কাল ছুটির দিনে খোলা রাখতে হবে কিছু ব্যাংকের শাখা

বাংলাদেশ ব্যাংক
ছবি: সংগৃহীত

আগামীকাল বৃহস্পতিবার সরকারি ছুটির দিনেও কিছু ব্যাংকের শাখা খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। হজ কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য হজের সঙ্গে যুক্ত শাখাগুলো খোলা রাখতে বলা হয়েছে। এ নিয়ে আজ প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সুষ্ঠু হজ ব্যবস্থাপনার স্বার্থে হজ কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত ব্যাংকের সংশ্লিষ্ট শাখা ও উপশাখা সীমিতসংখ্যক লোকবলের মাধ্যমে খোলা রাখতে হবে। পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে ব্যাংক শাখা এবং উপশাখা সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা রাখতে হবে।

ব্যাংক কোম্পানি আইনের ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে জনস্বার্থে এ নির্দেশ জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

বুদ্ধপূর্ণিমা উপলক্ষে বৃহস্পতিবার সরকারি ছুটি থাকবে।