বাংলাদেশ ব্যাংকের লোগো
বাংলাদেশ ব্যাংকের লোগো

নতুন নীতিমালা জারি

আর্থিক হিসাব চলবে পুরোপুরি ডিজিটাল কেওয়াইসি দিয়ে

ডিজিটাল ব্যাংকিং সেবা ও আর্থিক অন্তর্ভুক্তি আরও ত্বরান্বিত করতে ইলেকট্রনিক নো-ইয়োর-কাস্টমার (ই-কেওয়াইসি)–সংক্রান্ত নীতিমালা হালনাগাদ করেছে বাংলাদেশ ব্যাংক। এই নীতিমালা আগামী ১ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে। প্রযুক্তিভিত্তিক ব্যাংকিং সেবায় স্বচ্ছতা আনা এবং জালিয়াতি রোধ করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা যায়।

বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, হালনাগাদ এই নীতিমালা কার্যকর হলে তাতে আর্থিক যেকোনো হিসাব খোলা ও লেনদেন চলবে পুরোপুরি ডিজিটাল কেওয়াইসি দিয়ে। নতুন নীতিমালা অনুযায়ী, এখন থেকে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও মোবাইলে আর্থিক সেবা (এমএফএস) প্রদানকারীরা ডিজিটাল মাধ্যম ব্যবহার করে তাৎক্ষণিকভাবে গ্রাহকের হিসাব খুলতে পারবে। এতে গ্রাহকের ছবি তুলে ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তথ্যের বায়োমেট্রিক যাচাইয়ের মাধ্যমে দ্রুততম সময়ে কেওয়াইসি প্রোফাইল তৈরি করা সম্ভব হবে।

গ্রাহকের ঝুঁকির মাত্রা বিবেচনা করে দুই ধরনের মডেল রাখা হয়েছে। সিম্পলিফাইড বা সহজ ই-কেওয়াইসি মূলত কম ঝুঁকিপূর্ণ গ্রাহক ও আর্থিক অন্তর্ভুক্তির আওতাভুক্ত হিসাবের জন্য প্রযোজ্য হবে। রেগুলার বা নিয়মিত ই-কেওয়াইসি বড় অঙ্কের লেনদেন এবং নিয়মিত ব্যাংকিং সেবার ক্ষেত্রে অনুসরণ করা হবে।

নীতিমালা অনুযায়ী, ই-কেওয়াইসির মূল ভিত্তি হবে গ্রাহকের জাতীয় পরিচয়পত্র। পরিচয় নিশ্চিত করতে আঙুলের ছাপ অথবা মুখাবয়ব শনাক্তকরণ প্রযুক্তি ব্যবহার করতে হবে। এর মাধ্যমে গ্রাহকেরা কোনো এজেন্টের সহায়তা ছাড়াই স্মার্টফোন, কম্পিউটারের মাধ্যমে নিজেই নিজের হিসাব খুলতে পারবেন। তবে এ ক্ষেত্রে মুখাবয়ব শনাক্তকরণ বা ফেস-ম্যাচিং মডেল ব্যবহার করতে হবে। ই-কেওয়াইসির আওতায় খোলা হিসাবের ক্ষেত্রে লেনদেনের নির্দিষ্ট সীমা দেওয়া হয়েছে। যেমন, এ ধরনের হিসাবে মাসিক নগদ জমা সর্বোচ্চ ৩ লাখ টাকা এবং স্থানান্তরের সীমা ৫ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে প্রবাসী আয় ও সরকারি ভাতার ক্ষেত্রে কোনো সীমা থাকবে না। দৈনিক নগদ এক লাখ টাকা জমার সুযোগও দেওয়া হয়েছে ই–কেওয়াইসির মাধ্যমে। এ ছাড়া দৈনিক আড়াই লাখ টাকা অর্থ স্থানান্তর করা যাবে।

এ–সংক্রান্ত নির্দেশনায় গ্রাহকের তথ্যের নিরাপত্তা নিশ্চিত করতে দ্বিস্তরবিশিষ্ট যাচাই এবং শক্তিশালী ডেটা এনক্রিপশন ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে সংশ্লিষ্টদের। পাশাপাশি সব তথ্য দেশের ভেতরের সার্ভারে সংরক্ষণ করার কথা বলা হয়েছে। বিদেশে থাকা বাংলাদেশি নাগরিকের যদি বৈধ এনআইডি থাকে, তবে তাঁরাও অ্যাপ বা ওয়েবসাইটের মাধ্যমে ই-কেওয়াইসি সম্পন্ন করে হিসাব খুলতে পারবেন।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এই নির্দেশিকা কার্যকর হওয়ার পর আগের ই-কেওয়াইসি–সংক্রান্ত অন্যান্য নির্দেশনা বাতিল হয়ে যাবে। নতুন ব্যবস্থার ফলে গ্রাহকসেবা সহজ হওয়ার পাশাপাশি ব্যাংকগুলোর পরিচালনা ব্যয়ও কমবে বলে আশা করছে বাংলাদেশ ব্যাংক।