এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) বিল পরিশোধের পর বৈদেশিক মুদ্রার মজুত বা রিজার্ভ কমেছে। এবার জানুয়ারি-ফেব্রুয়ারি সময়ের জন্য আমদানি বিল পরিশোধ করা হয়েছে ১৩৬ কোটি ৮৭ লাখ ডলার। এতে বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ কমে হয়েছে ৩৪ দশমিক ১০ বিলিয়ন ডলার। বাংলাদেশ ব্যাংক এ তথ্য জানিয়েছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, দেশে ৫ মার্চ শেষে মোট রিজার্ভ ছিল ৩৫ দশমিক ৪৯ বিলিয়ন ডলার। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসাব পদ্ধতি বিপিএম৬ অনুযায়ী, রিজার্ভ ছিল ৩০ দশমিক ৭৬ বিলিয়ন ডলারে। সাধারণত আকু বিল পরিশোধের পর রিজার্ভ কমে যায়। এবারও কমে গেছে। এবার আকু বিল পরিশোধের পর বিপিএম৬ অনুযায়ী রিজার্ভ দাঁড়িয়েছে ২৯ দশমিক ৩৮ বিলিয়ন ডলার।
এর আগে গত নভেম্বর-ডিসেম্বর সময়ের আকু বিল ছিল ১৫৩ কোটি ডলার। সেপ্টেম্বর-অক্টোবরে পরিশোধ করা হয় ১৬১ কোটি ডলার। তার আগের দুই মাসে ১৫০ কোটি ডলার পরিশোধ করা হয়েছিল।
আকু হলো এশিয়ার কয়েকটি কেন্দ্রীয় ব্যাংকের মধ্যকার একটি আন্ত-আঞ্চলিক লেনদেন নিষ্পত্তিব্যবস্থা। এর মাধ্যমে এশিয়ার ৯টি দেশের মধ্যে যেসব আমদানি-রপ্তানি হয়, তার মূল্য দুই মাস পরপর নিষ্পত্তি করা হয়। অন্য দেশগুলোর সঙ্গে বাংলাদেশের আমদানি-রপ্তানিসংক্রান্ত লেনদেন তাৎক্ষণিকভাবে সম্পন্ন হয়। আকুর সদস্যদেশগুলো হচ্ছে বাংলাদেশ, ভারত, ইরান, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা, মিয়ানমার, ভুটান ও মালদ্বীপ।