মো. মেহমুদ হোসেন আবার আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। সম্প্রতি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৯৮৬তম সভায় সর্বসম্মতিক্রমে তাঁকে চেয়ারম্যান পুনর্নির্বাচিত করা হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইএফআইসি ব্যাংক এ তথ্য জানিয়েছে।
বাংলাদেশ ব্যাংক আইএফআইসি ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠনের পর গত ৪ সেপ্টেম্বর মো. মেহমুদ হোসেন স্বতন্ত্র পরিচালক হিসেবে এ ব্যাংকের পরিচালনা পর্ষদে যোগ দেন। পরবর্তী সময়ে ৮ সেপ্টেম্বর তিনি পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নির্বাচিত হন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মো. মেহমুদ হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে বিএসএস (অনার্স) ও মাস্টার ডিগ্রি অর্জন করেন। ১৯৮৪ সালে তিনি ব্যাংকিং পেশায় কর্মজীবন শুরু করেন। ব্যাংক ও আর্থিক খাতে তাঁর প্রায় চার দশকের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। মো. মেহমুদ হোসেন একাধিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে এক যুগের বেশি সময় দায়িত্ব পালন করেন।