ডলার-সংকট

ব্যাংকের দামে কেনাবেচা করছে কেন্দ্রীয় ব্যাংক

গত সোমবার প্রতি ডলারের দাম ধরা হয়েছে ১০৮ টাকা ৮৫ পয়সা। এর আগে কেন্দ্রীয় ব্যাংক প্রতি ডলারের দাম ধরত ১০৬ টাকা।

বাংলাদেশ ব্যাংক
ছবি: সংগৃহীত

এক ব্যাংক অন্য ব্যাংকের কাছে (আন্তব্যাংক) সর্বোচ্চ যে দামে ডলার বিক্রি করার ঘোষণা দিচ্ছে, সেই দামে বাংলাদেশ ব্যাংকও বৈদেশিক মুদ্রার রিজার্ভ বা মজুত থেকে ডলার বিক্রি শুরু করেছে। আবার আন্তব্যাংক লেনদেনে ডলারের সর্বনিম্ন যে দাম থাকবে, সেই দামে ব্যাংক থেকে ডলার কিনবে কেন্দ্রীয় ব্যাংক। এভাবে গত সোমবার ৫ কোটি ৪৫ লাখ ডলার বিক্রি করেছে বাংলাদেশ ব্যাংক। প্রতি ডলারের দাম ধরা হয়েছে ১০৮ টাকা ৮৫ পয়সা। সরকারি বিভিন্ন আমদানির দায় মেটাতে এই ডলার দেওয়া হয়েছে। এর আগে কেন্দ্রীয় ব্যাংক প্রতি ডলারের দাম ধরতো ১০৬ টাকা।

এর মাধ্যমে বাজারভিত্তিক ডলারের দামের যুগ শুরু হয়েছে বলে মনে করছে বাংলাদেশ ব্যাংক। ডলারের দাম বাজারভিত্তিক করার ব্যাপারে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের কাছ থেকে চাপ রয়েছে।

আন্তব্যাংকে ডলারের দাম নির্ধারণ করে বৈদেশিক মুদ্রা লেনদেনকারী ব্যাংকগুলোর সংগঠন বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশন (বাফেদা) ও ব্যাংকের শীর্ষ নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি)। তারা মূলত বাংলাদেশ ব্যাংকের পরামর্শে ডলারের দাম নির্ধারণ করে থাকে। এ জন্য এই দাম বাজারভিত্তিক নয় বলে মনে করেন অনেকেই।

ব্যাংকগুলো এখন ১০৮ টাকা ৫০ পয়সা দরে প্রবাসী আয় কিনছে। আর রপ্তানি আয় নগদায়নে দাম দিচ্ছে ১০৭ টাকা ৫০ পয়সা। আন্তব্যাংক পর্যায়ে ডলারের দাম সর্বোচ্চ ১০৯ টাকা হবে বলে ব্যাংকগুলোকে সোমবারই চিঠি দিয়ে জানিয়েছে এবিবি ও বাফেদা। সেই সঙ্গে তারা বলেছে, আমদানিতেও ডলারের দাম সর্বোচ্চ ১০৯ টাকা রাখতে পারবে।

আইএমএফের ঋণ অনুমোদনের অন্যতম শর্ত হলো ঋণের সুদহার ও ডলারের বিনিময় হার বাজারভিত্তিক করা। পাশাপাশি ব্যাংকগুলোর সব পর্যায়ে ডলার কেনার এক দর কার্যকর করা। চলতি জুলাই থেকে এক দর কার্যকরের কথা থাকলেও এখন তা আগামী সেপ্টেম্বরের পর কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এক দর মানে সব ক্ষেত্রে কেনায় এক দর, সব বিক্রিতে আরেক দর। এখন রপ্তানি ও প্রবাসী আয় কেনার ক্ষেত্রে ডলারের দাম পৃথক রয়েছে। সেপ্টেম্বর থেকে তা হবে এক।

জানা গেছে, সোমবার ডলার বিক্রির ফলে বাংলাদেশ ব্যাংকে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে ৩ হাজার ১১৯ কোটি ডলারে নেমেছে। এর আগে ২০২১ সালের আগস্টে রিজার্ভ ৪ হাজার ৮০০ কোটি ডলার ছাড়িয়েছিল। বাজারে সংকটের কারণে কেন্দ্রীয় ব্যাংক প্রতিনিয়ত ডলার বিক্রি করছে। এতে রিজার্ভ কমছে। ২০২১-২২ অর্থবছরে বিক্রি করা হয় ৭৬২ কোটি ডলার। অথচ বিদায়ী ২০২২-২৩ অর্থবছরে রিজার্ভ থেকে বিক্রি করা হয়েছে ১ হাজার ৩৫৮ কোটি ডলার।

গত বছর রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পর থেকে শুরু হওয়া ডলার–সংকট এখনো কাটেনি। বাংলাদেশ ব্যাংক ও সরকারের নানা উদ্যোগে আমদানি চাপ কিছুটা কমেছে, এই যা। এরপরও সংকট কাটছে না। ব্যবসায়ীরা চাহিদামতো ঋণপত্র খুলতে পারছেন না। কারণ, পুরোনো আমদানি দায় এখনো বকেয়া রয়ে গেছে। এ নিয়ে কেন্দ্রীয় ব্যাংকে অনেক অভিযোগ জমা পড়েছে। এদিকে বিদেশি ব্যাংকগুলো সময়মতো পাওনা অর্থ না পেয়ে অনেক ব্যাংকের ঋণসীমা কমিয়ে দিচ্ছে।