়েছেন পাড়া, মহল্লা ও গ্রামভিত্তিক অতিক্ষুদ্র ও ক্ষুদ্র উদ্যোক্তা; জেলে, চর্মকার, স্বর্ণকার, ফেরিওয়ালা, কামার, কুমার, দরজি, রিকশাচালক, ভ্যানচালক, কাঠমিস্ত্রি, রাজমিস্ত্রি, রংমিস্ত্রি ও প্লাম্বার; ইলেকট্রিক ও ইলেকট্রনিকস যন্ত্র মেরামতকারী; আচার ও পিঠা প্রস্তুতকারী এবং ক্ষুদ্র তাঁতি ও চা-শ্রমিক।
মুদি ও মনিহারি পণ্যের দোকানি, ভ্রাম্যমাণ কাপড় ব্যবসায়ী, মোবাইল রিচার্জ ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের এজেন্ট, তথ্যসেবা ও ইন্টারনেট সেবাদাতা, ভাসমান খাবার বিক্রেতা, চা-পান বিক্রেতা, বই-পত্রিকা বিক্রেতা, ফুল-ফল ও শাকসবজি বিক্রেতা এবং হাঁস-মুরগি ও গবাদিপশু পালনকারীরাও ঋণের যোগ্য হবেন।
প্রচলিত ব্যবসার বাইরেও ফ্রিল্যান্সিং, নার্সারি, বৃক্ষরোপণ, সূচিশিল্প, ব্লক-বাটিক, কুটিরশিল্প, হস্তশিল্প, বিভিন্ন ধরনের খাবার তৈরি এবং সম্ভাবনাময় উদ্ভাবনী কর্মকাণ্ডে যুক্ত ব্যক্তিরা এ ঋণ পাবেন। বিভিন্ন আয়বর্ধক কর্মকাণ্ড পরিচালনায় প্রশিক্ষণপ্রাপ্ত ভিডিপি সদস্যদেরও ঋণ দেওয়ার সুযোগ রয়েছে।
কৃষকদের মধ্যে কৃষক স্মার্ট কার্ডধারী প্রান্তিক ও ভূমিহীন কৃষকেরা অগ্রাধিকার পাবেন। তাঁদের ১০ টাকার ব্যাংক হিসাব থাকতে হবে। তবে যেসব প্রান্তিক ও ভূমিহীন কৃষকের স্মার্ট কার্ড নেই, তাঁরাও যাতে ঋণ থেকে বঞ্চিত না হন, সে বিষয়ে ব্যাংকগুলোকে সচেষ্ট থাকতে বলা হয়েছে।
নদীভাঙন, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়, বন্যা, খরা, মঙ্গা, অগ্নিকাণ্ড, ভূমিকম্প, ভবনধস ও করোনার মতো মহামারিতে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ব্যবসায়ী এবং স্বল্প আয়ের পেশাজীবীরাও অগ্রাধিকার পাবেন। একই সুবিধা পাবেন উপকূলীয়, চর ও হাওর এলাকার স্বল্প আয়ের মানুষ, ক্ষুদ্র জাতিগোষ্ঠী এবং অনগ্রসর জনগোষ্ঠীর সদস্যরা।
প্রবাসীদের রেমিট্যান্স সুবিধাভোগী পরিবারের সদস্য, বিদেশ থেকে ফিরে আসা শ্রমিক এবং তাঁদের পরিবারের সদস্যরা অগ্রাধিকার পাবেন। বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি, প্রতিবন্ধী ব্যক্তি ও তৃতীয় লিঙ্গের গ্রাহকেরা যেকোনো আয়বর্ধক কর্মকাণ্ডে যুক্ত হওয়ার জন্য অগ্রাধিকার ভিত্তিতে ঋণ পাবেন।
শিক্ষার্থীদের জন্যও ঋণ
এ স্কিমে শিক্ষার্থীদের জন্যও বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। শিক্ষাজীবন থেকে ঝরে পড়া শিক্ষার্থীসহ সুবিধাবঞ্চিত ও অসচ্ছল ২৫ বছর বয়স পর্যন্ত স্টুডেন্ট ব্যাংকিং হিসাবধারীরা বৃত্তিমূলক, কারিগরি ও তথ্যপ্রযুক্তিসহ বিভিন্ন প্রশিক্ষণের জন্য ঋণ পেতে পারেন। এ ক্ষেত্রে অভিভাবকের পরিশোধের নিশ্চয়তা দিতে হবে।
এ ছাড়া এমবিবিএস, বিডিএস ও প্রকৌশলসহ উচ্চশিক্ষার ব্যয় নির্বাহ এবং প্রয়োজনীয় শিক্ষাসামগ্রী কেনার জন্যও ঋণ দেওয়া যাবে। এসব ঋণের ক্ষেত্রেও অভিভাবকের পরিশোধের নিশ্চয়তা থাকতে হবে।
একক ঋণ ১০ লাখ, দলগত ৪০ লাখ টাকা
একজন গ্রাহক বা অতিক্ষুদ্র ও ক্ষুদ্র উদ্যোক্তা সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ পাবেন। তবে দলগত ঋণের পরিমাণ এর চার গুণ, অর্থাৎ সর্বোচ্চ ৪০ লাখ টাকা। এ জন্য দুই থেকে পাঁচ সদস্যের দল গঠন করতে হবে। প্রত্যেক সদস্য সর্বোচ্চ ৮ লাখ টাকা করে ঋণ পেতে পারেন। দলের সব সদস্য ব্যক্তিগত ও যৌথভাবে ব্যাংকের কাছে দায়বদ্ধ থাকবেন।
ঋণ পেতে গ্রাহকের ১০, ৫০ বা ১০০ টাকার ব্যাংক হিসাব থাকতে হবে। হিসাব না থাকলে নতুন করে খুলতে হবে। অনুমোদিত ঋণের অর্থ গ্রাহকের ওই হিসাবেই জমা হবে।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, ৫ লাখ টাকা পর্যন্ত ঋণে কোনো জামানত লাগবে না। তবে ৫ লাখ টাকার বেশি ঋণের ক্ষেত্রে ব্যাংক ও গ্রাহকের সম্পর্কের ভিত্তিতে যৌক্তিক সহায়ক জামানত লাগবে। এ ছাড়া ২৫ হাজার টাকা বা তার বেশি ঋণের ক্ষেত্রে ব্যাংক নিজস্ব বিবেচনায় বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট গ্যারান্টি স্কিমের সুবিধা নিতে পারবে। এ জন্য গ্যারান্টি ফি ব্যাংককে নিজস্ব উৎস থেকে পরিশোধ করতে হবে।
সুদের হার সর্বোচ্চ ৭ শতাংশ
শরিয়াহভিত্তিক ব্যাংকগুলোও এই স্কিমের আওতায় ঋণ দিতে পারবে। তবে তাদের আদায় করা মুনাফার হারও বার্ষিক ৭ শতাংশের বেশি হতে পারবে না।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, ঋণ পরিশোধে সর্বোচ্চ ৫ বছর বা ৬০ মাস সময় পাওয়া যাবে। এর মধ্যে সর্বোচ্চ ছয় মাস গ্রেস পিরিয়ড বা কিস্তি পরিশোধে বিরতি দেওয়া যাবে। গ্রেস পিরিয়ড বাদ দিয়ে ব্যাংকগুলোকে বাংলাদেশ ব্যাংকের কাছে ত্রৈমাসিক কিস্তিতে আসল, সুদ বা মুনাফা এবং সার্ভিস চার্জ পরিশোধ করতে হবে। আর গ্রাহক পর্যায়ে ঋণের কিস্তি মাসিক, ত্রৈমাসিক, ছয় মাস অন্তর অথবা বার্ষিক ভিত্তিতে নির্ধারণ করতে পারবে ব্যাংক।
ঋণ দেওয়ার আগে ব্যাংককে গ্রাহকের ক্রেডিট ইনফরমেশন ব্যুরো বা সিআইবি প্রতিবেদন নিতে হবে। তবে ৩ লাখ টাকা পর্যন্ত ঋণ বা বিনিয়োগের ক্ষেত্রে গ্রাহকের কাছ থেকে সিআইবি প্রতিবেদন সংগ্রহের জন্য কোনো চার্জ বা ফি নেওয়া যাবে না।
যেভাবে মিলবে ঋণ
কেন্দ্রীয় ব্যাংক বলেছে, ব্যাংকগুলো নিজেদের শাখা, উপশাখা, এজেন্ট ব্যাংকিং, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস, অনলাইন ব্যাংকিং ও ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে এ ঋণ বিতরণ করতে পারবে।
এজেন্ট ব্যাংকিং বা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে ঋণ বিতরণ ও আদায়ের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যাংকের পরিচালনা পর্ষদ অনুমোদিত সার্ভিস চার্জ নেওয়া যাবে। তবে বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত শিডিউল অব চার্জেসের নির্দেশনার বাইরে ঋণ বা বিনিয়োগের প্রসেসিং ফি বাবদ গ্রাহকের কাছ থেকে অতিরিক্ত কোনো অর্থ নেওয়া যাবে না।
ঋণ বিতরণ, আদায় ও গ্রাহকের অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতে ব্যাংকগুলোকে নিয়মিত তদারকি করতে হবে। এ জন্য প্রতিবার তিন মাস পার হলে পরবর্তী মাসের ১৫ তারিখের মধ্যে বাংলাদেশ ব্যাংকে প্রতিবেদন জমা দিতে হবে।