
দেশে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে বা শহর থেকে গ্রামে টাকা পাঠানো এখন আর কোনো কঠিন বিষয় নয়। বরং টাকা পাঠানোর খরচ কোথায় কম, কোথায় বেশি—এটাই এখন মুখ্য। আবার ব্যাংক বা মুঠোফোনে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠানে হিসাব আছে কি না, এটাও একটা বড় বিষয়। এ কারণে ব্যাংক হিসাব নেই এমন ব্যক্তির কাছে কম খরচে অর্থ পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছে রাষ্ট্রমালিকানাধীন জনতা ব্যাংক। ব্যাংকিং চ্যানেলের মাধ্যমেই এ অর্থ পৌঁছে দিচ্ছে ব্যাংকটি। ব্যাংকটির এ সেবার নাম জেবি পিন ক্যাশ।
জনতা ব্যাংকের নতুন এ সেবা পেতে হলে যিনি টাকা পাঠাবেন, তাঁর ব্যাংক হিসাব থাকতে হবে জনতা ব্যাংকে। ব্যাংক হিসাব থাকলে যেকোনো শাখা থেকে গ্রাহক দেশের যেকোনো প্রান্তে তাঁর পরিবার বা প্রিয়জনের কাছে টাকা পাঠাতে পারবেন। এ জন্য যিনি এ টাকা গ্রহণ করবেন, তাঁর ব্যাংক হিসাব না থাকলেও চলবে। টাকাগ্রহীতা জনতা ব্যাংকের যেকোনো শাখা থেকে টাকা উত্তোলন করতে পারবেন। মোবাইল, জাতীয় পরিচয়পত্র ও মোবাইলে যাওয়া খুদে বার্তা নিয়ে জনতা ব্যাংকের যেকোনো শাখায় গেলেই গ্রহীতা পেয়ে যাবেন তাঁর জন্য পাঠানো টাকা। জাতীয় পরিচয়পত্র সঙ্গে না থাকলে কর শনাক্তকরণ নম্বর, ড্রাইভিং লাইসেন্স থাকলেও চলবে।
এই সেবার মাধ্যমে এক লাখ টাকা পর্যন্ত পাঠাতে খরচ পড়বে মাত্র ৮০ টাকা। আর মোবাইল ব্যাংকিং সেবার মাধ্যমে সমপরিমাণ অর্থ পাঠাতে খরচ পড়বে ১ হাজার ৪৯০ টাকা থেকে ১ হাজার ৮৫০ টাকা। ফলে টাকা পাঠানোর সেবা মাশুলের যে চাপ রয়েছে, জনতা ব্যাংকের নতুন সেবার মাধ্যমে তা থেকে মুক্তি মিলবে। তবে সেবাটি চালু থাকলেও জনতা ব্যাংকের কর্মকর্তারাও বিষয়টি নিয়ে তেমন ওয়াকিবহাল নন। ফলে নতুন এ সেবা নিতে পারছেন না অনেক গ্রাহক।
জানতে চাইলে জনতা ব্যাংকের মহাব্যবস্থাপক নূরুল ইসলাম মজুমদার প্রথম আলোকে বলেন, জনতা ব্যাংক প্রায় দুই বছর আগে সেবাটি চালু করে। তবে করোনার কারণে সেভাবে আলোচনায় আসেনি। এখন গ্রাহকেরা জানতে পারছেন, সেবাটি গ্রহণ করছেন। ব্যাংক শাখার পাশাপাশি এখন মোবাইল অ্যাপসেও সেবাটি যুক্ত করা হচ্ছে। ফলে টাকা পাঠাতে শাখায় যাওয়ারও প্রয়োজন হবে না।
জনতা ব্যাংক সূত্র জানায়, এ সেবার মাধ্যমে প্রতিদিন একজন গ্রাহক একবারে এক লাখ টাকা পর্যন্ত পাঠাতে পারবেন। দিনে সর্বোচ্চ পাঁচবার পাঁচ লাখ টাকা পর্যন্ত পাঠানো ও উত্তোলন করা যাবে। ১০ হাজার টাকা পর্যন্ত পাঠাতে খরচ হয় ২০ টাকা, এরপর ২৫ হাজার টাকা পর্যন্ত পাঠাতে খরচ হয় ৩০ টাকা। ৫০ হাজার টাকা পর্যন্ত পাঠাতে খরচ হয় ৬০ টাকা। আর ১ লাখ টাকা পর্যন্ত পাঠাতে খরচ মাত্র ৮০ টাকা। যিনি টাকা পাঠাবেন, তাঁর কাছ থেকেই এ মাশুল নেওয়া হয়। যিনি টাকা উত্তোলন করবেন, তাঁর থেকে কোনো মাশুল রাখা হয় না। ফলে পুরো টাকাই পাচ্ছেন সুবিধাভোগীরা।
বর্তমানে মোবাইল ব্যাংকিং সেবায় প্রতি হাজার টাকা পাঠাতে খরচ হয় ১৪ থেকে ১৮ টাকা ৫০ পয়সা পর্যন্ত। সে হিসাবে জেবি পিন ক্যাশে প্রতি হাজারে খরচ পড়বে ২ টাকার কম।