ন্যাশনাল, প্রিমিয়ার, আইএফআইসি ও আল–আরাফাহ ব্যাংকে এবার পর্যবেক্ষক বসাল কেন্দ্রীয় ব্যাংক

অনিয়ম ও দুর্নীতির কারণে আওয়ামী লীগ সরকারের পতনের পরই পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া হয়েছে। এরপর সেই ব্যাংকগুলো পরিচালনা করছেন বাংলাদেশ ব্যাংকের নিয়োগ দেওয়া স্বতন্ত্র ও শেয়ারধারী পরিচালকেরা। পরিস্থিতির খুব একটা উন্নতি হয়নি। এমন চার ব্যাংকে এবার পর্যবেক্ষক বসিয়েছে বাংলাদেশ ব্যাংক। মূলত এসব ব্যাংকের স্বতন্ত্র পরিচালকের বিরুদ্ধে অভিযোগ ওঠায় পর্যবেক্ষক বসানো হয়েছে বলে জানা গেছে।

বেসরকারি খাতের ব্যাংক চারটি হলো ন্যাশনাল ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, আইএফআইসি ব্যাংক ও আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংক। গত সপ্তাহে কেন্দ্রীয় ব্যাংকের এই নিয়োগ দিয়ে এই সব ব্যাংকে চিঠি দিয়েছে।

বাংলাদেশ ব্যাংকের পরিচালক পদমর্যাদার চার কর্মকর্তাকে পর্যবেক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তাঁরা ব্যাংকের পরিচালনা পর্ষদ, নির্বাহী কমিটি ও নিরীক্ষা কমিটির সভায় উপস্থিত থেকে পর্যবেক্ষণ করবেন। ফলে একই ব্যাংকের স্বতন্ত্র পরিচালক ও পর্যবেক্ষক বসিয়ে কেন্দ্রীয় ব্যাংক কী বার্তা দিতে চায়, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা জানিয়েছেন, কোনো কোনো স্বতন্ত্র পরিচালকের বিরুদ্ধে অভিযোগ উঠছে। এ জন্য অধিক তদারকির জন্য পর্যবেক্ষক বসানো হয়েছে।

জানা গেছে, ন্যাশনাল ব্যাংকে পর্যবেক্ষক করা হয়েছে ব্যাংক সুপারভিশন ডিপার্টমেন্ট-১২ বিভাগের পরিচালক মুনির আহমেদ চৌধুরীকে। এ ছাড়া আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক করা হয় ইসলামিক ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের পরিচালক মোহাম্মদ আনিসুর রহমানকে, প্রিমিয়ার ব্যাংকে পেমেন্ট সিস্টেম বিভাগের পরিচালক এ এন এম মঈনুল কবির এবং আইএফআইসি ব্যাংকে ফরেক্স রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট-১-এর পরিচালক এ কে এম কামরুজ্জামানকে।

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের মেয়াদে ন্যাশনাল ব্যাংক পরিচালনা করত জয়নুল হক সিকদারের সিকদার গ্রুপ, প্রিমিয়ার ব্যাংক পরিচালনা করত এইচ বি এম ইকবালের প্রিমিয়ার গ্রুপ। আইএফআইসি ব্যাংক পরিচালনা করত সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান ও আল–আরাফাহ্‌ ইসলামী ব্যাংক পরিচালনা করতেন এস আলম গ্রুপের ভাইস চেয়ারম্যান আবদুস সামাদ।