সাক্ষাৎকারে এমডি

‘গ্রাহকের আস্থায় মিডল্যান্ড ব্যাংকের পথচলা’

মো. আহসান-উজ জামান, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী, মিডল্যান্ড ব্যাংক লিমিটেড
মো. আহসান-উজ জামান, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী, মিডল্যান্ড ব্যাংক লিমিটেড

‘ব্যাংকের ব্যবসাটি পুরোটাই আস্থার ওপর নির্ভরশীল। আমরা যা কিছু করেছি, তা থেকে ধারণা করছি, আমাদের গ্রাহকেরা মিডল্যান্ড ব্যাংক লিমিটেডের প্রতি বিশ্বাস রাখছেন। আস্থা রাখছেন। আমরা আমাদের গ্রাহকদের আমানত সংগ্রহ করেছি। এই দীর্ঘ সময়ে ব্যাংকটির কোনো দুর্নাম হয়নি। এখানে সুশাসনের মাধ্যমে আমরা একটা সুন্দর ব্যাংকিং ব্যবস্থার সৃষ্টি করতে পেরেছি।’

নিজেদের প্রতিষ্ঠান সম্পর্কে এমনটাই বললেন মিডল্যান্ড ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. আহসান-উজ জামান। সম্প্রতি প্রথম আলোকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি মিডল্যান্ড ব্যাংক লিমিটেডের সার্বিক দিক তুলে ধরেন।

মিডল্যান্ড ব্যাংক ২০১৩ সালে তাদের কার্যক্রম শুরু করে। ওই বছর সরকার নয়টি ব্যাংকের অনুমোদন দেয়। এর মধ্যে মিডল্যান্ড ব্যাংক একটি। ব্যাংকগুলোর অনুমোদন নিয়ে নানা বিতর্ক থাকলেও সময়ের ব্যবধানে কেউ কেউ সেই বিতর্ক কাটিয়ে উঠেছে। এর মধ্যে মিডল্যান্ড ব্যাংক অন্যতম। ১০ বছরে ব্যাংকটি করপোরেট সুশাসনে অগ্রগতি দেখিয়েছে। কর্মীদের ভালো কর্মপরিবেশ নিশ্চিত করেছে। এই ব্যাংকের স্লোগান হলো, ‘ব্যাংক ফর ইনক্লুসিভ গ্রোথ’ বা অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির জন্য ব্যাংক।

মো. আহসান-উজ জামান বলেন, ‘আমাদের ব্যাংকে রয়েছে নানা ধরনের আমানত ও ঋণপণ্য। প্রবাসীদের জন্য প্রবাসী সেভিংস। বিদেশে বসে প্রবাসীদের হিসাব ও আমানত রাখার জন্য রয়েছে এমডিবি ডিজিটাল প্রবাসী সেভিংস। এ ছাড়া রয়েছে এমডিবি ইন্টারেস্ট ফার্স্ট, ডিজিটাল সেভিংস, রিটেইল ব্যাংকিং এবং সুপার সেভার। আমরা শুধু যে বড়দের জন্যই আয়োজন রাখছি, তা নয়, স্কুলের শিক্ষার্থীদের জন্য রয়েছে এমডিবি স্কুল সেভার, যা ১৮ বছরের কম বয়সী শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য। কলেজের শিক্ষার্থীদের জন্য কলেজ সেভার, যা ১৮ বছরে বেশি বয়সের শিক্ষার্থীরা মাত্র ৫০০ টাকা জমা দিয়ে খুলতে পারেন।’

মো. আহসান-উজ জামান জানান, মিডল্যান্ড ব্যাংকের বিভিন্ন মেয়াদি আমানত প্রক্রিয়া রয়েছে। এতে প্রতি মাসে টাকা জমা দিয়ে মেয়াদ শেষে ভালো মুনাফাসহ টাকা পাওয়া যায়। এসব আমানতের উল্লেখযোগ্য হলো এমডিবি ফ্যামিলি সাপোর্ট, শিক্ষা সঞ্চয় প্রকল্প, সুপার মান্থলি সেভিংস, ডাবল বেনিফিট, মিলেনিয়ার সেভিংস স্কিম, ট্রাভেলার্স সেভিংস স্কিম, এমডিবি কোটিপতি ইত্যাদি।

ব্যাংকটির বর্তমানে সাড়ে তিন লাখ গ্রাহক আছেন। তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ব্যাংক হিসাব খোলা যায় বলে কাউকে সশরীর ব্যাংকে আসতে হয় না। ঘরে বসেই গ্রাহকেরা ফিক্সড ডিপোজিট ও নানা ধরনের বিল প্রদান করতে পারছেন। শুধু শহর এলাকার মানুষই যে এই সুবিধা পাচ্ছেন তা কিন্তু নয়, ১৬৮টি ডিস্ট্রিবিউশনের মাধ্যমে অজপাড়াগাঁয়ের মানুষও এই ব্যাংকের সুযোগ-সুবিধা খুব সহজেই গ্রহণ করতে পারছেন।

ব্যাংকের ঋণসেবা নিয়ে মো. আহসান-উজ-জামান বলেন, ‘ঋণ দেওয়ার জন্য আমাদের রয়েছে নানান ধরনের ঋণসেবা। খুচরা ঋণের মধ্যে অন্যতম হলো ব্যক্তিগত ঋণ, গাড়ি কেনা, বাড়ি কেনা, সিকিউরড ঋণ—এগুলো। রয়েছে তথ্যপ্রযুক্তি খাতের উদ্যোক্তাদের জন্য আইটি উদ্যোগ, কৃষি, এসএমই, গ্রিন ঋণ। একটা জিনিস এখানে উল্লেখযোগ্য, সেটা হলো আমাদের সমাজে ৫০ শতাংশ নারী। উদ্যোক্তা কোটায় তাঁরা বিভিন্নভাবে অবদান রাখছেন। আমাদের ১৬০ কোটি টাকা নারীদের ঋণ দেওয়া আছে। ২০২২ সালে পাঁচ হাজার নারীকে সহায়তা করেছি।’

গ্রাহকদের সেবা প্রদানের ধারাবাহিকতায় মিডল্যান্ড ব্যাংকে ইন্টারনেট ব্যাংকিং ও মোবাইল অ্যাপ সেবা ‘মিডল্যান্ড অনলাইন’ চালু রয়েছে। এর মাধ্যমে গ্রাহকেরা যেকোনো সময় যেকোনো স্থানে বসে তাঁদের ব্যাংকিং কার্যক্রম সম্পন্ন করতে পারেন। আর শুরু থেকে গ্রাহকদের মোবাইল এসএমএস অ্যালার্ট সার্ভিস পাচ্ছেন। এর ফলে গ্রাহকেরা হিসাবের লেনদেনের বিষয়টি তাৎক্ষণিক মোবাইল ফোনে খুদে বার্তার মাধ্যমে জানতে পারছেন।

সার্বক্ষণিক সেবা প্রদানের জন্য ব্যাংকটির রয়েছে ২৪ ঘণ্টা কল সেন্টার। ১৬৫৯৬ নম্বরে ফোন করে গ্রাহকেরা যেকোনো সময় প্রয়োজনীয় ব্যাংকিং তথ্য জানতে পারছেন। ব্যাংকটির রয়েছে প্রি–পেইড কার্ড ও ক্রেডিট কার্ড–সুবিধাও। সবার মধ্যে ব্যাংকিং সেবা পৌঁছে দিতে চালু রয়েছে এজেন্ট ব্যাংকিং সুবিধা।

তা ছাড়া এই ব্যাংক মুঠোফোনে আর্থিক সেবা দেওয়া প্রতিষ্ঠান বিকাশ, নগদ, রকেটের সঙ্গে চুক্তি করেছে। মুঠোফোনেও গ্রাহকেরা পাবেন নানা সুবিধা। এর সঙ্গে সরকারের এটুআই প্রোগ্রামের সঙ্গে চুক্তির মাধ্যমে গ্রাহকেরা ‘একপে’ ওয়েব পোর্টালের মাধ্যমে সরকারের সব পরিষেবার বিল দিতে পারবেন।

মিডল্যান্ড ব্যাংক লিমিটেডের ১০ বছর পূর্তিতে সংশ্লিষ্ট সবাইকে কৃতজ্ঞতা জানিয়ে মো. আহসান-উজ জামান বলেন, ‘১০ বছরের পথচলায় যে আস্থা আমরা অর্জন করেছি, ভবিষ্যতে আমরা মানুষের পাশে থেকে কর্মিবান্ধব হয়ে দেশের অগ্রগতিতে ভূমিকা রাখতে চাই।’